০১:৩৮ পি.এম
সিরাজগঞ্জ সদরে চিকিৎসা সনদ ছাড়া রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করায় এম এ ওয়াদুদ নামের এক পল্লী চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভেড়ামারা বাজারের 'রহমান মেডিকেল হল' ঔষধের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত এম এ ওয়াদুদ ওই দোকানের স্বত্বাধিকারী। তিনি বাহুকা গ্রামের বাসিন্দা এবং পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুন: খুলনায় আলোচিত জোড়া হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এম এ ওয়াদুদ কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই রোগীদের জন্য ব্যবস্থাপত্র লেখেন। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। পরে সত্যতা পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সেবাগ্রহীতাদের স্বাস্থ্যহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে তিনি আর কখনও ব্যবস্থাপত্র লিখবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার জোবায়দা সুলতানা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন