ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হওয়া উচিত: এস ওয়াই কুরেশি


নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হওয়া উচিত: এস ওয়াই কুরেশি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের গৃহীত কার্যপদ্ধতি নিয়ে বড় ধরনের আইনি ও সাংবিধানিক প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস ওয়াই কুরেশি। তিনি অভিযোগ করেছেন যে, প্রচলিত নিয়ম ও সাংবিধানিক কাঠামো যথাযথভাবে অনুসরণ না করায় ওই নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি আইনগতভাবে বৈধ ছিল না। একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) যেকোনো গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত অবশ্যই সংখ্যাগরিষ্ঠ কমিশনারদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা উচিত।

ভারতের একটি জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার ও আলোচনায় অংশ নিয়ে এস ওয়াই কুরেশি নির্বাচন কমিশনের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, ভারতের সংবিধান এবং ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (কাজের শর্তাবলি) আইন’-এর বিধান অনুযায়ী, নির্বাচন কমিশন একটি তিন সদস্যের সমন্বিত বহুপাক্ষিক সংস্থা। এখানে প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই নির্বাচন কমিশনারের মর্যাদা এবং ভোটাধিকার সমান। কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তা সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে নিষ্পত্তি হওয়াই সাংবিধানিক বাধ্যবাধকতা।

সাবেক এই সিইসি অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গ নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণা, দফা নির্ধারণ ও পরিচালন সংক্রান্ত বহু ক্ষেত্রে পূর্ণাঙ্গ কমিশনের যৌথ পর্যালোচনা বা সংখ্যাগরিষ্ঠের ভোটাভুটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত কার্যকর করার লক্ষণ দেখা গেছে। যদি কোনো একজন কমিশনার বা প্রশাসনিক কর্মকর্তার একক ইচ্ছায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় এবং অন্য কমিশনারদের ভিন্নমত রেকর্ড করার সুযোগ না দেয়া হয়, তবে সেই সিদ্ধান্ত আইনি বৈধতা হারায়।

আরও পড়ুন: আইজেনকট ইতিহাসের দ্বারপ্রান্তে, জাতীয় জরুরি সরকার গঠনে তৎপরতা শুরু

তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতে ১৯৯০-এর দশকে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে নির্বাচন কমিশনে কোনো একক ব্যক্তি ‘সর্বেসর্বা’ নন; বরং তিন কমিশনারের যৌথ মতৈক্য বা সংখ্যাগরিষ্ঠের মতামতের ওপরই প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক মর্যাদা ও সিদ্ধান্তের বৈধতা নির্ভর করে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাংবিধানিক রীতিনীতি অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানান কুরেশি। তিনি সতর্ক করে বলেন, সাংবিধানিক নিয়মাবলি ও সংখ্যাগরিষ্ঠের নীতি উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচনি প্রক্রিয়া পরিচালনা করা হলে তা দেশের সমগ্র গণতান্ত্রিক কাঠামোর ওপর জনগণের আস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দেবে। সূত্র : দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ এম


বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর

বিচার বিভাগের শুদ্ধাচার নিশ্চিত করতে শুধু আর্থিক দুর্নীতির বিষয়টি বিবেচনায় নিলে হবে না, বরং বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, রাজনৈতিক প্রভাব কিংবা বুদ্ধিবৃত্তিক অসততা থাকলে তা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান এ কথা বলেছেন। গতকাল রোববার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, বিচারক হওয়ার মধ্যেই সততা ও নিরপেক্ষতার প্রত্যাশা নিহিত রয়েছে। একজন বিচারকের কাছে সততা কোনো বিশেষ গুণ হিসেবে বিবেচিত হওয়ার বিষয় নয়। বরং এটি তার পেশাগত দায়িত্ব ও মৌলিক ভিত্তি। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে বিচারকদের অবশ্যই সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের কিছু ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকতে পারে। তাদের বিরুদ্ধে সরকার এবং প্রধান বিচারপতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছেন। তবে বিচারকদের সার্বিক কর্মপরিবেশ ও বাস্তবতাও বিবেচনায় নেয়া প্রয়োজন। বাংলাদেশের বিচারকরা প্রতিদিন দীর্ঘ সময় ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের অনেকেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচার বিভাগে এসেছেন। তাদের কাজের স্বীকৃতি দেয়া এবং বেতন-ভাতা, আবাসন ও সামাজিক মর্যাদাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি।

বিচারকদের কাজের ইতিবাচক দিক তুলে ধরার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অনেক বিচারক সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালন করছেন। সরকারি আবাসনের পরিবর্তে তুলনামূলক কম ব্যয়ে ভাড়া বাসায় থেকে তারা নিয়মিত আদালতে যাচ্ছেন এবং অপরাধীদের সাজা দিচ্ছেন। তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের এসব দৃষ্টান্তও গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা উচিত। বিচারকদের ইতিবাচক কর্মকা-ের স্বীকৃতি বিচার বিভাগে শুদ্ধাচার ও ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার সহায়ক হবে।

আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্য কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে নিজেদের তুলনা করে পেশাগত স্বাতন্ত্র ক্ষুন্ন করা উচিত নয়। বিচারকদের হাতে অর্পিত ক্ষমতা জনগণের আস্থা ও অধিকার রক্ষার জন্য। সেই ক্ষমতা প্রয়োগের প্রতিটি ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও নৈতিকতার পরিচয় দিতে হবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠিত হলে একটি প্রত্যাশিত ও জনমুখী বিচারব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের রুল অব ল, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়েগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে অযত্নে নষ্ট হচ্ছে পৌরসভার মূল্যবান যন্ত্রপাতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ এম


রূপগঞ্জে অযত্নে নষ্ট হচ্ছে পৌরসভার মূল্যবান যন্ত্রপাতি

নাগরিক সেবার মানোন্নয়ন ও পৌরসভার উন্নয়নকাজ পরিচালনার জন্য বরাদ্দ পাওয়া মূল্যবান সরকারি যন্ত্রপাতি বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। যন্ত্রপাতির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল হয়ে গেছে, আবার কোনো গাড়ির চাকা পাংচার হয়ে রয়েছে, এবং ব্যাটারি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অন্তত ৬ থেকে ৭টি যানবাহন ও ভারী যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে, যেমন এক্সকাভেটর, ডাম্প ট্রাক, রোড রোলার ও পানি ছিটানোর গাড়ি। উন্নয়নকাজ, উচ্ছেদ অভিযান ও প্রয়োজনীয় কার্যক্রমে বাইরে থেকে ভাড়ায় আনতে হচ্ছে এসব যন্ত্রপাতি। এর ফলে সরকারি সম্পদের অপচয় হচ্ছে এবং নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার সংরক্ষিত স্থানে পড়ে থাকা যন্ত্রপাতিগুলোর বিভিন্ন অংশে মরিচা ধরেছে। কিছু যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে। কোনো গাড়ির চাকা পাংচার, আবার কোনোটি ব্যাটারিবিহীন অবস্থায় পড়ে রয়েছে। উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া এক্সকাভেটর, ডাম্প ট্রাক, রোড রোলার ও পানি ছিটানোর গাড়ি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সাবেক পৌর মেয়রের ব্যবহৃত একটি প্রাইভেট কারও অচল অবস্থায় রয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৯ ও ২০২০ সালের দিকে এসব যন্ত্রপাতি ও যানবাহন বরাদ্দ হিসেবে পাওয়া যায়। তবে পৌর কর্তৃপক্ষ এগুলোর প্রকৃত ক্রয়মূল্য বা বরাদ্দের আর্থিক মূল্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব যন্ত্রপাতি পৌরসভার নিজস্ব অর্থে কেনা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, নাগরিক সেবার জন্য বরাদ্দ পাওয়া এসব মূল্যবান সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় সেগুলো এখন বোঝায় পরিণত হয়েছে।

অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান অভিযোগ করেন, পৌরসভার যন্ত্রপাতিগুলো নিম্নমানের এবং দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। মেকানিক ও চালকসংকটের কথা বলা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। তার দাবি, রোড রোলারের একজন চালক কাজ না করেও নিয়মিত বেতন পাচ্ছেন। দীর্ঘদিন নির্বাচিত মেয়র না থাকায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদেরও এসব সম্পদের রক্ষণাবেক্ষণে যথাযথ নজরদারি ছিল না।

স্থানীয় বাসিন্দা ও কাঞ্চন বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সড়কে ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানোর গাড়ি থাকলেও সেটি ব্যবহার করা হচ্ছে না। একইভাবে উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া ভারী যন্ত্রপাতিও অচল পড়ে রয়েছে। অথচ প্রয়োজনের সময় বাইরে থেকে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক ভাড়া করে কাজ চালাতে হচ্ছে। তাদের প্রশ্ন, পৌরসভার নিজস্ব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কেন ভাড়ার ওপর নির্ভর করতে হচ্ছে? এতে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তারা আরো বলেন, উন্নয়ন ও নাগরিক সেবার নামে বরাদ্দ পাওয়া সম্পদ কাজে না লাগলে সাধারণ মানুষ এর সুফল পাবে কীভাবে? অচল যন্ত্রপাতিগুলোর দ্রুত মেরামত এবং প্রয়োজন অনুযায়ী নতুন ও মানসম্মত যন্ত্রপাতি সংগ্রহে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান বলেন, এক্সকাভেটর ও ডাম্প ট্রাকসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অচল অবস্থায় পড়ে থাকার বিষয়টি সম্প্রতি তার নজরে এসেছে। এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য পর্যাপ্ত চালক নেই। চালকসংকট নিরসনে প্রয়োজনীয় অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। পাশাপাশি বিকল যন্ত্রপাতিগুলো মেরামতের উদ্যোগ নেয়া হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, কাঞ্চন পৌরসভার অচল যন্ত্রপাতিগুলো সচল করার বিষয়ে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। বিকল যন্ত্রপাতি মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের বিক্ষোভ ইউরোপের ৩১ দেশে ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ এম


ফ্রান্সের বিক্ষোভ ইউরোপের ৩১ দেশে ছড়িয়ে পড়েছে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভ ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টিরও বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে আলজাজিরা।

ফ্রান্স বর্তমানে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট এবং অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি এবং সামাজিক আবাসন সংক্রান্ত দাবি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। শ্রমিক সংগঠন এবং ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে একদিনে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। ফ্রান্সের পর স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ সংঘটিত হয়েছে। স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছে।

২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এই হামলায় আরও সাতজন আহত হন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।

মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন যে, অভিবাসী এবং মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করার জন্য উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

এদিকে, বামপন্থি দল ফ্রান্স আনবোডকে বিক্ষোভের সহিংসতার জন্য দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ এবং উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ এম


চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চীনের এক সন্দেহভাজন গোয়েন্দার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর কোম্পানির পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন যে, চীনা নারী ব্যবসায়ী অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিস চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) একজন গোয়েন্দা হিসেবে পরিচিত।

এনভিডিয়া এই ঘটনায় কোম্পানির গোপনীয় তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়ার কথা জানায়নি। প্রতিষ্ঠানটির বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এ ধরনের ক্ষতির আশঙ্কা করার মতো কোনো কারণ নেই। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সব তথ্য খতিয়ে দেখা হবে।

এদিকে, ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জেনসেন হুয়াং মুখ খুলেছেন। তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন।

এক বিবৃতিতে হুয়াং বলেন, “আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কাজ তাকে ও আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও জানান, নিজের কাজের সম্পূর্ণ দায় নিচ্ছেন এবং এনভিডিয়ার কর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের প্রতি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বোর্ডের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন হুয়াং। তিনি বলেন, “আমি এই তদন্তকে সমর্থন করি এবং এতে পূর্ণ সহযোগিতা করব।”

নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গর্বিত উল্লেখ করে হুয়াং জানান, তিনি তার দেশ ও কোম্পানিকে ভালোবাসেন। এনভিডিয়াকে সুরক্ষা দেওয়া এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের একটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও একটি বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন—এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বোর্ড আরও জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এসব বিষয় এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের সঙ্গেও জড়িত।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ ও হার্ডওয়্যার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীকে ঘিরে ওঠা এ অভিযোগ আন্তর্জাতিক প্রযুক্তি ও নিরাপত্তা অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%