০৪:৫৯ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের সহিংস অপতৎপরতা তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে চলছে, এবং জামায়াতের আমীর এই পরিস্থিতির দায় এড়াতে পারেন না। তিনি উল্লেখ করেন, "শ্রমিকদের ন্যায্য প্রতিবাদের সঙ্গে আমাদের পূর্ণ সংহতি রয়েছে।" তবে তিনি সতর্ক করেন যে, এই আন্দোলনকে উসকে দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার পেছনে রয়েছে ইন্ধন। তিনি জানান, লংমার্চের দাবিগুলো বাস্তবায়নে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা ভুষন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীরের কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, "১১ দলের লংমার্চের মঞ্চ থেকে জামায়াত আমীর হুঁশিয়ারি দিয়েছিলেন—দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে।" তিনি উল্লেখ করেন, জামায়াতের এই বক্তব্যের পর থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ পোশাক খাতের অসন্তোষকে পুঁজি করে মাঠে নেমেছে। তিনি বলেন, "দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই তৈরি পোশাক শিল্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হচ্ছে।"
আরও পড়ুন: আজ সংবিধান দিবস: গণতন্ত্র ও আইনের শাসনের মূলভিত্তি
‘আমার দেশ’ পত্রিকা ছেড়ার ঘটনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, "একসময় ‘আমার দেশ’ গণমানুষের পত্রিকা ছিল।" তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে পত্রিকাটি নানামুখী বয়ান তৈরি করতে শুরু করে। রাশেদ খান বলেন, "পত্রিকাটি এখন কার্যত জামায়াতের মুখপত্রে রূপ নিয়েছে এবং সাধারণ মানুষ এটিকে অপপ্রচারের আস্তানা বা প্রোপাগান্ডা হাউজ হিসেবে চিহ্নিত করছে।"
ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন—এই তথ্য আমি প্রমাণসহ সামনে এনেছি।" তিনি চ্যালেঞ্জ জানান, "আমার উপস্থাপিত তথ্য ভুল প্রমাণ করতে পারলে তিনি মানহানির মামলা করতে পারেন।" রাশেদ খান বলেন, "আমি আসলে একটি অসত্য ও মিথ্যা বয়ানকে ছিঁড়ে ফেলেছি এবং আমার ওপর চাপানো ‘আওয়ামী ট্যাগিং’কে দুমড়ে-মুচড়ে দিয়েছি।"
দেশের বর্তমান গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিএনপি নেতা রাশেদ খান বলেন, "জ্বালানি খাতে সংকট তীব্র।" তিনি জানান, সরকার বিকল্প উপায়ে সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, "বিগত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন কোনো গ্যাসকূপ সন্ধান করা হয়নি।" তিনি জানান, "বাজার সিন্ডিকেটও সরকারকে বিপদে ফেলার অপচেষ্টায় লিপ্ত।" সংকট কাটলে গ্যাসের দাম সমন্বয় করবে সরকার। তিনি যোগ করেন, "১৯৭১ ও ২০২৪-এর পরাজিত দুই অপশক্তি বর্তমান সরকারকে ব্যর্থ করতে একজোট হয়ে ষড়যন্ত্র করছে, যা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হচ্ছে।"
জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র হার্ভার্ড বিজ্ঞানী পেত্রোভার বিরুদ্ধে ব্যাঙের ভ্রূণ পাচারের মামলা প্রত্যাহার করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন