ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় তুলার গোডাউনে আগুন


ভালুকায় তুলার গোডাউনে আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজারসংলগ্ন ‘বিল্লাল এন্টারপ্রাইজ’ নামে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

এ ঘটনা রবিবার (১৪ জুন) রাত ১১টার দিকে ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন যে, এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গোডাউনের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

প্রত্যক্ষদর্শী লিলি আক্তার বলেন, ‘রাত ১১টার দিকে বাইরে বের হয়ে দেখি আগুন লেগেছে। গোডাউনের পেছনের দিক থেকে আগুন দেখা যাচ্ছিল। পরে আশপাশের লোকজন এসে দেখে পেছনের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুনে পুড়ে তুলার গোডাউন ছাই হয়ে গেছে।’

আরেক প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বলেন, ‘পেছনের দিক থেকে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগার সময় আমরা সবাই দোকানের সামনে খেলা দেখছিলাম। পরে একজন খবর দিলে এসে দেখি পেছনের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিল্লাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বিল্লাহ হোসেনও পূর্বশত্রুতার জেরে কেউ গোডাউনের পেছনের দিক থেকে আগুন দিয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার এই গোডাউনে কোনো বিদ্যুৎ–সংযোগ নেই। এখানে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমাদের জানা নেই।’ তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী

নির্যাতনের শিকার নারী ও শিশুর জন্য দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে, এ পর্যন্ত মোট ৪১ হাজার ৫৫৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করা হয়েছে। এই কাজটি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি থেকে সম্পন্ন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এসব বিষয় সম্পর্কে কথা বলেছেন।

সোমবার, জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী সংসদে জানিয়েছেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন জোরালো পদক্ষেপ নিয়ে তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে চলেছে। এর আগে, সরকার দলীয় সংসদ সদস্য সেলিমা রহমান দেশে দীর্ঘদিন যাবৎ চলে আসা শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠিন পদক্ষেপ নেয়ার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

মন্ত্রী আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬ সংসদের ১ম অধিবেশনে পাস করা হয়েছে এবং এখন থেকে শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধগুলোর বিচার এই নতুন আইন অনুযায়ী পরিচালিত হবে। অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইন ২০১৪-এর বিধান অনুযায়ী ডিএনএ পরীক্ষা করা বাধ্যতামূলক।

এছাড়া, ২০২৫ সালের বিশেষ সংশোধনীর মাধ্যমে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে অধিকতর গতিশীল ও দ্রুততর করা হয়েছে। এতে অভিযোগ গঠনের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার কঠোর বিধান সংযোজিত হয়েছে।

নারী ও শিশুর সার্বিক সুরক্ষার নিমিত্তে সরকারের বিভিন্ন আইন, বিধিমালা, নীতিমালা এবং কর্মপরিকল্পনা প্রণয়নের একটি চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় নারী নীতি ২০১১, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইন ২০১৪ ও বিধিমালা ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুদের তাৎক্ষণিক সেবা দেয়ার পরিধি বাড়াতে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে। বর্তমানে চালু থাকা ১৪টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে নারী ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা, পুলিশি ও মনোসামাজিক কাউন্সেলিং, পুনর্বাসন, সামাজিক পুনঃএকত্রীকরণ এবং আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই সেবার আওতায় ইতোমধ্যে ৮২ হাজার ৬৭৮ জন সেবা পেয়েছেন।

এছাড়া, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যায়ক্রমে ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৫২৩ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে প্রয়োজনীয় সেবা দেয়া হয়েছে। পাশাপাশি, তাৎক্ষণিক ২৪ ঘণ্টা সেবাদানকারী ন্যাশনাল হেল্পলাইন সেন্টার-১০৯ (টোল ফ্রি)-এর মাধ্যমে এ পর্যন্ত রেকর্ডসংখ্যক ৮৮ লাখ ৪৬ হাজার ৯৪০ জন নারী ও শিশুকে বিভিন্ন ধরনের জরুরি সেবা দেয়া সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকায় ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং ৩৭টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের মাধ্যমে সেবা প্রসারিত করা হচ্ছে। বর্তমানে ন্যাশনাল ও ৮টি রিজিওনাল সেন্টার থেকে মোট ৩৮ হাজার ৬১ জন নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সেলিং সেবা দেয়া হয়েছে। এখানে সারভাইভারদের পরিবার এবং সংশ্লিষ্ট সবাইকে তথ্য, আইনি পরামর্শ, উদ্ধার, বাল্যবিবাহ বন্ধসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ বাসা থেকে তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


নিজ বাসা থেকে তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় টেলিভিশনের জগত আবারও একটি নক্ষত্রপতনের সাক্ষী হলো। মাত্র ২২ বছর বয়সে জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগাল জীবনের যুদ্ধ থামিয়ে দিলেন। রবিবার, ১৪ জুন, মুম্বাইয়ের নালাসোয়ারা পূর্ব এলাকায় তার নিজ আবাসন থেকেই উদ্ধার হয়েছে তার ঝুলন্ত মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তরুণী অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলিভিশন এবং বিনোদন জগতে।

পুলিশের সূত্রমতে, ঘটনাটি ঘটেছে নালাসোয়ারা পূর্বের আচোলে গ্রামের সাঁই সন্তোষী বিল্ডিংয়ে সঞ্চিতার নিজ বাসভবনে। আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সঞ্চিতা নিজের শোবার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করেন। এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। দীর্ঘ সময় ধরে সাড়াশব্দ না পেলে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং সোজা ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিনেত্রীর বাবা মাচ্ছিন্দ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সোমবার, ১৫ জুন, আচোলে থানায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস)-এর ১৯৪ ধারা অনুযায়ী অপমৃত্যুর (এডিআর) মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানাচ্ছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কেন এই চরম পদক্ষেপ নিলেন ২২ বছর বয়সী এই প্রতিভাবান অভিনেত্রী, তা এখনও স্পষ্ট নয়। তবে পারিবারিক বা পেশাগত মানসিক অবসাদ এর পিছনে নিহিত কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিনোদন দুনিয়ায় কিছু অল্প সময়ের মধ্যে নিজের জায়গা শক্ত করছিলেন সঞ্চিতা। টেলিভিশনের পাশাপাশি ওটিটি এবং বড় পর্দাতেও কাজ শুরু করেছিলেন তিনি। জি টিভির অন্যতম দীর্ঘমেয়াদি সফল ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে স্থান করে নিয়েছিলেন। সেইসঙ্গে ‘ওয়াগলে কি দুনিয়া’ ধারাবাহিকেও ‘রুচিতা জেইটলি’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। পরবর্তী সময়ে দঙ্গল টিভির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ধারাবাহিকে সোরাব বেদীর বিপরীতে ‘সুকুন’ চরিত্রে মূল নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। ছোট পর্দার বাইরেও, মনোজ বাজপেয়ী অভিনীত ওটিটি ফিল্ম ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক ছবি ‘ছাবা’-তে তারারানীর অল্পবয়সী চরিত্রে তার অভিনয় প্রশংসনীয় ছিল।

ক্যারিয়ারের সফলতার মাঝেই এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সহকর্মী এবং অনুরাগীরা। পুলিশ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মান্দায় আজ সন্ধ্যায় মাদকসেবিদের আস্তানায় পুলিশের হানা, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


নওগাঁ মান্দায় আজ সন্ধ্যায় মাদকসেবিদের আস্তানায় পুলিশের হানা, মাদক সেবনের উপকরণসহ ৬ জন গ্রেফতার

আজ ১৫/০৬/২৬ ইং ১৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদে পাওয়া যায় মান্দা থানাধীন ৪ নং মান্দা ইউনিয়নের অন্তর্গত কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন জনৈক মোঃ শাহিন আলম এর নির্মাণাধীন ভবনের ছাদের উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাজা সেবন করিতেছে।

পুলিশ সেখানে অভিযান করে ৬ জন মাদকসেবী আসামী ১। মোঃ শাহিন আলম (৩৬), পিতা- মোঃ মনতাজ মোল্লা, সাং- কোচড়া বাদলঘাটা, ২। মোঃ গোলাম রাব্বি(২০), পিতা- মোঃ আব্দুর জব্বার, ৩। মোঃ লিটন বাবু(১৭), পিতা- মোঃ ফয়জুল, ৪। মোঃ আরমান রানা(১৮), পিতা- মোঃ কামিজ উদ্দিন, ৫। মোঃ আবু তাহের(২১), পিতা- মোঃ আক্কাস আলী ৬। মোঃ মেহেদী হাসান(২৩), পিতা মোঃ জালাল উদ্দিন, সর্ব সাং- বাদলঘাটা মৎস্যজীবী পাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁগন কে সাক্ষীদের উপস্থিতিতে মাদক সেবনরত অবস্থায় একই তারিখ ১৯.২০ ঘটিকার সময়ে আটক করা হয়।

সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ কালে তাহারা অবৈধ মাদকদ্রব্য গাজা সেবন করিয়াছে মর্মে স্বীকার করে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন এবং গণহত্যার অন্তত ১০টি মামলার তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপক্ষ তাকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এবং ইন্টারপোলের মাধ্যমে আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়াও শুরু করেছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তার, তার বিরুদ্ধে মামলার সংখ্যা, ধরন এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুম এবং সাবেক আইজিপি বাহারুল ইসলামও এই আইনি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

আমিনুল ইসলাম বলেন, 'তার (বেনজীর) বিরুদ্ধে আমাদের এখানে প্রায় ১০টির মতো মামলা রয়েছে এবং আমরা ইনভেস্টিগেশন করে যাচ্ছি। প্রত্যেকটার সাথে তার কানেকশন রয়েছে। তিনি যখন র‍্যাবের প্রধান ছিলেন, তখন গুমের সাথে যেগুলো মামলা রয়েছে, সেগুলো অলরেডি চলমান।'

বেনজীরকে শাপলা চত্বরের ঘটনার ‘অন্যতম কুশীলব’ হিসেবে উল্লেখ করে আমিনুল বলেন, 'তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে আছে। চট্টগ্রামের একরাম কমিশনার হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। এছাড়া আরও অন্তত ৭ থেকে ১০টি মামলার তদন্ত চলমান রয়েছে, যেগুলোর প্রত্যেকটার সাথে তার সরাসরি সম্পৃক্ততা আছে।'

আমিনুল দাবি করেন, বেনজীর 'অসংখ্য হত্যাকাণ্ডে' জড়িত ছিলেন, তিনি র‍্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। পুলিশ প্রতিষ্ঠানের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি অসংখ্য অপরাধের সাথে জড়িত ছিলেন।

ট্রাইব্যুনালের তরফে জানানো হয় যে, সাবেক আইজিপিকে ফিরিয়ে আনতে ট্রাইব্যুনালের ওয়ারেন্টের কপি ইতোমধ্যে পুলিশের বিশেষ শাখা এনসিবিতে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, 'আমরা চিঠি দেব। ইতোমধ্যে আমরা সরকারের কাছে আমাদের ওয়ারেন্টগুলোর কপি দিয়েছি। আমরা এ ব্যাপারে বিশ্বাস করি যে আমাদের সরকারের পুলিশের এক সংস্থা রয়েছে, যার মাধ্যমে রেড নোটিস বা কালার কোডের নোটিস পাঠানো হয়। আমরা ইতোমধ্যে আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়েছি।'

তিনি যোগ করেন, 'আমরা চিঠিটা পাঠাব আমাদের তদন্ত সংস্থা থেকে এনসিবিকে, সেখানে থেকে তা সংশ্লিষ্ট ইন্টারপোলে যাবে।'

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজীর। তিনি ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক ছিলেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। তবে ২০২৪ সালের মার্চে সংবাদপত্রে তার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে আদালত বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়।

এরপর দুর্নীতি দমন কমিশন বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে এক ডজনের বেশি দুর্নীতির মামলা করেছে। এর সাথে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে।

এতসব অভিযোগ মাথায় রেখে বিদেশে পালিয়ে থাকা সাবেক এই পুলিশ প্রধানকে ধরতে ২০২৫ সালের ২২ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন যে, সেই রেড নোটিসের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। মন্ত্রী আরও জানান, দুবাইয়ের এনসিবির সঙ্গে সমন্বয় করে 'অতি দ্রুতই' তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে সাবেক আইজিপি বাহারুল ইসলাম এনসিবির কর্মপদ্ধতি ব্যাখ্যা করে বলেন, “রেড নোটিস আসলে ইন্টারপোলের একটি ফাংশন। আমাদের এখানে একটা ব্যুরো আছে, এটাকে বলে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, এনসিবি। এটি পরিচালনা করেন পুলিশের লোকেরা। কিন্তু কমিউনিকেশনগুলো হয় সব ইন্টারপোলের সাথে। তাই আমরা এখান থেকেই আসলে রেড নোটিসের আবেদনগুলো পাঠাই ইন্টারপোলের হেডকোয়ার্টারে।'

বাহারুল ইসলাম আরও বলেন, 'ইন্টারপোলের কাজ শেষ। এর পর ওইটার প্রেক্ষিতে আরব আমিরাতের ইন্টারপোলের শাখা স্থানীয় পুলিশ, মানে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এর আগেও আরব আমিরাত থেকে খুনের মামলার আসামি আনা হয়েছিল। সেখানে পুলিশ আমাদের জানিয়েছে এবং বাংলাদেশে তাকে নিয়ে আসতে সিআইডির পুলিশ অফিসার গেছেন।'

সাবেক আইজিপি বাহারুল ইসলাম বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো বন্দিবিনিময় চুক্তি নেই। তবে কূটনৈতিক চ্যানেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথেষ্ট সময় আগে আমাদের ওয়ারেন্টগুলো দিয়ে আবেদনের জন্য এসেছি। তারা ৩০ দিনের মধ্যে আমাদের অতিরিক্ত তথ্য চেয়েছেন।'

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার পর ট্রাইব্যুনালে হাজির ও রিমান্ডের প্রস্তুতি রয়েছে বলে জানান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, 'তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করবে।'

সূত্র: বিডিনিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%