ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
সৌদিগামী ফ্লাইট বাতিল

শাহজালাল বিমানবন্দরে দেখা গেল ভিন্ন চিত্র, কমেছে যাত্রী উপস্থিতি


শাহজালাল বিমানবন্দরে দেখা গেল ভিন্ন চিত্র, কমেছে যাত্রী উপস্থিতি

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার পর একের পর এক ফ্লাইট বাতিল হওয়ার ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাধারণত যাত্রী ও তাদের স্বজনদের ভিড়ে মুখর থাকা টার্মিনালে মঙ্গলবার ভিন্ন চিত্র দেখা গেছে। যাত্রীদের আনাগোনা কম থাকায় বিমানবন্দরের বহির্গমন এলাকা অনেকটা ফাঁকা পড়ে ছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এমন চিত্র দেখা যায়।

শ্রীলংকাগামী পর্যটক হাবিবুর রহমান জানান, তিনি এর আগে ভারত, মালয়েশিয়া ও নেপাল ভ্রমণ করেছেন। কিন্তু বিমানবন্দরের এমন দৃশ্য তিনি কখনো দেখেননি। তিনি বলেন, ‘আগে যাত্রী ও তাদের স্বজনদের ভিড় ঠেলে লাইনে দাঁড়াতে হতো। কিন্তু আজ বিমানবন্দর প্রায় ফাঁকা। সৌদিগামী ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের উপস্থিতি কমে গেছে।’

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

হাবিবুর রহমানের সঙ্গে থাকা নাসির বলেন, তারা একসঙ্গে অনেক দেশে ভ্রমণ করেছেন। তবে বিমানবন্দরের এমন চিত্র আগে দেখেননি। তার ভাষ্য, সৌদি আরবে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে যাত্রীদের উপস্থিতি কমে যাওয়ায় সৌদিগামী যাত্রীর সংখ্যার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

কাতারগামী যাত্রী সোহেল মাহমুদ জানান, বিমানবন্দরে চিরচেনা দৃশ্য নেই। সাধারণত পুরো টার্মিনাল যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ থাকে। কিন্তু মঙ্গলবার সেই চিত্র দেখা যায়নি। যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না, বিষয়টি খারাপ লাগছে।

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এতে বাংলাদেশিসহ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হলে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলেও প্রভাব পড়ে।

মঙ্গলবার পর্যন্ত সরাসরি ও ট্রানজিট রুট মিলিয়ে ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসও আগামী ১৭ ও ২১ অক্টোবর পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।

আরও পড়ুন: কমলনগরে ইসমাইল জবিউল্লাহর ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান ও ভুলুয়া নদী পুনঃখননের আশাবাদ

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের বিমানবন্দরে এসে ফিরে যাওয়ার ঘটনাও ঘটেছে। গত রোববার ও সোমবার অনেক যাত্রী বিমানবন্দরে এলেও ফ্লাইট বাতিলের খবর পেয়ে ফিরে যান। এরপর থেকে অনেক যাত্রী বিমানবন্দরে আসার আগে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে ক্লাশ পরিচালনা করাচ্ছেন রাবি ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে ক্লাশ পরিচালনা করাচ্ছেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদলের নেতা নাফিউল ইসলাম জীবন, যিনি রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তিনি নিজে ক্লাশ নেন না। পরিবর্তে, তার মামা আসমত আলী ক্লাশ পরিচালনা করেন। জীবন নিজেই এই বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছেন।

নাফিউল ইসলাম জীবন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া, ২০২৫ সালের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তার।

তথ্য অনুসন্ধানে জানা যায়, নাফিউল ইসলাম ২০২৫ সালে বাঘা উপজেলার পারসওতা হযরত শাহ সুফি বাঘু দেওয়ান (রহ.) আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে যে, যোগদানের পর থেকেই তিনি মামা আসমত আলীকে দিয়ে ক্লাশ করিয়ে আসছেন।

মাদ্রাসাটির অধ্যক্ষ মোহাম্মদ বজলুল করীম বলেন, নাফিউলের পরিবর্তে অন্য একজন ‘প্রক্সি’ হিসেবে ক্লাশ পরিচালনা করেন। জীবন জানিয়েছেন, তার স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন হয়নি, তাই তিনি আপাতত অন্য একজনকে দিয়ে ক্লাশ করানোর ব্যবস্থা করেছেন।

অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, কমিটির কেউ এতে বাধা দেন না। আমাদের পক্ষ থেকেও কেউ বাধা দিচ্ছেন না। এলাকার লোকজনও কিছু বলেন না। শুরু থেকেই প্রক্সি ক্লাশ নেওয়া হচ্ছে। মাস্টার্স শেষ করলেই হয়তো সে নিয়মিত ক্লাশ নেবে।

নাফিউলের পরিবর্তে ক্লাশ নেন এমন ব্যক্তির নাম জানতে চাইলে অধ্যক্ষ জানান, ওই ব্যক্তি আসমত আলী।

ছাত্রদল নেতা নাফিউল অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, অনার্স শেষ করার পর ২০২৩-২৪ সালের দিকে নিবন্ধন আসে। তখন তিনি মনে করেন, এত ত্যাগ ও জুলুম-নির্যাতনের শিকার হওয়ার পরও বসে থাকা উচিত নয়। তিনি জানান, ২০২৪ সালের নির্বাচনের পর নিবন্ধন পরীক্ষা হয় এবং তিনি উত্তীর্ণ হন। পরে পরিবার থেকে চাকরিতে যোগ দিতে বলা হয়।

তিনি আরও বলেন, রাকসু নির্বাচনের পর তিনি চাকরিতে যোগ দেন, তখনও তার মাস্টার্স শেষ হয়নি। তিনি মাদ্রাসার প্রিন্সিপালকে জানিয়ে অনুরোধ করেন, যেন তাকে মাস্টার্স শেষ করার সুযোগ দেওয়া হয়। তার মামা, যিনি কামিল পাস করেছেন, তাকে বলেন, "আপনি আমার পরিবর্তে ক্লাশগুলো নেন।" এভাবেই চলতে থাকে। তিনি জানান, বেতন যা পান, তার অর্ধেক মামাকে দিতে হয়, আর অর্ধেক তিনি নেন।

বিষয়টি গোপন করার বিষয়ে জানতে চাইলে জীবন বলেন, তিনি বিষয়টি আড়াল করার চেষ্টা করেছেন, কারণ এটি তার রাজনৈতিক সম্পৃক্ততার সঙ্গে জড়িত। তিনি বলেন, "এটাকে পুরোপুরি বৈধ বলা যায় না, কারণ আমার চাকরিটি অন্য একজন চালিয়ে যাচ্ছেন।"

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সাল তালুকদার বলেন, বিষয়টি তার জানা নেই। প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাশ করানোর কোনো নিয়ম নেই। তিনি জানান, তারা এ বিষয়ে খোঁজখবর নেবেন এবং তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লাইদুবাইকাণ্ডে নতুন মোড়, দুই পাইলট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


ফ্লাইদুবাইকাণ্ডে নতুন মোড়, দুই পাইলট গ্রেফতার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফ্লাইদুবাইয়ের আরও দুই পাইলটকে গ্রেফতার করা হয়েছে, যারা সন্ত্রাসী হামলার পরিকল্পনার সন্দেহে আটক হন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের দুজনই অতীতে ইসরাইল সফর করেছেন। উড়োজাহাজটির ককপিটে হামলার অভিযোগের তদন্তের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানায়, শনিবার ওই দুই পাইলটকে পুলিশ আটক করে। তারা দুজনই ফ্লাইদুবাইয়ের কর্মী। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মালদ্বীপের দূতাবাস তাদের পরিবারের সদস্যদের জানায় যে, পাইলটদের আটক রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইদুবাইয়ে কর্মরত মালদ্বীপের ছয় পাইলটের মধ্যে সর্বশেষ নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে এই দুজন অন্তর্ভুক্ত। গত ৩০ সেপ্টেম্বর উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগ ওঠা ওমানের সহকারী পাইলট হামাম আল-হাম্মামির সঙ্গে তারা কাজ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ দুই পাইলটকে গ্রেফতারের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র মোহাম্মদ হুসাইন শরিফ কিংবা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অভিযোগও আনা হয়নি।

ককপিটে হামলার অভিযোগ

আল-হাম্মামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে উড়োজাহাজের ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুঠার দিয়ে আক্রমণ করেন এবং উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ফ্লাইদুবাই ঘটনাটিকে ককপিটে ‘বাগ্বিতণ্ডা’ বা সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছে।

ভারতীয় নাগরিক ক্যাপ্টেন মাচ্ছার হামলা প্রতিহত করতে সক্ষম হন এবং ককপিটের দরজা খুলে দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরে ইসরাইলি এক যাত্রী ককপিটে প্রবেশ করে উড়োজাহাজটির নিয়ন্ত্রণ সুরক্ষিত করতে সহায়তা করেন বলে দাবি করা হয়েছে। ফ্লাইদুবাই জানিয়েছে, পরে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

ক্যাপ্টেন মাচ্ছারের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালানোর ১৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ফ্লাইদুবাইয়ে কর্মরত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘বীর’ হিসেবে অভিহিত করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তাকে ‘প্রকৃত বীর’ বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি ১৭৪ জনের জীবন রক্ষা করেছেন।

পরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের দূতাবাস জানায়, মাচ্ছার সেখানকার একটি হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। ভারতীয় রাষ্ট্রদূত তার পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

যাত্রীদের সাক্ষ্যে নতুন দাবি

আসাফ নামের এক যাত্রীর বক্তব্য অনুযায়ী, উড়োজাহাজের কর্মীরা অভিযুক্ত পাইলটের বাঁধন কিছুটা শিথিল করার চেষ্টা করেছিলেন এবং যাত্রীদের ভিডিও ধারণ করতে বাধা দিয়েছিলেন। আহত ভারতীয় ক্যাপ্টেনের মুখে রহস্যজনক একটি বড়ি দেওয়ার চেষ্টাও করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

