০৮:১১ পি.এম
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা থাকলেও পানি ও সেচ সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে জমিতে প্রয়োজনীয় পানি সরবরাহ করতে না পারায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকদের মতে, আধুনিক কৃষিপদ্ধতির প্রশিক্ষণের পাশাপাশি সেচব্যবস্থার উন্নয়ন ও পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সন্দ্বীপ উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সন্দ্বীপের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প পরিচালক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগের অর্থ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. মো. কাজী মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং কর্মকর্তা ওমর ফারুক এবং অতিরিক্ত মনিটরিং কর্মকর্তা আতিকুল্লাহ। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা তাঁদের চাষাবাদের বাস্তব চিত্র ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সন্দ্বীপে কৃষিকাজের প্রধান সমস্যা পানি। প্রয়োজনের সময় জমিতে সেচ দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক কৃষক কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট প্রকট আকার ধারণ করে। এতে একদিকে যেমন চাষাবাদ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ ও কৃষকদের দুর্ভোগ।
কৃষকেরা জানান, কৃষির উন্নয়নে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ ইতিবাচক। তবে মাঠপর্যায়ে সেচের পানি নিশ্চিত করা না গেলে এসব উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া কঠিন। তাই কৃষকদের সমস্যাকে গুরুত্ব দিয়ে কার্যকর সেচব্যবস্থা গড়ে তোলা, পানির উৎস তৈরি এবং সেচ অবকাঠামো উন্নয়নের দাবি জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, সন্দ্বীপের বিস্তীর্ণ কৃষিজমি যথাযথভাবে কাজে লাগাতে হলে পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সেচের পানি সরবরাহ নিশ্চিত করা গেলে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি হবে।
সংশ্লিষ্টদের মতে, দ্বীপাঞ্চলের কৃষি সম্ভাবনা কাজে লাগাতে কৃষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পানি ও সেচ সংকট নিরসনে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর সেচব্যবস্থার সমন্বয় ঘটানো গেলে সন্দ্বীপের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন