ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা


প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজতে চলতি অর্থবছরে ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে রাজস্ব খাতের আওতায় মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।

সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর মোট পাঁচটি ক্ষুদ্র গবেষণা প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচিত হবে। নির্বাচিত প্রতিটি গবেষণার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিকতায় ৫টি নির্দিষ্ট বিষয়ের ওপর এই প্রস্তাবনা জমা দিতে হবে।

বিষয়গুলোর মধ্যে রয়েছে - শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনার কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্যতা এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।

আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা

এ বছর বিশেষভাবে পরীক্ষামূলক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঐ দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।

নির্ধারিত কাঠামো অনুযায়ী গবেষণা প্রস্তাবের হার্ড কপি আগামী ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে সফট কপি (ওয়ার্ড ও পিডিএফ) [email protected] ই-মেইলে জমা দিতে হবে।

গবেষণা প্রস্তাবে গবেষণার শিরোনাম, ভূমিকা, সমস্যা, যৌক্তিকতা, উদ্দেশ্য, গবেষণা এলাকা, গবেষণা পদ্ধতি, গবেষণার ডিজাইন, নমুনায়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি, প্রত্যাশিত ফলাফল, এপিএ-৭ অনুসারে রেফারেন্স, সময়াবদ্ধ কর্মপরিকল্পনা, বাজেট বিভাজন এবং উপসংহার অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবোর একটি দ্বিপাক্ষিক বৈঠক আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালককে বাংলাদেশের মাটিতে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন যে, শ্রম খাতের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই ধারাবাহিকতায় ঐতিহাসিক পদক্ষেপ নিতে গিয়ে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের অনেক দূর এগিয়ে যাওয়ার পথে রয়েছে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণ। গোলামের গর্বের সঙ্গে তিনি জানান, বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও-র ১০টি মৌলিক কনভেনশনই সমর্থন করেছে, যা বৈশ্বিক শ্রম পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মন্ত্রী সরকারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর সংশোধন, একটি ত্রিপক্ষীয় 'ন্যাশনাল সোশ্যাল ডায়ালগ ফোরাম' গঠন এবং স্বাধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ ছাড়া, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের জন্য একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার জন্য 'এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম' জাতীয়করণ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে ও বিদেশে দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন 'কর্মসংস্থান অধিদপ্তর' প্রতিষ্ঠার কাজ বর্তমানে চলছে। এই উদ্যোগের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করে আত্মকর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। শ্রমমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং শ্রম অভিবাসনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেটের কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া হবে না। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ও কম খরচে কর্মী পাঠানোর কাজ করছে মন্ত্রী। প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও-র কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ গভর্নিং বডির সদস্য হিসেবে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। শ্রম পরিদপ্তরের সক্ষমতা বাড়াতে নতুন শ্রম পরিদর্শক নিয়োগসহ আইএলও-র রোডম্যাপ বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। এই ইতিবাচক পরিবর্তন ও মাইলফলকগুলোকে স্বীকৃতি দিয়ে আইএলও-র ধারা ২৬ এর অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগের মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য তিনি মহাপরিচালকের প্রতি জোরালো আহ্বান জানান। আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশের শ্রম খাতের যুগান্তকারী সংস্কার, বিশেষ করে ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থন এবং ২০২৬ সালের নতুন শ্রম আইন প্রণয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ছাত্র-জনতার সাম্প্রতিক আন্দোলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সোমবার ইপিজেডসহ সকল কর্মক্ষেত্রে সংগঠনের স্বাধীনতা ও আন্তর্জাতিক শ্রমমান বজায় রাখতে আইএলও বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে এবং আগামী অক্টোবর মাসের প্রস্তাবিত যৌথ মিশনসহ সার্বিক ক্ষেত্রে নীতিগত ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বস্ত করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, আইএলও-র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দশক পর ধরা মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


এক দশক পর ধরা মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা

রংপুরের পীরগঞ্জ উপজেলার বহুল আলোচিত শিশু তাজমিনা আক্তার (৬) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও শিশুটির বাবা আবু তাহেরকে পুলিশ প্রায় এক দশক পর গ্রেপ্তার করেছে।

শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে আবু তাহের পারিবারিক কলহের কারণে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর নিজের মেয়ে তাজমিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পুলিশ পাশের শ্যামপুর গ্রামের একটি আখক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের মা সালেহা বেগম ২০০৭ সালের ১৪ ডিসেম্বর পীরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-২০) এবং ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০১৬ সালের অক্টোবরে আদালত আবু তাহেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, যার পর তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হকের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আবু তাহের সেখানে ছদ্মবেশে রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই মাসে কখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


জুলাই মাসে কখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনা আবারো বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২০ তারিখ রাত ১ টায় বিশ্বকাপের এই চূড়ান্ত লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের পূর্বে তাদের উদ্বেগের কারণ হলো ‘জুলাই’। কারণ পরিসংখ্যান বলছে, এই মাসে আর্জেন্টিনা কখনো বিশ্বকাপ জিততে পারেনি, ৩ বার তারা ফাইনালে গিয়ে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। এবারের ফাইনাল এটি পরিবর্তন করার সুযোগ এনে দিয়েছে তাঁদের সামনে।

আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে, যথাক্রমে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে। তবে গুরুত্বপূর্ণ হলো, এই তিনটি শিরোপার কোনোটিই জুলাই মাসে আসেনি।

১৯৭৮ সালে নিজেদের দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ শিরোপা জিতে আর্জেন্টিনা। ঐ বছরের ফাইনালটি অনুষ্ঠিত হয় ২৫ জুন, যেখানে তারা নেদারল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে।

১৯৮৬ সালে আবারো মেক্সিকোতে দ্বিতীয়বারের মতো শিরোপা পায় আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনা নেতৃত্বে আসা ঐ ফাইনালটিও জুন মাসের ২৯ তারিখে হয়েছিলো, যেখানে তারা পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারায়।

সর্বশেষ ২০২২ সালে কাতারে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে ফ্রান্সের বিপক্ষে সেই জয়ের সাক্ষী হয়েছিলো। তবে, ঐ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো ডিসেম্বর মাসে, ১৮ তারিখে, কারণ কাতারের গরম আবহাওয়ার জন্য সে বছর বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হয়েছিল।

তিনটি বিশ্বকাপ জয় থাকলেও, আর্জেন্টিনা সব মিলিয়ে ৬ বার ফাইনালে খেলেছে। বাকি তিন ফাইনালেই খেলা হয়েছিলো জুলাই মাসে। প্রথম বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালের ৩০ জুলাই, যেখানে উরুগুয়ের কাছে আর্জেন্টিনা ৪-২ গোলে পরাজিত হয়।

এরপরের জুলাই মাসের ফাইনাল হয়েছিলো ১৯৯০ সালে, যেখানে দিয়েগো ম্যারাডোনা পরিচালিত আর্জেন্টিনা ৮ জুলাই জার্মানির কাছে ১-০ গোলে হারে।

মেসির জন্যও জুলাইয়ের ফাইনাল ব্যবহৃত হয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো ১৩ জুলাই, সেবারও আর্জেন্টিনা ১-০ গোলে জার্মানির কাছে হারতে বাধ্য হয়।

এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালও জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এর আয়োজকরা মিলে এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২০ জুলাই। স্পেনের বিরুদ্ধে ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বে।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে, দলের সামনে দুইটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। একদিকে শিরোপা ধরে রাখা এবং অন্যদিকে নতুন ইতিহাস রচনা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত প্রবাসীদের উদ্দেশে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কুয়েত প্রবাসীদের উদ্দেশে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

সম্প্রতি কুয়েতের হাসাবিয়া এবং আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ নানা দেশের প্রবাসীদের কুয়েত সরকার নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে যে, সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার ওই অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রে কুয়েত সরকার খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে। এ ছাড়া, উচ্ছেদকৃত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণে দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে। এ উদ্দেশ্যে দূতাবাস ইতোমধ্যে জরুরি যোগাযোগের নম্বরসহ একটি পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সঙ্গে, কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%