ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

একই দিনে দুইবার উদ্বোধন, জামায়াতের এমপি সকালে ও বিএনপির সাবেক এমপি বিকেলে


একই দিনে দুইবার উদ্বোধন, জামায়াতের এমপি সকালে ও বিএনপির সাবেক এমপি বিকেলে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী একটি সড়ক একই দিনে দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে। জামায়াতের বর্তমান এমপি সকালে সড়কটির নির্মাণ কাজ উদ্বোধন করেন, আর বিকেলে বিএনপির সাবেক এমপি পুনরায় তা উদ্বোধন করেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এমন উদ্বোধন এবং পাল্টা উদ্বোধনের ঘটনা ঘটেছে। তবে এলজিইডি জানাচ্ছে, কোনটিই আনুষ্ঠানিক উদ্বোধন নয়।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত সড়ক নির্মাণের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি শুরু করেছে। তিন কিলোমিটার ৫৫০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। সড়কটি নির্মাণ হলে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির টহল ও সীমান্তে নজরদারিতে সুবিধা হবে এবং পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

এদিকে, কাজ কয়েকদিন আগে থেকেই শুরু হলেও রোববার (০১ নভেম্বর) সকালে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। একই দিনে বিকেলে সেই সড়কটির পুনরায় উদ্বোধন করেন, এই আসনে বিএনপির সাবেক এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

আরও পড়ুন: গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান

উদ্বোধনের সময় সকাল ও বিকেলে বর্তমান ও সাবেক এমপির মধ্যে পাল্টাপাল্টি সমালোচনা করতে দেখা যায়। তবে এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান বা সাবেক এমপি উদ্বোধন করলেও কোনটিই আনুষ্ঠানিক উদ্বোধন নয়। এমনকি সাবেক ও বর্তমান এমপি উদ্বোধন দাবি করলেও সড়কটির নির্মাণকাজ প্রায় দুই সপ্তাহ আগেই শুরু হয়েছে বলে জানা গেছে।

সকালে এমপি বুলবুল উদ্বোধনের সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নামসহ ব্যানার থাকলেও বিকেলে সাবেক এমপি হারুনুর রশীদ উদ্বোধন করার সময় তা ছিল না। সাবেক এমপি হারুনুর রশীদ ফিতা কেটে উদ্বোধন করেন। তবে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদাররা উভয় সময়েই উপস্থিত ছিলেন।

এনিয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলকে পাওয়া যায়নি। তবে উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আপনি (হারুনুর রশীদ) যদি চান চাঁপাইনবাবগঞ্জে যত ভালো কাজ হবে, এর উদ্বোধনে আমার সাথে থাকতে চান, ওয়েলকাম, আপনি থাকবেন আমার সাথে। কারণ আমি সহযোগিতা ও সহমর্মিতার সঙ্গে জেলাকে সবাই মিলে এগিয়ে নিতে চাই। সুতরাং, আমি যেই কাজ উদ্বোধন করব, আপনি আমার সাথে থাকেন কোনো অসুবিধা নাই। আপনি জেলা পরিষদের প্রশাসক, সেই বরাদ্দ নিয়ে থাকেন। আপনার যে বরাদ্দ আসবে, কী বাজেট আসছে আপনি কোন খাতে খরচ করছেন এবং করবেন, সেটি জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে খোঁজ-খবর নেয়ার দায়িত্ব এমপির আছে। এটি শুধু আমার একার নয়, সারা বাংলাদেশের সকল এমপির আছে। সুতরাং আপনার তদারকি করা আমার দায়িত্ব। কিন্তু আমার কোনো কাজের দিকে তাঁকানো আপনার দায়িত্ব না।’

তিনি আরও বলেন, ‘আগামী ৫ বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে যা কাজ হবে, তার সব কাজের দায়িত্ব হচ্ছে এমপির। যেটা এমপির কাজ, এমপিকে করতে দিবেন। ৬২ হাজার ৬১৯ ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হয়েছি, এতগুলো মানুষ আমাকে আপনার থেকে বেশি সমর্থন দিয়েছে। আপনার ভোট আপনি কিভাবে পেয়েছেন, সেটি জনগণ জানে। জনগণের কোনো অধিকার নিয়ে আপনি (সাবেক এমপি ও বিএনপি নেতা হারুনুর রশীদ) হউন আর যেই হউন ছিনিমিনি খেললে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব। এখানে এলজিইডির কাজ হবে, আর আপনি উদ্বোধন করবেন। আমার কাজ, আর আপনি উদ্বোধন করবেন। এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে, জনগণ দেয়নি।’

আরও পড়ুন: দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার সংবাদ সম্মেলন

একই সড়ক বারবার উদ্বোধনের কারণ জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ বলেন, ‘এনিয়ে এমপি বুলবুলকে প্রশ্ন করুন। তিনিই বলতে পারবেন। আমি নিজে এসব রাস্তা-ঘাটের বরাদ্দ নিয়ে আসছি, আর তিনি (এমপি বুলবুল) গিয়ে উদ্বোধন করছে। বরাদ্দ-প্রকল্প আমি নিয়ে আসছি, আর ব্যানার টাঙিয়ে গিয়ে উদ্বোধন বললেই হলো? এত ছ্যাচড়ামি করার কোন দরকার নাই। একজন এমপির প্রটোকল তাকে বুঝতে হবে। বরাদ্দ নিয়ে আসার সুবাদে আমি সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে পরিদর্শন বা উদ্বোধন করতেই পারি।’

এদিকে, উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ বলেন, ‘আমাদের নতুন এমপিকে (নুরুল ইসলাম বুলবুল) বলব, বহু কাঁচা রাস্তা আছে ভাই, তুমি টাকা বরাদ্দ নিয়ে এসে কাজ করো, তোমার বরাদ্দ আনার ক্ষমতা আমরা দেখতে চাই। মানুষ চাই, এখানে আরও কাজ হোক, উন্নয়ন হোক, কোন অসুবিধা নাই। কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলবা, উল্টাপাল্টা কথা বললে, জনগণ কিন্তু সেব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবে। এরকম ছ্যাচড়া এমপি আমি দেখিনি। এত ছ্যাচড়া এমপি বাংলাদেশে আর কোথাও আছে কি না আমার জানা নেই। সড়কটি আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল, বাস্তবায়নেও আমার অনেক সহযোগিতা ছিল।’

সড়ক নির্মাণের ঠিকাদার মো. সেলিম রেজা বলেন, ‘বর্তমান ও সাবেক এমপি উদ্বোধনের দুই সময়ই আমি উপস্থিত ছিলাম। এনিয়ে আমাদের তেমন কোন কার্যক্রম নেই। উদ্বোধন ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি পরিদর্শনে আসলে, আমাদেরকে থাকতেই হয়। সেই সুবাদেই আমার থাকা।’

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ।

আরও পড়ুন: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, এলজিইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এটি হলে আমরা ফলক বসাতাম। কিন্তু তা করা হয়নি। বর্তমান ও সাবেক এমপি দুজনই তদারকির কাজে গেছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পরিদর্শন বা তদারকিতে গেলে আমরা সেখানে উপস্থিত থাকি। চলতি বছরের ডিসেম্বরই প্রকল্পের মেয়াদ শেষ হবে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ব্যবস্থায় মেধাভিত্তিক মূল্যায়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


শিক্ষা ব্যবস্থায় মেধাভিত্তিক মূল্যায়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এমনটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি বিদ্যমান ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। ফেল করা শিক্ষার্থীদের জন্য এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।

তিনি শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তরের ওপর জোর দিয়ে বলেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে। সম্পূর্ণ মেধা, দক্ষতা এবং পিরামিড কাঠামোগত ডিজিটাল সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় শিক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করা হবে। এর ফলে যোগ্য ও মেধা সম্পন্ন শিক্ষকরা উপযুক্ত স্থানে অধিষ্ঠিত হয়ে শিক্ষা প্রসারে মূল ভূমিকা রাখতে সক্ষম হবেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষায় বাজেটের ঘাটতি নেই, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করে শ্রেণিকক্ষগুলোতে আধুনিক তথ্যপ্রযুক্তি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষকদের আধুনিক আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী ড. মিলন আরও বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি যুগোপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসপোর্ট সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধে অভিযান, ৭ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


পাসপোর্ট সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধে অভিযান, ৭ জনের কারাদণ্ড

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী এলাকায় সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধ করার উদ্দেশ্যে এসআরবি-২ এর ভ্রাম্যমান আদালত একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসআরবি-২ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দালাল চক্রের মোট ১২ জনকে আটক করা হয়েছে। এসআরবি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অপরাধের ভিত্তিতে তাদের মধ্যে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এদের মধ্যে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দুই জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটককৃতদের মধ্যে বাকি পাঁচ জনকে দালালচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ার কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুক্ত করে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ প্রদান করেছে। এই নিয়োগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করে করা হয়েছে।

গত ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগপ্রাপ্তদের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এই পদের বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে যোগদান করতে হবে। যোগদানপত্র ঢাকার আগারগাঁওয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত কক্ষে জমা দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরিতে যোগ দিতে আগ্রহী না বলে গণ্য করা হবে এবং তার নিয়োগ বাতিল করা হবে।

নিয়োগের প্রক্রিয়ায় কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সনদপত্র যাচাই অন্তর্ভুক্ত রয়েছে। নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে তাদের কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে।

এছাড়া, নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চারটি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। এ বিষয়ে তাদের নির্ধারিত অঙ্গীকারনামা বা বন্ড সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে। চাকরিতে যোগদানের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসরণ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের সঙ্গে নিয়োগপ্রাপ্ত ১৮১ জনের নাম, নিবন্ধন নম্বর, জন্মতারিখ ও নিজ জেলার তালিকাও সংযুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নয়: ডিআইজি মুস্তাফিজুর রহমান

ঢাকার সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় চলমান আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে কেউ সাধারণ শ্রমিক নয়, এমন তথ্য জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, "শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেয়া হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।"

এদিকে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, "গত দুদিনের তুলনায় সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।"

এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%