সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৫৩ পি.এম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিয়মিতভাবে মনিটরিং করবেন।
আজ সোমবার সচিবালয়ে নিজ অফিসকক্ষে তিনি ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণকালে কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরো জোরদার করা হবে।"
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে সংঘর্ষ ঘটে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের।
রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রাথমিকভাবে ১৮ জন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।
দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘সেলফী’ পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা সেলফী পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে রুট পারমিট বাতিলের দাবি জানান। মানববন্ধনের পর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক খন্দকার তুহিন হোসেন, সাবেক ছাত্র নেতা মাহবুব আলম মাবুল, গোলাম রাব্বানী, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব পিজুষ ফাইটার, সদস্য সাকিবুল ইসলাম সাকিব, মো. আব্বাস, মো. শফিকুল ইসলাম এবং মো. সুজন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, সেলফী বাসের দ্রুতগতির কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং চালকদের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উদ্বেগজনক। তারা চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেন।
যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া সেলফী পরিবহনের বিরুদ্ধে সাধারণ যাত্রীদেরও দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। দ্রুতগতিতে বাস চালানোর কারণে চালকদের অদক্ষতা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বারবার সামনে এসেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রুট পারমিট বাতিলের দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। সেলফী পরিবহন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিদ্যমান। চালকদের দক্ষতা যাচাই, মাদক পরীক্ষা এবং বাসের ফিটনেস নিশ্চিত না করে কোনো যানবাহনকে সড়কে চলাচলের অনুমতি দেওয়া উচিত নয়।
চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা, যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং নির্ধারিত গতিসীমা মেনে চলা নিশ্চিত করতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বক্তারা বলেন, সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি মেনে না নেওয়া হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে।
মানববন্ধনে বক্তারা সেলফী পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, অদক্ষ চালক দিয়ে বাস চালানো বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং চালকদের নিয়মিত মাদক পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় নিরাপদ সড়ক চাই, ন্যায্য বিচার চাই ও সেলফী পরিবহন বয়কটসহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, স্থানীয় লোকজন, যাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, আদালতের একাধিক আদেশ যা তার কঠোর নিরাপত্তা নীতির বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে, সেগুলোর বিরুদ্ধে তিনি আইনিভাবে প্রতিরোধ করবেন।
দে লা এসপ্রিয়েলা কলম্বিয়ার বিভিন্ন মাদক পাচারকারী গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে একটি কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। এই নিরাপত্তা নীতির আওতায় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
ক্ষমতা গ্রহণের পর থেকে, গত মাসে, ডানপন্থী প্রেসিডেন্টটি একাধিক আইনি বাধার সম্মুখীন হয়েছেন।
একটি আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছে যে, যদি কোনো নির্দিষ্ট এলাকায় অপ্রাপ্তবয়স্কদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়, তবে সেখানে অবস্থানরত গেরিলা গোষ্ঠীগুলোর ওপর বোমা হামলা চালাতে নিষেধ করতে হবে।
আরেকটি আদালতের আদেশে কোকা গাছের চাষ ধ্বংস করতে ব্যবহৃত গ্লাইফোসেট নামের আগাছানাশক ছিটানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাসায়নিকটি মানুষের শরীরে ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।
অন্য একটি আদালতের আদেশে প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওগুলোতে তাকে কথিত অপরাধীদের লাশের পাশে হাঁটতে দেখা গিয়েছিল।
রোববার এক ভাষণে দে লা এসপ্রিয়েলা বলেছেন, ‘আদালতের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করতে হবে এবং বিদ্যমান আদেশ মেনে চলতে হবে। তবে এর অর্থ এই নয় যে, সেগুলোর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অধিকার আমরা ছেড়ে দেব।’
কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক দেশ। একই সঙ্গে, দেশটি গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সময় পার করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত মাদক কার্টেলবিরোধী জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এও কলম্বিয়া যোগ দিয়েছে।
এই জোটে আর্জেন্টিনা, ইকুয়েডর ও এল সালভাদরসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হককে জানিয়েছেন, কল-কারখানাগুলোতে আগের মতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে। তিনি উল্লেখ করেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার সমাধান মঙ্গলবার রাত থেকেই হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক এ আশ্বাস পাওয়ার কথা জানান।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।"
এর আগে, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সংকট কাটিয়ে দেশে গ্যাসের সরবরাহ কয়েক দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানি ব্যবস্থার ফলে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ পূর্বের অবস্থায় ফিরবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