০২:৫৬ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জয়ী হলে নির্বাচনের ফল ঘোষণা আটকে দেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন একটি ফেডারেল আদালত খারিজ করে দিয়েছে।
রোববার আদালত এই আবেদন খারিজ করে জানায়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: বিজয় দাবি করে আবদুল আল-সাইয়েদ বললেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদার গুরুত্ব
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতে মঙ্গলবারের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক অনুমোদন (সার্টিফিকেশন) স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।
তাদের যুক্তি ছিল, ড্যান সুলিভান নামের আরেকজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং এতে রিপাবলিকান সিনেটর সুলিভানের ভোট কমে যেতে পারে।
ট্রাম্প নিজেই এই আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ফল চ্যালেঞ্জ করার আশঙ্কা রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে থাকা আসন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে, আলাস্কা তার মধ্যে একটি।
আরও পড়ুন: মিশিগানে ইতিহাস গড়ার পথে আবদুল এল-সায়েদ
মামলার আবেদনে অভিযোগ করা হয়, আলাস্কার ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামে আরেকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে রিপাবলিকান প্রার্থীর ভোট ভাগ করে নিজেদের জন্য অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।
আবেদনে আরও বলা হয়, যদি ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হন, তবে তদন্তের নির্দেশ দিতে হবে। এর মাধ্যমে দ্বিতীয় ড্যান সুলিভানকে দেওয়া ভোটগুলোর মধ্যে কতজন প্রকৃতপক্ষে বর্তমান রিপাবলিকান সিনেটরকে ভোট দিতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।
সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারক শ্যারন গ্লিসন তার রায়ে বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এর ফলে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
তবে মেরি পেলটোলা নির্বাচনে অংশ নেওয়া দ্বিতীয় ড্যান সুলিভানকে ইচ্ছাকৃতভাবে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন—এ অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা পেতে যাচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর
আদালতের রায়ের পরপরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
বিচার বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কার ভোটারদের একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার অধিকার রয়েছে। নির্বাচনের ফল কারসাজি করার উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করা উচিত নয়।’
এদিকে আদালতের রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ভুয়া ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র’ উধাও হয়ে গেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির আইনজীবী ও কর্মীদের বিরুদ্ধে আইন অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের ‘অপরাধী’ বলেও আখ্যায়িত করেন।
আরও পড়ুন: পাকিস্তানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে জেইউআই-এফের সমর্থন চায় পিটিআই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন