০৭:২৬ পি.এম
ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যার মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আদালত তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রোববার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ নির্দেশনা প্রদান করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, প্রথম ও দ্বিতীয় দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
আরও পড়ুন: আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা প্রশাসক সাখাওয়াতের
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, পূর্বে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ডে সাঈদ খোকনকে ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে তিনি নীরব থাকেন।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে কাজ করেছেন। তার নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তার নির্দেশে ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। সরকারের পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার এখনো যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও পুলিশের দাবি।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনার ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তার দেওয়া সাংঘর্ষিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আসামির পুনরায় পাঁচ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা
গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় আসামির সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে দ্বিতীয় দফায় গত ২৪ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন