০৭:০৪ এম
রাজধানী রিয়াদে সউদী আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে সউদী আকাশ প্রতিরক্ষা বাহিনী। ভবনের ওপর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল সউদী জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা উল্লেখ করেন, ‘রাজধানী রিয়াদে সউদী আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার অপচেষ্টা করা হয়েছিল। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ায় সামান্য ক্ষতি হয়েছে, কেউ হতাহত হননি’। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়। অন্যদিকে, সউদী নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট গতকাল এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একাধিক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর দিকে ধেয়ে আসার পথে সউদী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে মাঝআকাশে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে দিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া রাজধানী লক্ষ্য করে নিক্ষিপ্ত আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। চলতি নভেম্বর মাসের শুরু থেকেই সউদী আরবের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক আকাশপথের হামলার এটি সাম্প্রতিকতম নজির।
আরও পড়ুন: চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত
এর আগে সউদী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) আঘাত হানতে আসা একটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছিল। হামলার আশঙ্কায় সউদী সিভিল ডিফেন্স রাজধানী রিয়াদ ও নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তা দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়। এছাড়া বুকাইক, আল-আহসা ও দাম্মাম শহরেও অনুরূপ সতর্কবার্তা জারি করা হয়েছিল। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই রিয়াদে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জোটের পরিসংখ্যানে দেখা যায়, চলতি মাসেই সউদী আরবের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে শনিবার রিয়াদ অঞ্চলের দিকে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এর আগের দিন নাজরান লক্ষ্য করে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দেয়া হয়। এছাড়া ৬ নভেম্বর রিয়াদ ও মক্কা অঞ্চলে দুটি ড্রোন, ৫ নভেম্বর মদিনা অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩ নভেম্বর দক্ষিণ, পূর্বাঞ্চল ও মক্কা অঞ্চলে তিনটি ড্রোন এবং ২ নভেম্বর রিয়াদ ও দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। এর আগে ১ নভেম্বরও দক্ষিণ অঞ্চলে একটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল সউদী বাহিনী।
সউদী পূর্বাঞ্চলে সতর্কতা প্রত্যাহার, ঝুঁঁকিমুক্ত ঘোষণা : সউদী আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ধাহরান, দাম্মাম, আবকাইক ও আল-আহসা। এদিকে পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সউদী নেতৃত্বাধীন জোট।
গতকাল রোববার সম্ভাব্য বিপদের আশঙ্কায় এসব এলাকায় সতর্কতা জারি করার কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে সউদী বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফ্রান্সের বিক্ষোভ ইউরোপের ৩১ দেশে ছড়িয়ে পড়েছে
সউদী আরবের পূর্বাঞ্চল দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ অঞ্চলে দেশটির অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে। পাশাপাশি ধাহরান শহরেই অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সউদী আরামকোর সদর দফতর।
সতর্কতা প্রত্যাহারের কিছুক্ষণ পর সউদী নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের ইরানপন্থি হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্বাঞ্চলের দিকে আসার সময় প্রতিহত করা হয়েছে।
বিমানবন্দরে বিঘœ ও ফ্লাইট বাতিল : সউদী আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর, তেল-জ্বালানি স্থাপনা ও নাগরিক অবকাঠামোর ওপর হুথিদের অব্যাহত এ আগ্রাসনের ফলে বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। অক্টোবর মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় হতাহতের পর সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয়। পরবর্তীতে কিছু বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে কার্যক্রম চালু হলেও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা চলতি নভেম্বর মাস পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া দাম্মাম, আবহা ও নাজরান বিমানবন্দরেও ফ্লাইট সূচি মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতের বিস্তার : সামরিক বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের সরাসরি প্রভাব হিসেবে হুথিদের এ হামলাগুলো বিস্তৃত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে এক সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করেছে। তেহরান-সমর্থিত হুথিরা সউদী আরবের জ্বালানি সরবরাহ শৃঙ্খল, বেসামরিক স্থাপনা এবং লোহিত সাগরের আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথকে লক্ষ্যবস্তু বানিয়ে হুমকি ক্রমাগত বাড়িয়ে চলেছে।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হওয়া উচিত: এস ওয়াই কুরেশি
জোটের মুখপাত্র জেনারেল আল-মালিকি ১ নভেম্বর ঘোষণা করেন যে, জোট বাহিনী ইতোমধ্যে এক সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, হুথিরা এসব অস্ত্র দিয়ে সউদী আরব ও ইয়েমেনের নিরীহ বেসামরিক নাগরিকদের নিশানা বানাচ্ছে এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাণিজ্যিক জলপথকে চরম ঝুঁকিতে ফেলছে। ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে এবং সউদী আরবসহ সমগ্র অঞ্চলের নিরাপত্তা রক্ষায় জোট বাহিনী কঠোর সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
হুতি দমনে সউদীর পাশে সিরিয়া, সেনা পাঠানোর পরিকল্পনা : হুতি বিদ্রোহীদের মোকাবিলা এবং ইয়েমেন সরকারকে শক্তিশালী করতে সউদী আরবের পাশে দাঁড়াচ্ছে সিরিয়া। এ লক্ষ্যে সউদী আরব ও ইয়েমেনে প্রায় তিন হাজার সিরীয় সেনা পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে সীমান্তের দুই পাশে কয়েকশ’ সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের কয়েকজন সামরিক ও সরকারি কর্মকর্তা।
ইয়েমেনের প্রধান শাসন সংস্থা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সউদী নেতৃত্বাধীন জোটের সঙ্গে যোগ দিতে প্রায় তিন হাজার সেনা পাঠাতে সম্মত হয়েছে সিরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, হুতিদের মোকাবিলায় সেনা পাঠানোর বিষয়ে সউদী আরব ও সিরিয়া একমত হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে প্রায় তিন হাজার সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে এই সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।
ইয়েমেনে ২৪ ঘণ্টায় নিহত ৫০ জনের বেশি : ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে হুথি বিদ্রোহী ও সউদী-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী সময়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। গত শনিবার রাজধানী সানার পূর্বে বানি হুশাইশ জেলার আল-শারিয়া গ্রামে বিমান হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, এতে অন্তত ২৭ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। হামলার জন্য সউদী যুদ্ধবিমানকে দায়ী করেছে হুথি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে সউদী সরকারের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইরাকের কুর্দিস্তানে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা
এর আগের দিন গত শুক্রবার তাইজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানিয়েছে হুথি পরিচালিত একটি সংবাদ সংস্থা। ওই হামলার দায় নিয়ে সংঘাতের দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের সরকারি কর্তৃপক্ষ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। অন্যদিকে, হুথি কর্মকর্তারা এ ঘটনায় সউদী আরবকে দায়ী করেছেন।
গত কয়েক দিনের প্রাণহানির ঘটনা গত আগস্টে নতুন করে শুরু হওয়া সংঘাতের ভয়াবহতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ সংঘাতে প্রায় এক হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি মানুষ। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা, রয়টার্স ও দ্য টাইমস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন