১১:৩২ পি.এম
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান এবং চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরসহ বিভিন্ন স্থানে ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে চারজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত, একজন নিয়মিত মামলায় এবং ১৮ জন মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক হন। উদ্ধারকৃত অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক ১৮ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান এবং তিনটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়। তিনি জানান, অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ভুয়া চিকিৎসক আলীমুল ইসলাম আটক, হাত রাখলেই রোগ নির্ণয়ের ডিভাইস জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন