০৭:৫৯ পি.এম
ভোলার দৌলতখানে এক মসজিদের ইমাম, মাওলানা আবু বকর সিদ্দিক (৬৫), দুর্বৃত্তদের দ্বারা প্রয়োগ করা নেশাজাতীয় বিষাক্ত স্প্রে ও অজ্ঞান পার্টির কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন বোরহানউদ্দিন (রানীগঞ্জ) আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মোহাদ্দেস এবং সৈয়দপুর মাঝি বাড়ি জামে মসজিদের ইমাম।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পূর্বে জানাজা শেষে তাঁকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমের আকস্মিক মৃত্যুতে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা মাওলানা আবু বকর সিদ্দিকের বসতঘরের জানালা দিয়ে নেশাজাতীয় বিষাক্ত স্প্রে করে। এতে ঘরে ঘুমিয়ে থাকা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শাহাদাত ও ১০ বছরের শিশু জুবাইদা অচেতন হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাওলানা আবু বকর সিদ্দিককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
নিহত সিদ্দিক হুজুরের ছেলে ইকবাল হোসেন জানান, অজ্ঞাত অজ্ঞান পার্টির দুষ্কৃতকারীরা ঘরে বিষাক্ত নেশাজাতীয় স্প্রে করলে ঘুমন্ত তিনজনই অচেতন হয়ে পড়েন। ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁর বাবার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড আক্রান্ত হলে তাঁর মৃত্যু ঘটে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন