০৭:১৮ পি.এম
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফ থেকে দেশে বড় বড় আলেম তৈরি হচ্ছেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারসহ ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে আসছে এ দরবার। ইসলামের দাওয়াত প্রচারে ছারছীনা দরবারের অবদান অপরিসীম।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে যোহরের নামাজের আগে নেছারাবাদের ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ছারছীনা দরবার শরীফ একটি হক্কানি দরবার। এ দরবারের প্রতি আমাদের সবার শ্রদ্ধা, ভক্তি ও হৃদয়ের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় কাজে শত ব্যস্ততার মধ্যেও তাই মাহফিলে ছুটে আসতে হয়েছে। দরবারের মাহফিলে এসে হৃদয় জুড়িয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি বলেন, এ প্রিয় মাতৃভূমি আমাদের সবার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মহান আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি, সে জন্য দোয়া করতে হবে।
এ সময় বর্তমান সরকার অন্যায় ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সরকারের এ কার্যক্রমের সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন