ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনার নাগরিকত্বের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের কর্মসূচি ঘোষণা


আর্জেন্টিনার নাগরিকত্বের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের কর্মসূচি ঘোষণা

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইরের সরকার শুক্রবার ঘোষণা করেছে যে, বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার জন্য কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করতে হবে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) জানায়, লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর্জেন্টিনা গত বছর বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় অনেক পিছিয়ে ছিল।

এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মুক্তবাজারপন্থী মিলেই সরকারি ব্যয় কমানোর পাশাপাশি অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করেছেন এবং বাণিজ্যিক বাধা কমিয়েছেন। তার সরকারের উদ্দেশ্য হলো আর্জেন্টিনাকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং দেশটির কমে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করা।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

অর্থনীতিবিদ মার্সেলো এলিসোন্দো মন্তব্য করেছেন যে, বিনিয়োগকারীরা এখনও অপেক্ষা করছেন আর্জেন্টিনার অস্থির অর্থনীতি এসব সংস্কার কতটা টেকসই তা প্রমাণ করার জন্য।

শুক্রবার সরকার কর্তৃক ঘোষিত ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এ নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার জন্য দুটি সহজ ও স্বচ্ছ পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

প্যারিসে আর্জেন্টিনা উইক উপলক্ষে এই কর্মসূচিটি উন্মোচন করা হয়।

প্রথম পদ্ধতিতে, বিনিয়োগকারীকে আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার সরাসরি অনুদান দিতে হবে, যা ফেরত দেওয়া হবে না।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

দ্বিতীয় পদ্ধতিতে, সরকার বিশেষভাবে এই কর্মসূচির জন্য তৈরি করা ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ করতে হবে।

আবেদনকারীর স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। এর জন্য প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোষাগারে ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে ২৫ হাজার ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

আর্জেন্টিনা সরকার জানিয়েছে, এই বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করতে ব্যবহৃত হবে।

অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, বিনিয়োগগুলো একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এর মাধ্যমে অর্থের উৎস ও লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা, অর্থপাচার রোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা হবে।

আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট

তবে, কর্মসূচিটি কী ধরনের বিনিয়োগকারী আকর্ষণ করবে, তা নিয়ে কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন।

মিলেই সরকারের সমালোচক অর্থনীতিবিদ পাবলো তিগানি মন্তব্য করেছেন যে, এর ফলে মাদক পাচারকারী বা সন্দেহজনক উৎসের অর্থের মালিক ব্যক্তিরা আর্জেন্টিনায় প্রবেশের সুযোগ পেতে পারেন, যাদের অন্য অনেক দেশে প্রবেশের অনুমতি নেই।

মিলেই চলতি সপ্তাহে প্যারিস সফর করেন এবং ওইসিডিতে আয়োজিত আর্জেন্টিনা উইক অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।

সফরে তিনি বেশ কয়েকটি বিনিয়োগের প্রতিশ্রুতি পান। এর মধ্যে ফ্রান্সের টোটালএনার্জিস প্যাটাগোনিয়ায় তেল ও গ্যাস অনুসন্ধানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: চীনে পরিবারের দায়িত্বে শিশুদের চেয়ে বয়স্কদের প্রতি বেশি মনোযোগ

এছাড়া, সুইজারল্যান্ডের খনিশিল্প প্রতিষ্ঠান গ্লেনকোর একটি তামা প্রকল্পে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

মিলেই সরকারের এই ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি চলতি বছরের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে।

এর কয়েক দিন আগে, আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট বিদেশিদের কৃষিজমি কেনার ওপর থাকা সীমাবদ্ধতা বাতিল করেছে।

মঙ্গলবার আদালত মিলেই সরকারের ২০২৩ সালের একটি ডিক্রি বহাল রাখে। ওই ডিক্রির মাধ্যমে ২০১১ সাল থেকে বিদেশিদের কৃষিজমির মালিকানায় থাকা ১৫ শতাংশ সীমা বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশ: জেন-জি আন্দোলনের মডেল হিসেবে আন্তর্জাতিক যুব আন্দোলনে প্রভাব

১৯৮২ সালে ব্রিটেনের সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধে অংশ নেওয়া আর্জেন্টিনার সাবেক সেনাসদস্যরা—যে দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনায় ‘লাস মালভিনাস’ বলা হয়—এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।

তারা মিলেইয়ের বিরুদ্ধে ‘আর্জেন্টিনা প্রজাতন্ত্রকে বিক্রির জন্য তুলে দেওয়ার’ অভিযোগ করেছেন।

আইন পরিবর্তনের প্রতিবাদে আগামী সপ্তাহে একটি বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলও পার্লামেন্টে এই পরিবর্তন ঠেকানোর চেষ্টা করবে।

ওইসিডির তথ্য অনুযায়ী, গত বছর আর্জেন্টিনা ৩.১৩৪ বিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ পেয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে তীব্র বাগবিতণ্ডা

এর তুলনায় একই সময়ে ব্রাজিল পেয়েছে ৭৬.৮৭৭ বিলিয়ন ডলার এবং মেক্সিকো পেয়েছে ৪০.৮৭১ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল বিভাগের অভিযানে ৬১ জন গ্রেফতার, আইনগত ব্যবস্থা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


মতিঝিল বিভাগের অভিযানে ৬১ জন গ্রেফতার, আইনগত ব্যবস্থা চলছে

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের একটি অভিযানে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার, মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানার নয় জন, পল্টন থানার ১০ জন, সবুজবাগ থানার ১০ জন, খিলগাঁও থানার ১২ জন, রামপুরা থানার ১০ জন, শাহজাহানপুর থানার তিন জন এবং মুগদা থানার সাত জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের নতুন প্রতিষ্ঠান ‘স্কাইড্যান্স’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের নতুন প্রতিষ্ঠান ‘স্কাইড্যান্স’

হলিউডের দুই জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স একত্রিত হয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আনুষ্ঠানিক একীভূত হওয়ার পর এই নতুন যৌথ প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স’। ঐতিহাসিক এই চুক্তিটি আগামী ৬ অক্টোবর চূড়ান্ত হবে।

নতুন চেয়ারম্যান ও সিইও ডেভিড এলিসন জানান, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের স্বতন্ত্র পরিচয় বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই দুই স্টুডিওকে আরও শক্তিশালী করতে এই নতুন নামকরণ করা হয়েছে। এই একত্রীকরণের ফলে বিনোদন জগতে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে।

এখন থেকে বিখ্যাত চলচ্চিত্র স্টুডিওগুলোর পাশাপাশি এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস, সিএনএন, সিবিএস এবং এমটিভির মতো বড় টিভি চ্যানেলগুলোও একই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে।

এই পরিবর্তনের ফলে হ্যারি পটার, লর্ড অব দ্য রিংস, গেম অব থ্রোনস, ডিসি সুপারহিরো সিরিজ, মিশন: ইম্পসিবল এবং টপ গানের মতো বিশ্বখ্যাত সিনেমা ও সিরিজগুলো এখন থেকে এক ছাতার নিচে উপভোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিদ্যালয় মাঠে ভরাট কার্যক্রম চলতে দেখা যায়।
বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ব্যবহারের অনুপযোগী হয়ে থাকায় শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে মাঠটি সংস্কারের দাবি ছিল দীর্ঘদিনের। মাঠ ভরাটের কাজ শুরু হওয়ায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি ভরাট ও সংস্কারের কাজ সম্পন্ন হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি স্থানীয় তরুণদের ক্রীড়া চর্চার ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
মাঠ ভরাটের উদ্যোগ নেওয়ায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকারিয়া জীবন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, মাঠ ভরাটের কাজ দ্রুত শেষ করে এটি শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়মিত খেলাধুলার উপযোগী করে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজি মামলায় সাংবাদিক গ্রে'ফ'তা'রে'র পর ‘ডোপ টেস্ট’: আইনের অপব্যবহার নাকি আক্রোশ?

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


চাঁদাবাজি মামলায় সাংবাদিক গ্রে

 

বরগুনায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হক সবুজকে এক চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর আদালতে সোপর্দ করার পূর্বে বিতর্কিতভাবে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করানোর অভিযোগ উঠেছে বরগুনা সদর থানা পুলিশের বিরুদ্ধে। মাদক সংক্রান্ত কোনো মামলা বা সরাসরি অভিযোগ না থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া না মেনে কিংবা আদালতের অনুমোদন ছাড়াই এই টেস্ট করানো নিয়ে দেশজুড়ে আইনজ্ঞ ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মামলার বিবরণ ও গ্রেফতার: পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার একটি জমি বেকু দিয়ে ভরাট করা সংক্রান্ত বিষয় নিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলী আদালত-১, বরগুনা)-এ নালিশি দরখাস্ত দায়ের করেন স্বপন কুমার ঘোষ নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে বরগুনা সদর থানায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১০ মিনিটে মামলাটি নথিভুক্ত করা হয় (মামলা নম্বর-৪২, ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৪২৭/১০৯/৫০৬(২) পেনাল কোড)। উক্ত মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি আসাদুল হক সবুজকে ৩ নম্বর আসামি করা হয়।

পরবর্তীতে বরগুনা সদর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

হ্যান্ডকাফ পরিহিত ছবি ভাইরাল ও ডোপ টেস্ট বিতর্ক: গ্রেফতারের পর আসামির হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা। পাশাপাশি আদালতে সোপর্দ করার আগে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো আক্রোশ থেকে পুলিশের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মানসিকভাবে হয়রানি করতে এই পদক্ষেপ নেয়।

আইন বিশেষজ্ঞদের মতে, চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া একজন সাংবাদিকের মাদক সংক্রান্ত কোনো ইতিহাস বা বর্তমান অভিযোগ না থাকা সত্ত্বেও এভাবে পরীক্ষা করানো আইনের স্বাভাবিক প্রক্রিয়ার ব্যত্যয়।

আইন কী বলে? বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী, কোনো আসামির ক্ষেত্রে ইচ্ছামাফিক ডোপ টেস্ট করানোর সুযোগ নেই:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮: উক্ত আইনের ২৪ ধারা অনুযায়ী, কেবল মাদক সেবন, বহন বা মাদক সংক্রান্ত অপরাধের সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ থাকলে এবং সুনির্দিষ্ট শারীরিক লক্ষণের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা যায়।

চাঁদাবাজির মতো সাধারণ ফৌজদারি মামলায় তদন্তের স্বার্থে শারীরিক নমুনা বা পরীক্ষা করাতে হলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে (IO) প্রথমে সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে লিখিত অনুমতি নিতে হয়।

সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, আইনানুযায়ী ব্যতীত কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা বা শরীরের ওপর কোনো হস্তক্ষেপ করা সম্পূর্ণ বেআইনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আজিজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডোপ টেস্ট করানোর বিষয়ে তিনি অবগত নন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা (পুলিশ সুপার ও ওসি) এ বিষয়ে বলতে পারবেন।

পরবর্তীতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, যৌথ অভিযানের সময় আসামির আচরণ দেখে সন্দেহ হওয়ায় জেলা পুলিশ সুপারের নির্দেশে ডোপ টেস্ট করানো হয়েছিল। পরবর্তীতে উক্ত ডোপ টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ডোপ টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় পুলিশ প্রশাসনের এই অতিরঞ্জিত ও তড়িঘড়ি ভূমিকা নিয়ে জেলাজুড়ে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাদার একজন সাংবাদিককে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে আইন বহির্ভূতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%