ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

পাংশায় মাদকসেবী ও বালুখেকো ইউপি সদস্যসহ ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড


পাংশায় মাদকসেবী ও বালুখেকো ইউপি সদস্যসহ ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজবাড়ীর পাংশায় মাদকসেবী ও বালুখেকো ইউপি সদস্যসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় পাংশার ফুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাংশা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে আইয়ুব আলী (৫২) ও ফুলতলা গ্রামের দুলু শেখের ছেলে ওবাইদুল শেখকে (২৫) তিন মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাগুরাডাঙ্গী গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. মনিরুল ইসলামকে (৪৫) ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

অপরদিকে, কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লক্ষ্মীপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে ইউপি সদস্য তামজিদ মেম্বারকে (৪৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের মো. জোনাব আলীর ছেলে মো. আলামিন মোল্লা, পুরান শিকজান গ্রামের মো. আকবর আলী মণ্ডলের ছেলে মো. আসাদুজ্জামান (৪৩) এবং পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের মো. মান্নান মোল্লার ছেলে মো. সুমন মোল্লাকে (২৫) ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক, মোটরসাইকেল ও সিএনজি জব্দ

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্তদের রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির ট্রেইনারদের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির ট্রেইনারদের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে পাঠদানকে আরও কার্যকর করার উদ্দেশ্যে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের পূর্বে অংশগ্রহণকারী কোর ট্রেইনারদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। অনলাইন প্রশিক্ষণের যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। পাঁচ দিনের এই আবাসিক প্রশিক্ষণে কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান—প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ শেখা অপরিহার্য হয়ে উঠেছে। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থায় পরিবর্তন আনছে। বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের অভাব কিংবা প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জ থাকলেও বসে থাকার সুযোগ নেই; সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া অনেক বড় বিষয়।’

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং আধুনিক প্রশিক্ষণের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষকদের এই প্রশিক্ষণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে। কোর ট্রেইনার ও পরবর্তী সময়ে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের কলেজগুলোর শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসবে এবং এর সুফল পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী।

ড. আমানুল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পিছিয়ে থাকা কলেজগুলোতে কম্পিউটার ও প্রজেক্টর সরবরাহসহ প্রয়োজনীয় আইসিটি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিশাল কর্মযজ্ঞে সহযোগিতার জন্য তিনি ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, এই উদ্যোগ কোনো একক প্রতিষ্ঠানের জন্য নয়; বরং দেশের ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল করার একটি সম্মিলিত প্রচেষ্টা।

দেশের বিশিষ্ট এই শিক্ষাবিদ ও উন্নয়ন গবেষক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তাদের গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের এই প্রশিক্ষণ সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ ফাহমিদা শবনম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসানের সঞ্চালনায় দেশের বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীন গ্র্যাজুয়েটদের প্রতি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


নবীন গ্র্যাজুয়েটদের প্রতি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কর্মজীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। তিনি শিক্ষাজীবনের সাফল্যের পেছনে অবদান রাখা প্রতিটি মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল কর্মসংস্থান বা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা। প্রকৃত সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়, বরং সেই অর্জন দেশের, সমাজের ও মানুষের কল্যাণে কতটা কাজে লাগছে, তার মধ্যেই নিহিত।

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান দিদার এ হোসেইন। সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

নবীন স্নাতকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের অর্জন কেবল তাদের ব্যক্তিগত অধ্যবসায় ও নিষ্ঠার ফল নয়; এর পেছনে পরিবার, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। রিকশাচালক থেকে শুরু করে প্রবেশপথের নিরাপত্তাকর্মী পর্যন্ত যাদের সহযোগিতায় শিক্ষার পথচলা সহজ হয়েছে, তাদের অবদান স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, নৈতিক মূল্যবোধহীন শিক্ষা দক্ষতা দিতে পারলেও মানবকল্যাণে তার সঠিক দিকনির্দেশনা দিতে পারে না। তাই বস্তুগত অর্জনের পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি।

দেশের অর্থনৈতিক ও সামাজিক দূরদৃষ্টি তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের লক্ষ্য হচ্ছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি করা। এই অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম মুখ্য ভূমিকা পালন করবে।

উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি উচ্চশিক্ষায় ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিক জোনাস: ‘কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতাম না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


নিক জোনাস: ‘কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতাম না’

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস জানিয়েছেন, শৈশব ও কৈশোরে কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতেন না। স্কুলসহ বিভিন্ন সামাজিক পরিবেশে তিনি নিজেকে বিচ্ছিন্ন মনে করতেন। তবে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর একই অভিজ্ঞতার মধ্যে থাকা মানুষের সঙ্গে পরিচয় তাকে নতুনভাবে নিজের জায়গা খুঁজে পেতে সহায়তা করেছে।

নিক ২১ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ১৩ বছর বয়সে তিনি এই রোগে আক্রান্ত হন। বর্তমানে ৩৪ বছর বয়সী এই শিল্পী জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে প্রকাশিত এক খোলা চিঠিতে তার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেছেন।

চিঠিতে নিক ডায়াবেটিসকে ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘হ্যালো, পুরনো বন্ধু। আমাদের পরিচয়ের কত বছর হলো? ২১ বছর। ২১ বছর পরও তোমার কোনো পরিবর্তন নেই।’

নিক তার দৈনন্দিন জীবনে রোগটির সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, রক্তে গ্লুকোজের মাত্রা দেখতে বারবার ফোনের দিকে তাকানো কিংবা খাবার খাওয়ার আগে ইনসুলিন নেওয়া তার জীবনের অংশ হয়ে উঠেছে। তার মতে, এসব ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে ডায়াবেটিসের সঙ্গে প্রতিদিনের সম্পর্ক তৈরি হয়। শরীর, মন ও প্রযুক্তির মধ্যে একটি নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

নিক জানান, ডায়াবেটিসের অনিশ্চয়তা তার জীবনযাপনের ধরন পরিবর্তন করেছে। আগে তিনি নিজের জীবনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে রাখার ধারণা পোষণ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা ভেঙে গেছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা থেকে কিছু শেখার জন্য তিনি কৃতজ্ঞ, তবে রোগটির প্রতি ক্ষোভও রয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার একাংশ এই শিক্ষা পাওয়ার জন্য কৃতজ্ঞ। অন্য অংশ তোমার ওপর ক্ষুব্ধ। এমন দিন আসে, যখন ভাবি, তোমাকে ছাড়া জীবনটা কেমন হতো।’

নিক জানিয়েছেন, শৈশব ও কৈশোরে নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হতো। তার ভাষায়, ‘আমি সব সময়ই কোথাও নিজেকে মানিয়ে নিতে বা নিজের জায়গা খুঁজে পেতে সংগ্রাম করেছি। স্কুলে নিজেকে ভুল বোঝা একজন মানুষ মনে হতো। অন্য অনেক জায়গাতেও একই অনুভূতি ছিল। শৈশব ও কৈশোরজুড়েই বিষয়টি এমন ছিল।’

তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রকাশ্যে কথা বলা এবং একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে পরিচয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। তিনি প্রথমবারের মতো কোনো একটি সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি পান।

নিক তার অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্যও জানিয়েছেন। তিনি বলেন, ১৩ বছর বয়সে যেসব শিশু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভয়ে থাকে, তাদের জন্যই তিনি নিজের গল্প তুলে ধরেন।

নিকের ভাষায়, ‘আমি আমার গল্প বলি সেই ১৩ বছর বয়সী শিশুটির জন্য, যে নতুন করে রোগ নির্ণয়ের পর হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ে কাঁপছে। আমি চাই, সে যেন এমন কাউকে দেখতে পায়, যে প্রতিদিন এই পরিস্থিতি সামলেও নিজের স্বপ্নের জীবন গড়ে তুলছে।’

জোনাস ব্রাদার্সের সদস্য হিসেবে পরিচিত নিক জোনাস সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে সচেতনতা তৈরির কাজও করে আসছেন। তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে দিয়ে একই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহস জোগাতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া প্রতিমন্ত্রী: ৫১ জেলা স্টেডিয়ামের আধুনিকায়ন শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ক্রীড়া প্রতিমন্ত্রী: ৫১ জেলা স্টেডিয়ামের আধুনিকায়ন শুরু হবে

দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি উল্লেখ করেন, দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে, নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতি স্মরণ করে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে অতিদ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে কঠোর অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এত দিন ধরে সমাজ কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রথাগত সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা লালন করলেও, এখন খেলাধুলাকেও একটি টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদকে আনা হয়েছে।

খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বহু নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন। এই দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে রাজনৈতিক এই পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ধরনের স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা পতিত স্বৈরাচারী নেত্রী ও তাদের দোসরদের নিয়ে এখনো স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন এবং দেশের জনগণ তাদের আর কখনোই মেনে নেবে না।

সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সকল অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%