১২:৩২ পি.এম
জুলাই বিপ্লবে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হচ্ছে।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে, যার মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
এর আগে, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২ বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে ওই আদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এর পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আদালত আসামিদের আবেদনটি খারিজ করে দেন।
আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী
বর্তমানে এই মামলায় পাঁচজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
অন্যদিকে, হাছান মাহমুদসহ পলাতক অপর ১৭ আসামি হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন