ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২২ পাইপে কাউনিয়ায় ঢুকছে নদীর বালু, জলাশয় ভরাটে আবিদের নিয়ন্ত্রণের অভিযোগ


২২ পাইপে কাউনিয়ায় ঢুকছে নদীর বালু, জলাশয় ভরাটে আবিদের নিয়ন্ত্রণের অভিযোগ

৮ ড্রেজারে ২২ পাইপের বিস্তার; পুকুর-জলাশয় হারিয়ে জলাবদ্ধতা ও অগ্নিঝুঁকির শঙ্কা, নিয়ন্ত্রণে প্রভাবশালী মহল—অভিযোগ

বরিশাল নগরীর প্রাকৃতিক জলাধার রক্ষায় যখন নানা উদ্যোগের কথা বলা হচ্ছে, তখন নগরীর কাউনিয়া এলাকায় একের পর এক পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের ব্যস্ততা এড়িয়ে রাতের বেলায় ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু এনে পাইপলাইনে সরাসরি বিভিন্ন জলাশয়ে ফেলা হচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাচ্ছে বহু বছরের পুরোনো পুকুর ও নিচু জমি।

সরেজমিনে কাউনিয়ার বিভিন্ন এলাকা ঘুরে একাধিক স্থানে ড্রেজারের পাইপলাইন দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তালতলী নদীতে থাকা বাল্কহেডে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে কয়েক কিলোমিটার দীর্ঘ পাইপের মাধ্যমে বালু পৌঁছে দেওয়া হচ্ছে কাউনিয়ার বিভিন্ন পয়েন্টে।

স্থানীয়দের দাবি, বর্তমানে অন্তত আটটি ড্রেজার এবং ২২টির বেশি পাইপলাইন দিয়ে এসব এলাকায় বালু সরবরাহ করা হচ্ছে। পুরান পাড়া, হাউজিং, টেক্সটাইল মোড়, রোকয়া আজিম সড়ক, তাফাজ্জল হোসেন সড়ক, ময়লা খাল, কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা, মনসা গলি, কাউনিয়া প্রথম গলি ও বিসিক এলাকার বিভিন্ন অলিগলিতে পাইপের সংযোগ রয়েছে বলে জানান তারা।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কাউনিয়ায় জলাশয় ভরাটের তৎপরতা দৃশ্যমানভাবে বাড়তে শুরু করে। নিচু জমি, পুকুর ও জলাশয়ে একের পর এক বালু ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

৩ নম্বর ওয়ার্ডের পুরান পাড়া এলাকার বাসিন্দা ওয়াহাব সিকদার বলেন, কয়েক মাস আগে তার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ বসাতে একদল লোক আসে। তিনি বাধা দিলেও শেষ পর্যন্ত তার আপত্তি উপেক্ষা করে পাইপ বসানো হয়।

ওয়াহাব সিকদারের দাবি, পাইপ বসাতে আসা ব্যক্তিদের তিনি চিনতেন না। তারা নিজেদের ছাত্রদলের লোক বলে পরিচয় দিয়েছিল। দীর্ঘদিন ধরে জমির ওপর পাইপ থাকায় তিনি নিজের জমিতে রাস্তার কাজও করতে পারছেন না বলে জানান।

রোকয়া আজিম সড়কের ভাড়াটিয়া বাসিন্দা লাবলু হাওলাদার বলেন, প্রায় ছয় মাস আগে এলাকায় ড্রেজারের পাইপলাইন স্থাপন করা হয়। এরপর গত এক মাসের মধ্যেই আশপাশের সাত-আটটি পুকুর ভরাট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, ভরাটের পর জায়গাগুলোতে ঘাস জন্মে যাওয়ায় সেখানে আগে পুকুর ছিল—এমনটি এখন সহজে বোঝার উপায় নেই।

কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সাইদুর রহমান কামালের দাবি, জলাশয় ও পুকুর ভরাট আইনত দণ্ডনীয় হলেও এলাকায় প্রকাশ্যেই ড্রেজারের কার্যক্রম চলছে।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কাউনিয়ায় ছোট-বড় মিলিয়ে ৫০টিরও বেশি পুকুর ও জলাশয় ভরাট করা হয়েছে। এসব কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশকে অর্থ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সাইদুর রহমানের আরও অভিযোগ, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীকে তালিকাভুক্ত করে অর্থ দেওয়ার মাধ্যমে পুরো এলাকাকে ধীরে ধীরে জলাশয়শূন্য করার পরিকল্পনা চলছে। তার আশঙ্কা, এভাবে আরও কয়েক মাস ড্রেজার চললে কাউনিয়ার অবশিষ্ট জলাশয়গুলোর বড় অংশও হারিয়ে যাবে।

বরিশাল সিটি করপোরেশনের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি ঈদের ছুটিতে কাউনিয়ার মনসা গলি এলাকায় বড় একটি পুকুর ভরাটের মাধ্যমে এ কার্যক্রমের বিস্তার শুরু হয়। পরে ধীরে ধীরে আশপাশের ছোট-বড় জলাশয় ও পুকুরেও বালু ফেলার কাজ শুরু হয় বলে দাবি করেন তারা।

তাদের ভাষ্য, তালতলী নদীতে নোঙর করা বাল্কহেড থেকে ড্রেজারের মাধ্যমে বিভিন্ন পাইপে কাউনিয়ায় বালু পাঠানো হচ্ছে। কোনো কোনো সময়ে পাইপের সংখ্যা ১৫ থেকে ২৫টি পর্যন্ত হয়েছে বলেও দাবি করেন তারা।

ওই কর্মকর্তাদের অভিযোগ, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক রায়হান কাওছারের সময় আর্থিক সুবিধার বিনিময়ে অঘোষিতভাবে জলাশয় ভরাটের সুযোগ তৈরি করা হয়েছিল। এরপর থেকে পাইপের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি কমেছে জলাশয়।

তারা আরও অভিযোগ করেন, ড্রেজার ব্যবসায়ীদের কাছ থেকে কাউনিয়া থানা পুলিশ ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সড়ক পরিদর্শকদের একটি অংশ নিয়মিত অর্থ নেয়। পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অর্থ না দিলে কাউনিয়ায় ড্রেজারের মাধ্যমে বালু সরবরাহ করা কঠিন বলে দাবি করেন তারা।

শুধু তালতলী নয়, কীর্তনখোলা নদী থেকেও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নগরীর বিভিন্ন এলাকায় পাইপলাইনে সরবরাহের অভিযোগ রয়েছে।

সম্প্রতি কোস্টগার্ডের অভিযানে কয়েকটি ড্রেজার ও বাল্কহেড আটক এবং জরিমানার ঘটনা ঘটলেও মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় কার্যক্রম আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে


ড্রেজার ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত কালিজিরা এলাকার এক মালিক পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, নদী থেকে বালু উত্তোলন থেকে শুরু করে কাউনিয়া এলাকায় পাইপলাইনের মাধ্যমে বালু পৌঁছে দেওয়ার পুরো কার্যক্রমের ওপর এখনো প্রভাব রয়েছে ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুদ্দাহা আবিদের।

ওই ড্রেজার মালিকের দাবি, রাজনৈতিক পটপরিবর্তন হলেও ড্রেজারকেন্দ্রিক ব্যবসায় আবিদের প্রভাব অটুট রয়েছে। তালতলী, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে থাকা ড্রেজারগুলোর নিয়ন্ত্রণও তার হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, কাউনিয়ায় ড্রেজারের পাইপ দিয়ে বালু সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিকে অর্থ দিতে হয়। তার দাবি, বড় পর্যায়ের নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিকে এককালীন কিংবা মাসিক ভিত্তিতে টাকা দেওয়া হয়।

ওই ড্রেজার মালিকের ভাষ্য অনুযায়ী, অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এককালীন বড় অঙ্কের অর্থ দেওয়ার পাশাপাশি নিয়মিত অর্থও দিতে হয় বলে দাবি করেন তিনি। এমনকি একজন বিএনপি নেতাকে এককালীন ২০ লাখ টাকা দেওয়ার পর মাসিকভাবেও অর্থ দেওয়ার অভিযোগ করেন তিনি।

তার দাবি, ‘ম্যানেজ’ না করে নগরীতে দীর্ঘদিন ড্রেজার চালানো সম্ভব নয়। আবিদ নিজে সামনে না এসে তার লোকজনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন ওই ড্রেজার মালিক।

তবে ওই ড্রেজার মালিকের এসব বক্তব্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ, নদী থেকে বালু উত্তোলন, কাউনিয়ায় পাইপলাইনের মাধ্যমে বালু সরবরাহ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালী মহলকে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে সৈয়দ শামসুদ্দাহা আবিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়।

তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

স্থানীয় পরিবেশবিদদের তথ্য অনুযায়ী, গত ৫০ বছরে বরিশাল নগরীর প্রায় ৭০ শতাংশ পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে। আশির দশক কিংবা তারও আগে নগরীতে এক হাজারের বেশি ছোট-বড় পুকুর ছিল বলে পরিবেশসংশ্লিষ্টদের দাবি। নগরায়ণ ও অপরিকল্পিত ভূমি ব্যবহারের কারণে সেই সংখ্যা এখন অনেক কমে এসেছে।

সরকারি মালিকানাধীন প্রায় ৩০টি পুকুরের বাইরে নগরীর ৩০টি ওয়ার্ডে এখনো কয়েকশ ব্যক্তিমালিকানাধীন ও পারিবারিক পুকুর রয়েছে। তবে পুকুর ও জলাশয়ের পূর্ণাঙ্গ কোনো কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ না থাকায় বর্তমান সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।

পরিবেশবাদীদের ধারণা, বর্তমানে নগরীতে দৃশ্যমান ও ব্যবহারযোগ্য পুকুরের সংখ্যা ৩০০ থেকে ৪০০টির বেশি নয়। এর একটি বড় অংশই এখন ভরাটের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা তাদের।


বাংলাদেশ পরিবেশ আদালত, বরিশালের এক সংগঠক বলেন, কাউনিয়ায় প্রতিদিনই পুকুর ও জলাশয় ভরাট হচ্ছে। বিষয়টি সিটি করপোরেশনের সভায়ও জানানো হয়েছে। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, নগরীর জলাধারগুলো বৃষ্টির পানি ধারণ ও পানি নিষ্কাশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব জলাধার হারিয়ে গেলে সামান্য ভারী বৃষ্টিতেই কাউনিয়া ও আশপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিতে পারে।

একই সঙ্গে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের জন্য কাছাকাছি পানির উৎস কমে যাবে। ফলে জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর আইনের শাসন প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। কাউনিয়ার অবশিষ্ট জলাশয় রক্ষায় অবিলম্বে ড্রেজার বন্ধ, ভরাটের ঘটনা তদন্ত এবং অবৈধভাবে ভরাট করা জলাশয় পুনরুদ্ধারের দাবি জানান তিনি।


বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, সারাদেশে খাল খনন ও জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে বরিশালে একের পর এক জলাশয় ভরাটের খবর উদ্বেগজনক।

তিনি বলেন, পুকুর ও জলাশয় ভরাটের মতো অবৈধ কর্মকাণ্ডে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ


বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, নগরীতে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের অনুমতি আগের প্রশাসনের সময় দেওয়া হয়েছিল বলে তিনি অবগত হয়েছেন।

তিনি জানান, ড্রেজার ও পাইপলাইনের বিষয়ে সিটি করপোরেশনের সড়ক পরিদর্শকদের কঠোরভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি জলাশয় রক্ষায় সাধারণ মানুষের সচেতনতার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্থানীয়দের প্রশ্ন—নগরীর বাকি জলাধারগুলোও যদি এভাবে একের পর এক বালুর নিচে চাপা পড়ে, তাহলে ভবিষ্যৎ বরিশাল নগরীর পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য কতটা টিকবে? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন কাউনিয়ার বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল থেকেই ভ্যাপসা গরম, আজকের আবহাওয়া কেমন থাকবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


সকাল থেকেই ভ্যাপসা গরম, আজকের আবহাওয়া কেমন থাকবে?

রাজধানীতে সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার নিকটবর্তী এলাকায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী কর্তৃক ছোড়া একটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের পূর্বেই ড্রোনটি ধ্বংস করা হয়। জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি মক্কাকে লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট এই তথ্য প্রকাশ করেছে যে, ইয়েমেনের হুথি গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। খবরটি আনাদোলুর মাধ্যমে এসেছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে এবং ধ্বংস করে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত হয় এবং এর ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে গিয়ে পড়ে।

আল-মালিকি আরও বলেন, হুতিদের এটি মক্কাকে লক্ষ্য করে দ্বিতীয়বারের হামলার চেষ্টা। তিনি উল্লেখ করেছেন, এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে জোট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেছেন।

একদিন পূর্বে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর, গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আবারও বেড়ে গেছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাতের কারণে দেশটির জন্য একটি ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে। নতুন এই সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং এটি লেভেল-৩ এ রাখা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে বুধবার (সেপ্টেম্বর ১৬) এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবরটি আলজাজিরা সূত্রে জানা যায়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক মাধ্যমের কার্যক্রম সংক্রান্ত স্থানীয় আইনগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে।

এছাড়াও, সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের কিছু অঞ্চলে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি রয়েছে।

অন্যদিকে, ইয়েমেন ভ্রমণের পরিকল্পনা করছেন এমন মার্কিন নাগরিকদের জন্য পূর্বে জারি করা লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও কার্যকর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%