ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলট নাতালিয়ার বয়স মাত্র ২০


ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলট নাতালিয়ার বয়স মাত্র ২০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ মোট নয়জন আরোহী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পূর্বে আকাশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তার কথোপকথনের একটি রেকর্ড প্রকাশিত হয়েছে। সেই রেকর্ডে তাকে বারবার ‘মে ডে’ বলে জরুরি সাহায্য চেয়ে থাকতে দেখা যায়।

রোববার (১ নভেম্বর) টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশে যাত্রা করা ব্যক্তিগত বিমানটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে নাতালিয়া জানান, বাইরের তাপমাত্রা মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় উড়োজাহাজে বরফ জমছিল। বিমানটি প্রচণ্ড ঝাঁকুনিতে প্রায় ৭০০ ফুট ওঠানামা করছিল।

এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, বিমানটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নেমে যাচ্ছে। পরে তিনি আরও জানান, এটি অতিরিক্ত গতিতে নেমে আসছে এবং প্রতি মিনিটে ২০ হাজার ফুট নিচে নামছে। কিছুক্ষণ পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

বিমানের উড্ডয়নসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার মাত্র এক মিনিট আগে এটি ২৭ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল।

ব্রাজিলীয় পরিবারে জন্ম নেওয়া নাতালিয়া ফ্লোরিডায় বসবাস করতেন। ২০২৩ সালে মাত্র ১৭ বছর বয়সে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী থাকাকালীন তিনি ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্স লাভ করেন। ২০২০ সালে পাইলট প্রশিক্ষণ শুরু করেছিলেন তিনি, এবং তার বাবা তাকে বিমান চালানো শেখাতেন।

নাতালিয়ার মা ক্যামিলা গাদেলহা কোর্টেলেটি জানান, তার মেয়ে নয় মাস ধরে বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করছিলেন। তিনি ছিলেন দায়িত্বশীল ও পরিশ্রমী। তবে তার লাইসেন্সে বিমান চালানোর অনুমতি থাকলেও পুরো উড্ডয়ন পরিচালনার দায়িত্ব নেওয়ার অনুমতি ছিল না।

নাতালিয়ার সৎবাবা থিয়াগো কোর্টেলেটির দাবি, তার মেয়ের ১ হাজার ৩০০ ঘণ্টা বিমান বা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগে প্রেমিককে পাঠানো বার্তায় তিনি প্রচণ্ড ঝাঁকুনি ও বরফ জমার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন: রাহুল গান্ধী মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানালেন

এদিকে, দুর্ঘটনায় নিহত সাত যাত্রীর মধ্যে ছিলেন অ্যাডাম রবিনসন, তার স্ত্রী হেলেন শার্প, তাদের চার বছর বয়সী মেয়ে এমা, দুই বছর বয়সী ছেলে চার্লি এবং শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকা অনিতা মারিয়া সেটিনা। নিহত অন্য দুজন হলেন র‌্যাচেল রিড ও চার্মি ফেহর। এছাড়া দুই পাইলটও প্রাণ হারিয়েছেন, তবে অন্য পাইলটের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

নিহত অ্যাডাম রবিনসন ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা। তিনি ই-মেইল বিপণন প্রতিষ্ঠান ‘রব্লি’র সহপ্রতিষ্ঠাতা এবং ‘রিটেনশন ডটকম’-এর প্রতিষ্ঠাতা ছিলেন। অস্টিন টেকনোলজি কাউন্সিলের প্রধান নির্বাহী থম সিঙ্গার তাকে শহরটির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন।

নিহত যাত্রীদের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে পাইলটদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন: বিজয়ী আবদুল আল-সাইয়েদ ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


মাদকসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে মাদকদ্রব্য (গাঁজা) সহ আটক করার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় গত ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহকারী ছাত্র বিষয়ক পরিচালকদের নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নির্মাণাধীন ০৪ নম্বর একাডেমিক ভবনের দ্বিতীয় তলা থেকে গাঁজাসহ তিন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।

শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এস এম তৌফিক আলমকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মুশফিক উল ইসলাম ও কাজী রিয়াজুল ছলেহীনকে পরবর্তী এক টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তাদের ১০ হাজার ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের থেকে মুচলেকা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেছেন, “নিয়মিত টহল কার্যক্রমের সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় তাদের ভিডিও ধারণ করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

তিনি আরও জানান, পূর্বে তারা এ ধরনের অপরাধে জড়িত ছিল বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের হল রোডের এক ভ্যানচালকের কাছ থেকে তারা মাদক সংগ্রহ করত বলেও তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ওই ভ্যানচালককে আটক করা হলে তার থেকেও উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আইনের আওতায় আনা হয়।

ঘটনার পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই তিন শিক্ষার্থীকে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডির ১৪ তলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ধানমন্ডির ১৪ তলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে

রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এর ২৮ নম্বর ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পলাশী ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি এবং আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয়ের মাঝেই মঞ্চে ঢলে পড়লেন নাট্যব্যক্তিত্ব সেলিম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


অভিনয়ের মাঝেই মঞ্চে ঢলে পড়লেন নাট্যব্যক্তিত্ব সেলিম

কানাডার টরন্টোতে মঞ্চনাটকে অভিনয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে টরন্টোর একটি মিলনায়তনে এই ঘটনা ঘটে। ‘প্রাচ্য প্রতিচ্য’ প্রযোজিত ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন সেলিম। নাটকের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এই নাট্যব্যক্তিত্ব। ঘটনার সময় মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল। প্রিয় শিল্পীকে চোখের সামনে এভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার পর কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এদিকে মাহমুদুল ইসলাম সেলিমের সহধর্মিণী লাভলী বেগম তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

মাহমুদুল ইসলাম সেলিম বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি অভিনয় ও নাট্যনির্দেশনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। কানাডায় বসবাস করলেও বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন এই নাট্যব্যক্তিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, যদি তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ সামরিক অভিযান চালাতে হতে পারে।

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "আমাদের হয়তো পিকঅ্যাক্সে অভিযান চালাতে হতে পারে। আমরা চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে এটি করতে পারি। যখনই চাই, ঠিক তখনই করতে পারি (হামলা)।"

ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সম্ভাবনাকে নাকচ করেননি। তিনি মন্তব্য করেন, "তারা যদি কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে এটি (যুদ্ধ) ঘটতে পারে। তবে তারা খুব করেই চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও অনেক বেশি।"

ট্রাম্প আরও উল্লেখ করেন, "আমি যদি একটি চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটিই করতে চাইব। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।"

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%