প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অক্টোবর মাসটি ভারতের রাজনৈতিক পরিস্থিতির জন্য ছিল অত্যন্ত উত্তাল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং বিরোধী দলগুলো দেশজুড়ে বিক্ষোভ করেছে, অভিযোগ উঠেছে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার। একই মাসে দেশে দীপাবলি ও দশেরার মতো দুটি বড় উৎসব উদ্যাপিত হয়েছে।
তবে উৎসবের আনন্দ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ঘৃণার বিস্তার থেমে থাকেনি। অক্টোবর মাসজুড়ে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ এবং উসকানিমূলক বক্তব্য অব্যাহত ছিল। সিয়াসাত ডটকমের পর্যবেক্ষণে দেখা যায়, ওই মাসে সারা দেশে ৬৭টি ধর্মীয় সংঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে তেলেঙ্গানাতে ১৩টি ঘটনা ঘটেছে।
এই ৬৭টি ঘটনার মধ্যে অন্তত ৩৭টি মুসলিমদের বিরুদ্ধে, ১২টি দলিতদের বিরুদ্ধে এবং ৫টি খ্রিষ্টানদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে। হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে ৩টি বিদ্বেষমূলক ঘটনার পাশাপাশি আরও ১০টি ঘটনা শনাক্ত করা হয়েছে, যেগুলো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল।
মসজিদ ভাঙা, আজান ও দ্বিমুখী নীতি
অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে মসজিদ আংশিক বা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসব স্থাপনাগুলো অবৈধভাবে দখল করা জমিতে নির্মিত ছিল। একটি ক্ষেত্রে ‘জাতীয় নিরাপত্তার’ অজুহাত দেখানো হয়েছে।
দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ১০০ বছরেরও বেশি পুরোনো ‘রেস কোর্স মসজিদ’টিকে কেন্দ্রীয় সরকার ‘জাতীয় ঝুঁকিপূর্ণ এলাকায়’ অবস্থিত বলে ঘোষণা করার পর সেটি ভেঙে ফেলার মুখে পড়ে। মসজিদের ইমাম মোহাম্মদ হারুন জানান, মসজিদের পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তাঁকে সাত দিনের মধ্যে জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে দিল্লি হাইকোর্টে বিচারাধীন। উত্তরাখণ্ডে বজরং দলের সমর্থকেরা একটি মসজিদের সংস্কারকাজ বন্ধ করে দেয়, তাদের দাবি ছিল মসজিদটি অবৈধ জমিতে নির্মিত।
এমনকি নামাজের আহ্বান বা আজান দেওয়ার কারণে কারাবরণের ঘটনা ঘটেছে। ১১ অক্টোবর উত্তর প্রদেশের বিজনৌরের একটি মসজিদে জোহরের আজান দিয়েছিলেন মোহাম্মদ ফয়জান নামের এক ব্যক্তি। এ অপরাধে তাঁকে ১৪ দিন জেল খাটতে হয়। স্থানীয় পুলিশ সুপার (এসপি) কৃষাণ কুমার বিষ্ণোই একটি জনসভায় যাওয়ার পথে ওই আজান শুনতে পান। এরপর তিনি পুলিশ সদস্যদের মসজিদটি তল্লাশির নির্দেশ দেন এবং নির্ধারিত মাত্রার চেয়ে জোরে মাইক বাজানোর অভিযোগে লাউডস্পিকারটি জব্দ করা হয়।
অথচ অস্ত্র হাতে মিছিলকারীদের ক্ষেত্রে প্রশাসনের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রদেশের দামোহ জেলায় উগ্র হিন্দুত্ববাদী সমর্থকদের একটি বড় দল জামে মসজিদের সামনে জড়ো হয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়, তলোয়ার উঁচিয়ে মহড়া দেয় এবং ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু এ ঘটনায় কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
বয়কটের ডাক ও সরকারি সুবিধা থেকে বঞ্চনা
উৎসবের মৌসুমে মুসলিম ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে বয়কট করার প্রকাশ্য আহ্বানও শোনা গেছে। মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে হিন্দুদের প্রতি আহ্বান জানান, তারা যেন আতশবাজিসহ দীপাবলির সব কেনাকাটা কেবল হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকেই করে। ক্রেতারা যাতে বিক্রেতাদের চিনতে পারেন, সে জন্য তিনি দোকানদারদের কপালে তিলক পরারও পরামর্শ দেন।
২৭ অক্টোবর বার্তা সংস্থা আইএএনএস-কে রানে বলেন, “আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাব, দীপাবলির কেনাকাটা করার সময় আপনারা কেবল সেইসব দোকানদারের কাছ থেকেই পণ্য কিনবেন, যারা ‘জয় শ্রী রাম’ বলে, কপালে তিলক পরে এবং হনুমান চালিসা বা মহা আরতি পাঠ করতে জানে।”
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মুসলিম-বিদ্বেষী শুভেন্দু অধিকারীকে রাজ্য পরিচালনার চেয়ে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ এবং ধর্মান্তরের মতো বিষয়গুলো নিয়েই বেশি সোচ্চার দেখা গেছে। ‘লাভ জিহাদ’ কোনো আইনি পরিভাষা নয়, বরং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর তৈরি একটি শব্দ—যার মাধ্যমে মিথ্যা প্রচার চালানো হয় যে মুসলিম পুরুষেরা হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ধর্মান্তরিত করছে। অধিকারী বলেন, “এই সরকার এখানে কোনো ধরনের দেশবিরোধী কার্যকলাপ বরদাশত করবে না।”
পশ্চিমবঙ্গেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিধায়ক তাঁর এলাকার মুসলিম নারীদের সাহায্য করতে সরাসরি অস্বীকৃতি জানান; কারণ হিসেবে তিনি বলেন, ওই নারীরা তাঁকে ভোট দেননি। স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানার কাছে কয়েকজন নারী জানতে গিয়েছিলেন, কেন তাঁরা ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের আওতায় প্রতিশ্রুত মাসে ৩ হাজার রুপি পাচ্ছেন না। ভুক্তভোগী রেশমা বিবি বলেন, “আমরা তাঁর কাছে অন্নপূর্ণার টাকার বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাদের বলেন, আগে হিন্দু নারীরা টাকা পাবেন, মুসলিম নারীরা পাবেন পরে।”
রেশমা বিবি আরও বলেন, “আমরা এতটাই অপমানিত বোধ করেছিলাম যে সেদিন মুখে খাবার তুলতে পারিনি। পুরো পাড়ার মানুষ সেদিন না খেয়ে ছিল।”
অন্যদিকে, মধ্যপ্রদেশের সংসদ সদস্য গজেন্দ্র সিং প্যাটেল হিন্দু তরুণদের বিয়ে করে পাঁচটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, বর্তমানে জন্ম নেওয়া প্রতি চারটি শিশুর মধ্যে মাত্র একটি হিন্দু এবং বাকি তিনটি ‘অন্য সম্প্রদায়ের’—যা স্পষ্টতই মুসলিমদের ইঙ্গিত করে বলা হয়েছে।
ভোটার তালিকা থেকে নাম ছাঁটাই
ভোটার তালিকা নিয়ে চলমান বিতর্কেও তীব্র সাম্প্রদায়িক রূপ দেখা গেছে। কর্ণাটক ও দিল্লিতে ‘ফর্ম ৭’ (ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনপত্র) ব্যবহার করে গণহারে মুসলিম ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।
কর্ণাটকের বেলাগাভি উত্তর নির্বাচনী এলাকার বেশ কয়েকজন বুথ-লেভেল অফিসার (বিএলও) জানিয়েছেন, মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একগুচ্ছ ‘ফর্ম ৭’-এ স্বাক্ষর করতে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ফর্মগুলোতে ভোটারদের তথ্য আগে থেকেই ছাপানো ছিল, কিন্তু যিনি আপত্তি জানাচ্ছেন তাঁর তথ্য হাতে লেখা ছিল অথবা একেবারেই ফাঁকা রাখা হয়েছিল।
১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বুথ-লেভেল এজেন্ট (বিএলএ) যখন একটি মাত্র বুথে জমা পড়া প্রায় ৩৮০টি নাম বাতিলের আবেদনের মধ্যে নিজের, নিজের ভাইয়ের, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নাম দেখতে পান, তখন এই কারসাজির ব্যাপকতা স্পষ্ট হয়ে ওঠে।
দিল্লির মুস্তাফাবাদেও ‘ফর্ম ৭’-এর মাধ্যমে ২৮ জন মুসলিম বাসিন্দাকে মৃত অথবা এলাকা ছেড়ে চলে গেছেন বলে দেখানো হয়েছে, যদিও তাঁরা এখনো আগের ঠিকানাতেই বসবাস করছেন। তাঁদের মধ্যে অন্তত ১৯ জনের কাছে সেখানে বসবাসের বৈধ কাগজপত্র রয়েছে।
দলিত ও খ্রিষ্টানদের ওপর নিপীড়ন
অক্টোবর মাসে দলিতদের বিরুদ্ধে ১২টি এবং খ্রিষ্টানদের বিরুদ্ধে ৫টি অপরাধের ঘটনা নথিভুক্ত করেছে সিয়াসাত ডটকম।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনা ধারাবাহিকভাবে বেড়েছে। ১৩ মে থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যটিতে এ ধরনের অন্তত ৬০টি ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলায় বজরং দলের কর্মীরা তিনটি খ্রিষ্টান পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ধর্মান্তরিত হতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের কাছে গেলে পরিবারগুলোকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।
খ্রিষ্টান অধ্যুষিত রাজ্য ঝাড়খণ্ডে ফাদার বেনেডিক্ট বারলাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি খুঁটি জেলার আরসি বয়েজ মিডল স্কুলের অধ্যক্ষ ছিলেন এবং সেন্ট মাইকেলস ক্যাথেড্রালের সঙ্গে যুক্ত ছিলেন। ২১ অক্টোবর অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাঁকে হত্যা করে।
তেলেঙ্গানার রাজন্না সিরসিলা জেলায় সৈয়দ জুবাইর (২৮) নামের এক যুবকের মোটরসাইকেলে লিফট নিতে গিয়ে দুঃস্বপ্নের মুখে পড়েন এক আদিবাসী নারী। ওই যুবক তাঁর ফোন নম্বর জোগাড় করে তাঁকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং বিয়ের জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় সে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়।
তামিলনাড়ুতে জাতপাতের বৈষম্য কেড়ে নিয়েছে এক কিশোরের প্রাণ। শ্রেণিকক্ষে গরুর মাংস খাওয়া নিয়ে আলোচনার জেরে সহপাঠীদের বুলিং ও জাতিগত বিদ্রূপের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক দলিত কিশোর আত্মহত্যা করেছে। ২১ অক্টোবর সকালে সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও বাড়ি ফিরে আসে। গৃহকর্মী মা কাজ থেকে ফিরে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ছেলেটির বাবা স্কুল ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “ও বড় হয়ে উকিল হতে চেয়েছিল।”
দৈনন্দিন নিষ্ঠুরতার আরও কিছু চিত্র সামনে এসেছে। উত্তর প্রদেশে রানী দেবী নামের এক দলিত নারীকে চিকিৎসা দিতে এক নার্স অস্বীকৃতি জানালে তিনি সরকারি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করতে বাধ্য হন। তাঁর ছোট ভাই ও মা একটি ছোট কাপড় ধরে রেখে কোনোমতে তাঁর আব্রু রক্ষা করেন।
এ ছাড়া ২৯ অক্টোবর ২৫ বছর বয়সী এক দলিত যুবক আত্মহত্যা করেন। তাঁর পরিবারের অভিযোগ, রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (রিমস)-এর কর্মী ও স্থানীয় পুলিশের দুর্ব্যবহারের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
সামগ্রিক চিত্র
পুরো মাসের ঘটনাপ্রবাহ একত্র করলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। মসজিদ ভেঙে ফেলা, উৎসবের সময় মুসলিম ব্যবসায়ীদের বয়কটের ডাক, গোপনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অপচেষ্টা এবং দলিতদের ওপর সহিংসতা—বারবার দোকানপাট, সরকারি দপ্তর, ভোটকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সাধারণ জায়গাগুলো সংখ্যালঘুদের জন্য রুদ্ধ করে দেওয়া হয়েছে।
আর বারবারই এসব ঘটনার পেছনের মূল হোতারা আইনের হাত থেকে পার পেয়ে গেছে, কিংবা তাদের বিরুদ্ধে নামমাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন