০৪:৫৮ পি.এম
কানাডার টরন্টোতে মঞ্চনাটকে অভিনয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে টরন্টোর একটি মিলনায়তনে এই ঘটনা ঘটে। ‘প্রাচ্য প্রতিচ্য’ প্রযোজিত ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন সেলিম। নাটকের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন এই নাট্যব্যক্তিত্ব। ঘটনার সময় মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল। প্রিয় শিল্পীকে চোখের সামনে এভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার পর কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আরও পড়ুন: ‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ
এদিকে মাহমুদুল ইসলাম সেলিমের সহধর্মিণী লাভলী বেগম তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
মাহমুদুল ইসলাম সেলিম বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি অভিনয় ও নাট্যনির্দেশনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। কানাডায় বসবাস করলেও বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন এই নাট্যব্যক্তিত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন