১২:৩৩ পি.এম
আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার রেলপথ চালুর মাধ্যমে বাংলাদেশে রেলওয়ের যাত্রা শুরু হয়েছিল। এই হিসাব অনুযায়ী, আজ (১৫ নভেম্বর) দেশের রেল যোগাযোগের ১৬৪ বছর পূর্ণ হলো।
ব্রিটিশ শাসনামলে পূর্ববঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৮৫৩ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরুর প্রায় এক দশক পর ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয়।
দীর্ঘকাল ধরে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা না হলেও, ২০২০ সাল থেকে বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর ১৫ নভেম্বর রেল দিবস উদযাপন করছে। প্রথমবার দিবসটি পালিত হয়েছিল রেলওয়ের ১৫৮ বছর পূর্তিতে। ওই বছর রাজধানীর রেল ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
দিবসটি উপলক্ষে আজ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রাজধানীর রেল ভবন, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা এবং যাত্রীসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপদ রেল ভ্রমণের বার্তা দেওয়া হচ্ছে।
বর্তমানে বিভিন্ন বড় প্রকল্পের মাধ্যমে দেশের রেল যোগাযোগব্যবস্থার পরিধি বাড়ানো হচ্ছে। তবে যাত্রীদের প্রত্যাশা, রেল দিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি টিকিটের কালোবাজারি বন্ধ করা, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন