ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত, দিল্লির কারখানায় আত্মহনন ব্যক্তির


বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত, দিল্লির কারখানায় আত্মহনন ব্যক্তির

ভারতের রাজধানী দিল্লির ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি বাসনপত্রের কারখানায় পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন সন্দীপ (৪৭) নামের এক বিবাহিত ব্যক্তি। পুলিশের ধারণা, তিনি এক তরুণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাওয়ার হতাশা থেকে এই চরম পদক্ষেপ গ্রহণ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দীপ উত্তর প্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে দিল্লিতে আসেন। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি কারখানায় কর্মরত ২০ বছর বয়সী এক তরুণীর বাবার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কের কারণে সন্দীপ প্রায়ই বন্ধুর বাড়িতে যাতায়াত করতেন এবং এক পর্যায়ে বন্ধুর মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তবে কিছুদিন আগে ওই নারী সন্দীপের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি দিল্লিতে চলে আসেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্দীপ ওই নারীর কর্মস্থলে হাজির হয়ে দুটি পেট্রলভরা বোতল নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তিনি নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। কারখানার শ্রমিকরা দ্রুত আগুন নিভিয়ে তাকে দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে সন্দীপ তার আত্মহত্যার জন্য ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টিকে দায়ী করেছেন। তবে ওই নারী সন্দীপের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে কানপুরেও অনুরূপ আরেকটি ঘটনায় বিবাহিত প্রেমিকার বাড়িতে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি খোকন

প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে জনগণের স্বার্থে দেশ পরিচালনা করবেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তাঁর মধ্যে দেশপ্রেম রয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করেননি। তাঁর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবেন না। তিনি দেশের মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করবেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। যখন ক্যারিবীয় বোলারদের সামনে একের পর এক ব্যাটার উইকেট বিলিয়ে দিয়ে ফিরছিলেন, তখন দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশের ইনিংসকে সামলেছেন এই ডানহাতি ব্যাটার।

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক টেস্ট ইনিংসে সাড়ে তিনশ রান সংগ্রহের কীর্তি গড়েছিলেন হৃদয়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।

হৃদয় নিশ্চয়ই নিজের টেস্ট অভিষেক ম্যাচটি ভুলে যেতে চাইবেন। জিম্বাবুয়ে সফরে সেই ম্যাচে বাংলাদেশ হারের মুখ দেখেছিল। ব্যক্তিগতভাবে ভালো করতে পারেননি তিনি। তবে অভিষেকের হতাশা পেছনে ফেলে নিজের তৃতীয় টেস্টেই সাদা পোশাকে স্মরণীয় এক কীর্তি গড়লেন এই ব্যাটার।

মিরপুর টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নেমেও ব্যাটিং বিপর্যয় থেকে বের হতে পারেনি স্বাগতিকরা।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো ইনিংস খেলতে পারেননি। তার সেঞ্চুরির সুবাদে দুইশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০৫ রান। তবুও ক্যারিবীয়দের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ১৫১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

দলের এমন ধ্বংসস্তূপের মধ্যে হৃদয়ের এই সেঞ্চুরি তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মাঝে বড় এক স্বস্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন।

স্যান্ডার্স শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ‘আমরা শুধু প্রস্তাব পাস করেই এই যুদ্ধ বন্ধ করতে পারব না; যুদ্ধ বন্ধ করতে হলে এর অর্থায়ন বন্ধ করতে হবে—এটাই করণীয়।’

তিনি আরও জানান, ‘এ যুদ্ধ অবৈধ এবং অসাংবিধানিক। এ যুদ্ধে ১৯ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এছাড়া যুদ্ধের পেছনে শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।’

ভারমন্ট অঙ্গরাজ্যের এই স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ককাসভুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের পক্ষে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো মাত্র ১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


রোনালদো মাত্র ১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন

সবুজ ঘাসের ২২ গজে দুই যুগেরও বেশি সময় ধরে চলা তাদের রূপকথার লড়াইয়ের সমাপ্তি ঘটেছে আগেই। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন থামছে না আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। পর্তুগালের লাল-সবুজ জার্সি চিরতরে তুলে রাখার ঘোষণা দিয়ে এবার ইনস্টাগ্রামের জনপ্রিয়তায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়েছেন সিআরসেভেন।

পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো যে বিদায়ী ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, তাতে পড়া লাইকের সংখ্যা পেছনে ফেলে দিয়েছে মেসির আন্তর্জাতিক অবসরের পোস্টকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ ফরোয়ার্ড মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই এই অনন্য কীর্তি গড়ে ফুটবলবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রায় পাঁচ মিনিটের এক আবেগঘন ভিডিও প্রকাশ করে পর্তুগাল দল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা স্মৃতিচারণার পাশাপাশি সতীর্থ, পরিবার ও কোটি কোটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

মার্কিন সংবাদমাধ্যম ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিডিও প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই রোনালদোর পোস্টে ২ কোটি ৬০ লাখ লাইক পড়ে। অথচ এর বিপরীতে গত ৩১ আগস্ট মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পোস্টে তখন লাইক ছিল ১ কোটি ৯৭ লাখ। অর্থাৎ দুই মাসেরও বেশি সময় আগে প্রকাশিত মেসির বিদায়ি পোস্টটিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ছাড়িয়ে যান রোনালদো।

এর পরও এই উন্মাদনা থামেনি। মেক্সিকোর ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই রোনালদোর ভিডিওর লাইক ৩ কোটি ৮ লাখে পৌঁছে যায়, যেখানে একই সময়ে মেসির পোস্টে লাইক ছিল ১ কোটি ৯৮ লাখ। অর্থাৎ দুই মহাতারকার বিদায়ি পোস্টের ব্যবধান দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখে।

পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের ‘গালফ নিউজ’-এর তথ্য মতে, রোনালদোর ভিডিওর লাইক বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৩ কোটি ২০ লাখে, আর কমেন্ট আসে ৩২ লাখের বেশি এবং শেয়ার বা রিপোস্ট হয় প্রায় ৬২ লাখ বার। এমনকি ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় ৪৫ কোটি ৫০ লাখ। অন্যদিকে, মেসির বিদায়ি পোস্টে তখন লাইক ছিল প্রায় ২ কোটি, মন্তব্য ৮ লাখ ৯২ হাজার এবং শেয়ার বা রিপোস্ট ২৬ লাখ। তবে ভিউয়ের সংখ্যার দিক থেকে তখনো সামান্য এগিয়ে ছিলেন আর্জেন্টাইন জাদুকর, যার পোস্টে ভিউ ছিল ৪৬ কোটির বেশি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে রোনালদোর ভিডিওর দর্শকসংখ্যাও সমস্ত রেকর্ড ছাড়িয়ে যায়। আরব সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র প্রতিবেদনে জানানো হয়, পর্তুগিজ তারকার সেই ঐতিহাসিক পোস্টে লাইক পৌঁছায় প্রায় ৩ কোটি ৩৫ লাখে এবং ভিডিওটির মোট ভিউ ছাড়িয়ে যায় ৪৮ কোটি ৬০ লাখ। ফলস্বরূপ, কেবল লাইকের সংখ্যাতেই নয়, বরং ভিডিও দেখার সার্বিক জনপ্রিয়তায়ও এক বিশাল মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত এই হিসাবগুলো ভিন্ন সময়ে সংগৃহীত।

অবশ্য রোনালদোর এই বিশাল অর্জনকে ইনস্টাগ্রামের সর্বকালের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টের বিশ্বরেকর্ড বলা যাবে না। ইন্টারনেটের দুনিয়ায় সেই মুকুট এখনো শক্তভাবে নিজেদের দখলেই রেখেছেন লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সোনালী ট্রফি উঁচিয়ে ধরার কয়েকটি স্মরণীয় ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন মেসি, যা পরবর্তীতে ৭ কোটিরও বেশি লাইক কুড়িয়ে নেয়। ২০২৩ সালের ২৪ মার্চ ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ ওই পোস্টের লাইক সংখ্যা ৭ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৪৭টি বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল।

ফুটবল দুই মহাতারকার এই অবসরের ধরণ ও প্রক্রিয়াতেও ছিল ভিন্নতা। গত ৩১ আগস্ট নিজের হাতে লেখা একটি মার্জিত ও আবেগঘন চিঠির ছবি শেয়ার করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন মেসি। এরপর গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ গোলের জয় উপহার দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আর্জেন্টিনা অধিনায়ক।

অন্যদিকে রোনালদো বেছে নিয়েছিলেন একটি দীর্ঘ ভিডিওবার্তা। পর্তুগালের হয়ে দুই দশকের দীর্ঘ যাত্রার নানা না বলা গল্প তুলে ধরে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। সেই ভিডিওতে জাতীয় দলের ‘সাত নম্বর’ জার্সিটি এবার আনুষ্ঠানিকভাবে অন্য কারো হাতে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন পর্তুগিজ কিংবদন্তি।

২০০৩ সালে দেশের জার্সিতে অভিষেকের পর দীর্ঘ পথচলায় ২৩৪ ম্যাচে মাঠে নেমে ১৪৬টি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের অবিসংবাদিত রেকর্ড নিজের কাঁধে নিয়েই বিদায় নিলেন তিনি। দেশের হয়ে জিতেছেন ২০১৬ সালের ঐতিহাসিক ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের দুটি উয়েফা নেশন্স লিগ শিরোপা।

এর বিপরীতে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন লিওনেল মেসি। তার জাদুকরী নেতৃত্বেই ২০২২ সালের বহুকাঙ্ক্ষিত বিশ্বকাপ ছাড়াও দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%