১২:২২ পি.এম
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের জন্য ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই সহায়তার চেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনকে কেড়ে নেয় না, বরং অনেক সময় এটি একটি পরিবারের আর্থিক ও সামাজিক ভিত্তিকেও নড়বড়ে করে দিতে পারে। দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায় এবং কোন উপার্জনক্ষম সদস্যকে হারানোর পর পরিবারের সদস্যদের জীবনযাত্রায় অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
এছাড়া, বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দায়িত্বশীলতা, সড়ক পরিবহন আইন মেনে চলা এবং যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এভাবে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারে ৮২ লাখ টাকার সহায়তা প্রদান করার মধ্য দিয়ে দুর্ঘটনাকবলিত মানুষের পাশে রাষ্ট্রের দায়িত্বশীলতার বার্তা প্রকাশ পায়। তবে শুধু আর্থিক সহায়তা নয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন