ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরই গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯


ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরই গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঐতিহাসিক’ এক পরিকল্পনা ঘোষণার মধ্যে ইসরাইলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) ভোর থেকে হামলা শুরু হয়। গাজার পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারে ঘটে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। আবাসিক ভবনে বিমান হামলায় ৩৩ বছর বয়সি আবদুল্লাহ আবু তাইফ, তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছরের ছেলে আজ্জাম নিহত হন। এ তথ্য আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন মাহমুদ আল-হামস (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের ছোট মেয়ে। নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটলে ৬৮ বছর বয়সি কামু আবু মুয়াইলিক এবং তার ৫৯ বছর বয়সি স্ত্রী হুদা নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাই প্রাণ হারান।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হন।

এছাড়া গাজা সিটির পশ্চিমের রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হন। একই শহরে একটি গাড়িতে হামলায় আরও চারজনের মৃত্যু হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এর আগে শনিবার (১ আগস্ট) দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে ইসরাইলি হামলা চালানো হয়।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানান, ওষুধের মজুত ধ্বংস করে চিকিৎসাসেবাকেই যুদ্ধের অস্ত্রে পরিণত করা হচ্ছে। তার ভাষায়, ‘ওষুধ ও রোগ—দুটোকেই যুদ্ধের হাতিয়ার বানানো হচ্ছে।‘ মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি ওষুধ সংরক্ষণাগার পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ এম


কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে খান ফার্মেসি, জুথি বেকারি ও মামুন স্টোর-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,
"মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাই।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার বলেন,
"জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে বিক্রিত খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা এবং মেয়াদ নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি অনেকাংশে কমবে এবং সাধারণ ভোক্তারা নিরাপদ খাদ্য ও পণ্য ক্রয়ে আরও আস্থা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাসের সংকটে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ এম


গ্যাসের সংকটে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

রোববার (২ আগস্ট) রাত ১২টার দিকে জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রিন লাইফ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গ্যাস না থাকায় পাম্পে তালা ঝুলিয়ে কর্মকর্তাগণ ও কর্মচারীরা চলে যান।

বিক্ষোভকারী সিএনজিচালকদের অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশন চালুর দাবি জানান।

এদিকে অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এই সময় তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

লক্ষ্মীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান বলেন, সিএনজি চালকরা গ্যাস পাচ্ছেন না, এজন্য তারা হট্টগোল করেন। পরে আমরা গিয়ে তাদের শান্ত করি। একইসঙ্গে তাদেরকে বুঝিয়ে বলা হয়, এটি স্থানীয় সমস্যা নয়, জাতীয়ভাবে গ্যাসের সমস্যা চলছে। পরে তারা রাস্তা ছেড়ে দেন এবং এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার সংসারের খরচ তো কেউ বহন করে না’: আজমেরী হক বাঁধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৪ এম


‘আমার সংসারের খরচ তো কেউ বহন করে না’: আজমেরী হক বাঁধন

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত কাজের পর নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু সেই সব সমালোচনার এমন জবাব দিলেন তিনি।

রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। তারপর নিজের ফেসবুক পেজে মহরতের একটি ছবি প্রকাশ করে তিনি দীর্ঘ একটি পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন বাঁধন।

পোস্টে তিনি উল্লেখ করেন, "একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।"

নতুন এই সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী জানান, "এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে।"

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, "বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমনি কঠিন সময়ও এসেছে। তবে সব অভিজ্ঞতাই আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে ভূমিকা রেখেছে।"

পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, "আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরো সুখী হবো।"

এতে উল্লেখযোগ্য যে, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন আমিন খান, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের পর বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন রাহানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ এম


অবসরের পর বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন রাহানে

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পরও ভারতীয় ক্রিকেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন না আজিঙ্কা রাহানে। জাতীয় দলকে বিদায় জানানোর পরও এই অভিজ্ঞ ব্যাটার ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পেনশন নীতিমালার আওতায় নিয়মিত আর্থিক সুবিধা গ্রহণ করবেন। ৫০টির বেশি টেস্ট খেলার কারণে বোর্ডের সর্বোচ্চ পেনশন শ্রেণিতে তার জায়গা হয়েছে।

গত ৩০ জুলাই তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ২০১১ সালে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক করা এই ডানহাতি ব্যাটার ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। এত দীর্ঘ ক্যারিয়ারে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।

বিসিসিআইয়ের বর্তমান পেনশন নীতিমালার অনুযায়ী, যারা ৫০টির বেশি টেস্ট খেলেছেন, তারা সর্বোচ্চ শ্রেণির পেনশনের জন্য যোগ্য। এর ফলে রাহানে প্রতি মাসে ৭০ হাজার ভারতীয় রুপি পেনশন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার সমমান।

তবে এই সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ভবিষ্যতে যদি রাহানে বিসিসিআইয়ের অধীনে কোচ, নির্বাচক কিংবা অন্য কোনো বেতনভুক্ত দায়িত্ব গ্রহণ করেন, তাহলে দায়িত্ব পালনকালীন সময় তার পেনশন সাময়িকভাবে স্থগিত থাকবে। দায়িত্ব শেষ হওয়ার পর আবার আগের নিয়মে পেনশন চালু হবে।

ভারতের সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন থেকেই পেনশনের সুবিধা দিয়ে আসছে বিসিসিআই। ২০২২ সালে এই কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। পূর্বে ৫০টির বেশি টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড এই অঙ্ক বাড়িয়ে ৭০ হাজার রুপি করে। একই সময়ে ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা ক্রিকেটারদের মাসিক পেনশন ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৬০ হাজার রুপি করা হয়।

রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি আসে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার পর দলের নেতৃত্ব পান রাহানে। তার নেতৃত্বে ব্রিসবেনে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত ধরে রাখে। সেই সিরিজ জয়কে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

অবসরের পর রাহানে ভবিষ্যতে কোচিং, ধারাভাষ্য কিংবা ক্রিকেট প্রশাসনে যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি। তবে মাঠ ছাড়লেও বিসিসিআইয়ের পেনশন সুবিধার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%