ওই যাত্রীর আরও দাবি, ফ্লাইটটিতে শুধু পুরুষ কেবিন ক্রু রাখার ব্যবস্থা করা হয়েছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযুক্ত পাইলটকে সহায়তা করার জন্য ক্রুদের মধ্যে কেউ কেউ আগে থেকেই প্রস্তুত ছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এসব দাবি একজন যাত্রীর বর্ণনার ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে এগুলোর সত্যতা নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, উড়োজাহাজটি ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করাই ছিল কথিত পরিকল্পনার লক্ষ্য। তবে এ অভিযোগ এবং নতুন করে আটক দুই পাইলটের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক ভাবে জানা যায় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।  তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের বেলালের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।  

যুবক নিহতের হওয়ার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি এখন কোন কথা বলতে পারবনা।

বিস্তারিত আসছে.............................|

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোর সরকার পতনে নতুন জোট গঠন করলেন কাবিলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


কঙ্গোর সরকার পতনে নতুন জোট গঠন করলেন কাবিলা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বর্তমান সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে গঠিত নতুন বিদ্রোহী জোটের নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মনোনীত করা হয়েছে। ফ্রন্ট ফর দ্য রিফাউন্ডেশন অব দ্য নেশন (এফআরএন) নামক এই জোটটি জানায়, তাদের লক্ষ্য হলো দেশটিতে ‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে বিভিন্ন ‘প্রতিরোধী শক্তিকে’ একত্রিত করা। তারা জানায়, এই উদ্দেশ্য অর্জনে শক্তি প্রয়োগসহ সকল ধরনের উপায় অবলম্বন করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল সোমবার গোমা শহরের কাবিলার বাসভবনে এক সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়। পূর্বাঞ্চলীয় ডিআর কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমা গত বছর থেকে এম২৩ (মার্চ ২৩ মুভমেন্ট) সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

নতুন জোটের উপপ্রধান হিসেবে এম২৩ নেতা সুলতানি মাকেঙ্গা থাকবেন, যিনি কাবিলার চারজন উপপ্রধানের একজন। অন্য তিনজনও এএফসি-এম২৩ জোটের সদস্য। গত বছর এই জোট খনিজসম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

এদিকে, কাবিলার নতুন বিদ্রোহী জোটের নেতৃত্ব গ্রহণের ঘোষণা তার সশস্ত্র আন্দোলনে সরাসরি সম্পৃক্ততার একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছিলেন। যদিও গত বছর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে নতুন জোট গঠন নিয়ে কঙ্গো সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

জোট গঠনের কয়েক দিন আগে এক ভাষণে কাবিলা বলেছিলেন, তিনি কঙ্গোর জনগণের জন্য দেশকে ‘উদ্ধার’ করার কী করা উচিত তা তুলে ধরবেন। তিনি প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির সরকারের বিরুদ্ধে গত বছর তার দেওয়া প্রস্তাবগুলো উপেক্ষা করার অভিযোগ তোলেন। ওই প্রস্তাবগুলোর মধ্যে পূর্বাঞ্চলের সংঘাত নিরসনের উদ্যোগও অন্তর্ভুক্ত ছিল।

কাবিলা আরো অভিযোগ করেন, সরকার সাংবিধানিক শাসনব্যবস্থা দুর্বল করছে, অর্থনীতি পরিচালনায় ব্যর্থ হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছে না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও সামরিক কর্মকর্তাদের নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তোলেন। এসব অভিযোগের বিষয়ে সরকার প্রকাশ্যে কোনো জবাব দেয়নি।

৫৫ বছর বয়সী কাবিলা ২০০১ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ছিলেন। বিতর্কিত নির্বাচনের পর ফেলিক্স শিসেকেদি ক্ষমতা গ্রহণ করেন। কয়েক বছর জনসমক্ষে কম উপস্থিত থাকলেও সাম্প্রতিক সময়ে উত্তরসূরির সরকারের সমালোচনা বৃদ্ধি পেয়েছে কাবিলার।

দীর্ঘদিনের সহিংসতায় জর্জরিত দেশটির পূর্বাঞ্চলে জাতিগত উত্তেজনা, রাজনৈতিক ক্ষমতা এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে। সেখানে শতাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

এদিকে শিসেকেদির দ্বিতীয় মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা। তবে সংঘাতের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন নাও হতে পারে বলে গত মে মাসে তিনি মন্তব্য করেন। জনগণ চাইলে তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এরই মধ্যে পার্লামেন্টে এমন একটি বিল পাস হয়েছে, যা সংবিধানে প্রেসিডেন্টের দুই মেয়াদের সীমা তুলে দিতে গণভোটের পথ তৈরি করতে পারে। প্রস্তাবিত পরিবর্তনের বিরুদ্ধে গত মাসে রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%