ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রূপগঞ্জে অযত্নে নষ্ট হচ্ছে পৌরসভার মূল্যবান যন্ত্রপাতি


রূপগঞ্জে অযত্নে নষ্ট হচ্ছে পৌরসভার মূল্যবান যন্ত্রপাতি

নাগরিক সেবার মানোন্নয়ন ও পৌরসভার উন্নয়নকাজ পরিচালনার জন্য বরাদ্দ পাওয়া মূল্যবান সরকারি যন্ত্রপাতি বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। যন্ত্রপাতির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল হয়ে গেছে, আবার কোনো গাড়ির চাকা পাংচার হয়ে রয়েছে, এবং ব্যাটারি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অন্তত ৬ থেকে ৭টি যানবাহন ও ভারী যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে, যেমন এক্সকাভেটর, ডাম্প ট্রাক, রোড রোলার ও পানি ছিটানোর গাড়ি। উন্নয়নকাজ, উচ্ছেদ অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রমে বাইরে থেকে ভাড়ায় আনতে হচ্ছে এসব যন্ত্রপাতি। এর ফলে সরকারি সম্পদের অপচয় হচ্ছে এবং নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার সংরক্ষিত স্থানে পড়ে থাকা যন্ত্রপাতিগুলোর বিভিন্ন অংশে মরিচা ধরেছে। কিছু যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে। কোনো গাড়ির চাকা পাংচার, আবার কোনোটি ব্যাটারিবিহীন অবস্থায় পড়ে রয়েছে। উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া এক্সকাভেটর, ডাম্প ট্রাক, রোড রোলার ও পানি ছিটানোর গাড়ি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সাবেক পৌর মেয়রের ব্যবহৃত একটি প্রাইভেট কারও অচল অবস্থায় রয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৯ ও ২০২০ সালের দিকে এসব যন্ত্রপাতি ও যানবাহন বরাদ্দ হিসেবে পাওয়া যায়। তবে পৌর কর্তৃপক্ষ এগুলোর প্রকৃত ক্রয়মূল্য বা বরাদ্দের আর্থিক মূল্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব যন্ত্রপাতি পৌরসভার নিজস্ব অর্থে কেনা হয়নি।

আরও পড়ুন: বরিশালে পুলিশ লাইন্সের সামনে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল

স্থানীয়দের অভিযোগ, নাগরিক সেবার জন্য বরাদ্দ পাওয়া এসব মূল্যবান সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় সেগুলো এখন বোঝায় পরিণত হয়েছে।

অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান অভিযোগ করেন, পৌরসভার যন্ত্রপাতিগুলো নিম্নমানের এবং দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। মেকানিক ও চালকসংকটের কথা বলা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। তার দাবি, রোড রোলারের একজন চালক কাজ না করেও নিয়মিত বেতন পাচ্ছেন। দীর্ঘদিন নির্বাচিত মেয়র না থাকায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদেরও এসব সম্পদের রক্ষণাবেক্ষণে যথাযথ নজরদারি ছিল না।

স্থানীয় বাসিন্দা ও কাঞ্চন বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সড়কে ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানোর গাড়ি থাকলেও সেটি ব্যবহার করা হচ্ছে না। একইভাবে উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া ভারী যন্ত্রপাতিও অচল পড়ে রয়েছে। অথচ প্রয়োজনের সময় বাইরে থেকে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক ভাড়া করে কাজ চালাতে হচ্ছে। তাদের প্রশ্ন, পৌরসভার নিজস্ব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কেন ভাড়ার ওপর নির্ভর করতে হচ্ছে? এতে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তারা আরো বলেন, উন্নয়ন ও নাগরিক সেবার নামে বরাদ্দ পাওয়া সম্পদ কাজে না লাগলে সাধারণ মানুষ এর সুফল পাবে কীভাবে? অচল যন্ত্রপাতিগুলোর দ্রুত মেরামত এবং প্রয়োজন অনুযায়ী নতুন ও মানসম্মত যন্ত্রপাতি সংগ্রহে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত

এ বিষয়ে কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান বলেন, এক্সকাভেটর ও ডাম্প ট্রাকসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অচল অবস্থায় পড়ে থাকার বিষয়টি সম্প্রতি তার নজরে এসেছে। এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য পর্যাপ্ত চালক নেই। চালকসংকট নিরসনে প্রয়োজনীয় অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। পাশাপাশি বিকল যন্ত্রপাতিগুলো মেরামতের উদ্যোগ নেয়া হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, কাঞ্চন পৌরসভার অচল যন্ত্রপাতিগুলো সচল করার বিষয়ে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। বিকল যন্ত্রপাতি মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের বিক্ষোভ ইউরোপের ৩১ দেশে ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ এম


ফ্রান্সের বিক্ষোভ ইউরোপের ৩১ দেশে ছড়িয়ে পড়েছে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভ ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টিরও বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে আলজাজিরা।

ফ্রান্স বর্তমানে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট এবং অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি এবং সামাজিক আবাসন সংক্রান্ত দাবি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। শ্রমিক সংগঠন এবং ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে একদিনে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। ফ্রান্সের পর স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ সংঘটিত হয়েছে। স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছে।

২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এই হামলায় আরও সাতজন আহত হন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।

মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন যে, অভিবাসী এবং মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করার জন্য উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

এদিকে, বামপন্থি দল ফ্রান্স আনবোডকে বিক্ষোভের সহিংসতার জন্য দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ এবং উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ এম


চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চীনের এক সন্দেহভাজন গোয়েন্দার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর কোম্পানির পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন যে, চীনা নারী ব্যবসায়ী অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিস চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) একজন গোয়েন্দা হিসেবে পরিচিত।

এনভিডিয়া এই ঘটনায় কোম্পানির গোপনীয় তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়ার কথা জানায়নি। প্রতিষ্ঠানটির বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এ ধরনের ক্ষতির আশঙ্কা করার মতো কোনো কারণ নেই। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সব তথ্য খতিয়ে দেখা হবে।

এদিকে, ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জেনসেন হুয়াং মুখ খুলেছেন। তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন।

এক বিবৃতিতে হুয়াং বলেন, “আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কাজ তাকে ও আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও জানান, নিজের কাজের সম্পূর্ণ দায় নিচ্ছেন এবং এনভিডিয়ার কর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের প্রতি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বোর্ডের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন হুয়াং। তিনি বলেন, “আমি এই তদন্তকে সমর্থন করি এবং এতে পূর্ণ সহযোগিতা করব।”

নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গর্বিত উল্লেখ করে হুয়াং জানান, তিনি তার দেশ ও কোম্পানিকে ভালোবাসেন। এনভিডিয়াকে সুরক্ষা দেওয়া এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের একটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও একটি বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন—এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বোর্ড আরও জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এসব বিষয় এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের সঙ্গেও জড়িত।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ ও হার্ডওয়্যার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীকে ঘিরে ওঠা এ অভিযোগ আন্তর্জাতিক প্রযুক্তি ও নিরাপত্তা অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পুলিশ লাইন্সের সামনে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ এম


বরিশালে পুলিশ লাইন্সের সামনে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল

বরিশাল নগরীতে জেলা পুলিশ লাইন্সের সামনে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত হয় এই মিছিল। বিকেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক ব্যানারের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিছিলের।

মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ কর্মী সমকালকে জানান, বেলা পৌনে ৩টার দিকে একই সড়কের ‘হট প্লেট’ নামক রেস্তোরাঁর সামনে থেকে শুরু হয় মিছিলটি। কিছুদূর অগ্রসর হয়ে পুলিশ লাইন্সের গেটের কাছাকাছি পৌঁছে শেষ করেন তারা। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল।

অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, "হঠাৎ করে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা মাঠে আছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ এম


ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র

রাজধানী ঢাকা। প্রতিদিনের ব্যস্ততা ও যানজটের শহর। সকাল হলেই সড়কে নামে মানুষের ঢল। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় সড়কে। ছোট দূরত্ব পাড়ি দিতেও ব্যয় হয় দীর্ঘ সময়। নষ্ট হয় কর্মঘণ্টা। বাড়ে অর্থনৈতিক ক্ষতি। ভোগান্তিতে পড়েন নগরবাসী। এই ভোগান্তির শহরে রাজধানীর গণপরিবহনে যুক্ত হচ্ছে আধুনিক ও যুগোপযোগী নতুন অধ্যায়। পাতাল ও উড়ালপথের সমন্বয়ে নির্মিত হচ্ছে মেট্রোরেল লাইন-১। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে পরিবর্তন। সড়কের ওপর চাপ কমবে। যাতায়াতে বাঁচবে সময়। গণপরিবহনের সক্ষমতা বাড়বে। নগরজীবনে তৈরি হবে নতুন গতি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক মন্তব্য করেছেন, দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের চুক্তি স্বাক্ষর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে। রাজধানীর যানজট নিরসন, যাতায়াতের সময় কমানো এবং নাগরিকদের জন্য আধুনিক ও মানসম্মত গণপরিবহন সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণসহ নিরাপদ, পরিবেশবান্ধব ও সময়োপযোগী নগর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্মাণকাজে শ্রম আইনসহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন মেনে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। নির্মাণকাজের কারণে সাধারণ মানুষের যে সাময়িক ভোগান্তি সৃষ্টি হবে তা যেন দীর্ঘায়িত না হয়। নির্মাণকাজে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প এলাকার আশপাশে বসবাসকারী মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে নিয়োগকারী কর্তৃপক্ষ, প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে স্বচ্ছ, ধারাবাহিক ও কার্যকর সমন্বয় ও যোগাযোগ বজায় রাখা জরুরি।

প্রকল্প সূত্র জানাচ্ছে, এমআরটি লাইন-১ বিমানবন্দর রুট ও পূর্বাচল রুটে বিভক্ত থাকবে। বিমানবন্দর অংশের রুটটি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু করে বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে। সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে নতুন বাজার স্টেশনে এমআরটি-৫ এর সাথে এই রুটের সংযোগ থাকবে। এমআরটি-১এর পূর্বাচলগামী অংশটি নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর-৭ হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশনদুটোসহ, মোট স্টেশন থাকবে ৯টি। এরমধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড।

রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর চারটি প্যাকেজের নির্মাণ চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় টানেল ও স্টেশন নির্মাণ, রেললাইন স্থাপন, বৈদ্যুতিক অবকাঠামো, সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্পের অবকাঠামো উন্নয়নে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পের চারটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজে পাতাল রেলের টানেল ও স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৪-এর আওতায় রামপুরা আন্ডারগ্রাউন্ড স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুন বাজার স্টেশন পর্যন্ত ৪ দশমিক ৪৪৭ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণ করা হবে। কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৬-এর আওতায় নদ্দা আন্ডারগ্রাউন্ড স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণ করা হবে। এ দুটি প্যাকেজের আওতায় মোট ৯ দশমিক ৬২৯ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড রুট নির্মাণের কাজ করা হবে। কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৯-এর আওতায় এমআরটি লাইন-১-এর ট্র্যাক ওয়ার্কস বাস্তবায়ন করা হবে। এ প্যাকেজে রেল, টার্নআউট, পয়েন্ট ও ক্রসিংসহ প্রয়োজনীয় ট্র্যাক স্থাপনের পাশাপাশি বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ করা হবে। চতুর্থ প্যাকেজ সিপি-১০-এর আওতায় স্থাপন করা হবে ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে থাকবে কমিউনিকেশন বেজড অটোমেটিক ট্রেন কন্ট্রোলিং সিস্টেম, অপটিক্যাল ফাইবারভিত্তিক ট্রান্সমিশন নেটওয়ার্ক এবং এলটিই প্রযুক্তির রেডিও যোগাযোগব্যবস্থা। এ ছাড়া প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ও এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (ইআরএমএস) স্থাপন করা হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম বলেছেন, মেট্রোরেল প্রকল্পের মূল নির্মাণকাজ নির্ধারিত সময়ে এগিয়ে নিতে ইউটিলিটি স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ কাজ দ্রুত ও পরিকল্পিতভাবে সম্পন্ন করতে সেবা প্রদানকারী সংস্থা এবং প্রকল্পসংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ বজায় রেখে মাঠপর্যায়ে কাজ করতে হবে। ইউটিলিটি স্থানান্তরের সময় যান চলাচল স্বাভাবিক রাখা এবং বিভিন্ন নাগরিক পরিষেবা সচল রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্তব্য করেছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। মেট্রোরেল প্রকল্পের কাজের স্থবিরতা কাটিয়ে পুনরায় বাস্তবায়ন কার্যক্রম শুরু ও গতিশীল করার উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ। বাংলাদেশ ও জাপানের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপান পাশে থাকতে আগ্রহী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের প্রফেসর ড. হাদিউজ্জামান বলেছেন, ঘনবসতিপূর্ণ শহরে সড়কনির্ভর পরিবহনব্যবস্থা দিয়ে ভবিষ্যতের যাতায়াতের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। এমআরটি-১ চালু হলে এই করিডোরে গণপরিবহনের একটি দ্রুত বিকল্প তৈরি হবে। মেট্রোরেলের মাধ্যমে বিপুল সংখ্যক যাত্রী তুলনামূলক কম সময়ে যাতায়াত করতে পারবেন। ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমার সম্ভাবনাও রয়েছে। সুফল তখনই পাওয়া সম্ভব যখন প্রকল্প নির্ধারিত সময়ে ও নির্ধারিত মান বজায় রেখে শেষ করা যাবে। এমআরটি লাইন-১ চালু হলে এই চাপ সামাল দেওয়ার নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিমানবন্দরগামী যাত্রীদের জন্য এই রেলপথ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%