০১:২৮ এম
‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ ঘটেছে দলনিরপেক্ষ, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ পাঠাগার আন্দোলনের। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের লক্ষ্যে এবং প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা ও প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সংগঠনটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সম্মেলনে অধ্যাপক এ এন রাশেদাকে সভাপতি, প্রকৌশলী রাশেদুল হাসান রিপনকে সাধারণ সম্পাদক এবং ফেরদৌস আহমেদ উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সম্মেলনের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এ সময় সারাদেশের প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শ্রেণি-পেশার মানুষকে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পরে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: গভর্নরের নির্দেশে উদ্যোক্তাদের সুবিধা দ্রুত পৌঁছানোর নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আকমল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সূচনা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতমুখী পরিস্থিতির মুখোমুখি, তখন পাঠাভ্যাসই মানুষকে প্রকৃত ইতিহাস জানতে এবং মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন লেখক ও গবেষক ড. নিতাই দাস, লেখক ও কলামিস্ট অধ্যাপক আবু তাহের খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবে ফিরে আসে।
আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন