০৬:৫৪ পি.এম
চট্টগ্রাম, ১৮ অক্টোবর, ২০২৬ : আগামী মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য। সফরের অংশ হিসেবে তিনি নগরের রহমতগঞ্জের জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
সভাটি নগরের হোটেল র্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে। এখানে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীদের সংখ্যা কম রাখা হবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে. এম. সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়াও, তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি পালন করবেন।
আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের
সভা সম্পর্কে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বাসস’কে বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতাকর্মীদের সংখ্যা কম রাখা হবে।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
এর আগে, গত ৯ আগস্ট হোটেল র্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে একই হোটেলে আবারও দলীয় সভার আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন