০২:৫৯ পি.এম
রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী (৪০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার চিকিৎসার জন্য প্রতিদিন এক লাখ টাকারও বেশি খরচ হচ্ছে। এই অবস্থায় পরিবারটি অর্থ সংকটে পড়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ইদ্রিস আলী। প্রথমে তাকে পাংশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রয়েছেন। ইতোমধ্যে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছে।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে স্বজনরা জানিয়েছেন, মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থার ঝুঁকি বেড়ে গেছে। ইদ্রিস আলীর পরিবারে স্ত্রী ও দুই ছোট সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
পরিবারের দাবি, প্রতিদিন চিকিৎসার জন্য এক লাখ টাকার বেশি খরচ হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই ব্যয় চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচিতজনেরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় সেই সহায়তা খুবই সামান্য।
ইদ্রিস আলীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন