০৯:৪৪ পি.এম
মেহেরপুর, ৩ নভেম্বর, ২০২৬ : জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন আকস্মিকভাবে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে হয়রানি এবং ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে তারা এই পরিদর্শনটি করেন।
এ সময় নেতারা জানান, যদি কোনো দলীয় ব্যক্তি সরকারি দপ্তর থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় মোটরসাইকেলে হরিণের মাংস বহন, পল্লী বিদ্যুতের কর্মীসহ ২ গ্রেপ্তার
আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে তারা মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
নেতারা সতর্ক করেন যে, দলিল নিবন্ধনে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করা উচিত নয় এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যেন উৎকোচ গ্রহণ না করেন।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, রেজিস্ট্রি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া এবং সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শোনা যায়।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
তবে খোঁজ নিয়ে তারা মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের ঘটনার কোনো প্রমাণ পাননি বলে জানান। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা কার্যালয়টি পরিদর্শন করেছেন।
এ সময় জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন