ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গ্রিসে এক দিনে ২ হাজার ২৭ অভিবাসী প্রবেশ


গ্রিসে এক দিনে ২ হাজার ২৭ অভিবাসী প্রবেশ

বৈরী আবহাওয়ার মধ্যেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২ হাজার ২৭ জন অনিয়মিত অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছেছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০২৬ সালে এক দিনে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের এটিই সর্বোচ্চ সংখ্যা।

গ্রিসের সংবাদমাধ্যম কাঠিমেরিনির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক দিনের বিরতির পর গত বৃহস্পতিবার থেকে পূর্ব লিবিয়া উপকূল হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ক্রিট দ্বীপে আসার সংখ্যা আবার বাড়তে শুরু করে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

গ্রিসের অভিবাসনবিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস এই ঘটনাকে চলতি বছরের সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশী আগমনের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি ধারণা করছেন, আরো কয়েক শ মানুষ দ্বীপটির দিকে এগিয়ে আসছেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, আরও প্রায় ৬০০ অভিবাসনপ্রত্যাশী ক্রিটের দিকে আসছেন। অন্যদিকে রবিবার গ্রিসের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।

এদিকে আগামীকাল সোমবারের মধ্যে বৈরী আবহাওয়া ক্রিটেও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন। একই সময়ে সমুদ্র ও স্থলপথে গ্রিসে প্রবেশ করেছেন অন্তত ৪১ হাজার অভিবাসনপ্রত্যাশী।

আরও পড়ুন: শিক্ষা কমিশন গঠনের তাগিদ দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুদকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


বরগুনার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুদকের মামলা

বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। মামলাটি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার অভিযোগে করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী দুদক কার্যালয়ে দাখিল করা সম্পদ ও আয় বিবরণীতে জাহাঙ্গীর কবির তার মোট আয় ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা হিসেবে উল্লেখ করেছেন। একই বিবরণীতে তার মোট ব্যয়ের পরিমাণ ৩৫ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা দেখানো হয়েছে।

তথ্য যাচাই-বাছাই এবং অনুসন্ধানের পর দুদক তার নামে দায়-দেনা বাদে মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায়। অন্যদিকে, বৈধ আয়ের উৎস থেকে তার সঞ্চয়ের পরিমাণ ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬২৩ টাকা পাওয়া যায়।

দুদকের হিসাব অনুযায়ী, বৈধ সঞ্চয়ের তুলনায় তার অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকা বেশি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি এই অতিরিক্ত সম্পদ অর্জনের পক্ষে গ্রহণযোগ্য ও সন্তোষজনক কোনো বৈধ আয়ের উৎস বা প্রমাণ দেখাতে পারেননি।

এজাহারে আরও বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার বাদী তাপস বিশ্বাস বলেন, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বৈধ আয়বহির্ভূত ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এই সম্পদের পক্ষে তিনি উপযুক্ত কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি। তাই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন রুহুল আমিন পাটোয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


চাঁদপুরে ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন রুহুল আমিন পাটোয়ারী

চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারে অবস্থিত ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা ভবনের নির্মাণস্থল এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের উদ্দেশ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন পাটোয়ারী। গত ২৭ নভেম্বর (শুক্রবার) বিদ্যালয় প্রাঙ্গণে এসে তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেন।

চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়ার কৃতি সন্তান আলহাজ্ব রুহুল আমিন পাটোয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের পিতা। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের জন্য প্রস্তাবিত ৬ তলা ভবনের নকশা, স্থান এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ পাটোয়ারীর ভাতিজা ও বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক এএমডি সাইফুর রহমান আজাদ পাটোয়ারী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান পাটোয়ারী (বাপ্পি), অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনের শেষে অতিথিরা বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি ও শুভানুধ্যায়ীর প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে কওমি সংগঠনের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


চাঁদপুরে কওমি সংগঠনের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনাদর্শ ও শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজন করা হয়। এই সম্মেলনের কার্যক্রম চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর সদরের ঐতিহাসিক হাসান আলী হাইস্কুল মাঠে শুরু হয়।

সম্মেলনে বক্তারা কওমি মাদরাসাগুলোর ঐতিহাসিক ভূমিকা ও দ্বীনি শিক্ষার অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, "দারুল উলুম দেওবন্দের উশুল ও আদর্শে পরিচালিত কওমি মাদরাসাগুলো যুগে যুগে ইসলামের বিশুদ্ধ আকীদা, সঠিক পথ ও নববী আদর্শ মানুষের সামনে তুলে ধরছে।" পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, হাদিস চর্চা, ইলমে নববীর প্রচার-প্রসার এবং সমাজে নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় কওমি মাদরাসাগুলোর অবদান আজকের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সীরাত বা জীবনী কেবল পাঠের বিষয় নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত।

এই সীরাতুন্নবী (সা.) সম্মেলনটি কওমি সংগঠন চাঁদপুর জেলা সভাপতি মুফতি আবু সাঈদ (দা. বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান দ্বীনি বয়ান পেশ করেনÑআল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, শায়খুল হাদিস, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম; আল্লামা ডক্টর নূরুল আবসার, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম; মাওলানা আনিসুর রহমান আশরাফি, মুহতামিম, মাদরাসায়ে দারুল উলুম, ময়নামতি, কুমিল্লা; মাওলানা মুফতি নোমান কাসেমী, মুহতামিম, আল-মারকাজুল হানাফি বাংলাদেশ, ঢাকা; মাওলানা ইউসুফ বিন ইকবাল, নায়েবে মুহতামিম, রিয়াজুল জান্নাহ আল-ইসলামিয়া মাদরাসা, ব্রাহ্মণবাড়িয়া।

এছাড়া জেলার বরেণ্য স্থানীয় আলেম-ওলামাগণ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং নসিহতমূলক বয়ান করেন। সম্মেলনে চাঁদপুর ও আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে শরিক হন। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদগাঁও সপ্রাবিতে ৫ম শ্রেণির বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


ঈদগাঁও সপ্রাবিতে ৫ম শ্রেণির বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার্থীদের বিদায় এবং ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি সভাপতি শওকত উসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদুল জন্নাত, প্রধান শিক্ষক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, কামাল হোসেন, সদস্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি, গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ফারুক আহমদ, সহ-সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি, শাব্বির আহমদ, প্রধান শিক্ষক, উত্তর লরাবাক সিকদার পাড়া সপ্রাবি, এমরান আলী চৌধুরী, প্রধান শিক্ষক, মোহনবিলা সপ্রাবি, রফিকুল ইসলাম, সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি, ইফ্ফাত সানিয়া, সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি, তসলিমা আকতার, এমইউপি, জালালাবাদ ১, ২ ও ৩ নং ওয়ার্ড, মোহাম্মদ ছৈয়দ, নুর প্রধান শিক্ষক (ভারঃ), মাইজ পাড়া সপ্রাবি।

স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক বদিউর রহমান। অনুষ্ঠানের উপস্থাপনাসহ ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মামুন অর রশীদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%