শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২০ পি.এম
২৭ দিন পর উৎপাদনে ফিরেছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
এর আগে ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়।
তবে চালুর ৪৮ ঘণ্টার মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে উৎপাদনে ফিরলেও কিছুদিন পর পুনরায় যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। কারখানাটি স্বাভাবিকভাবে চালু থাকলে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছরের পুরনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করতে দীর্ঘ সময় লাগে। বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতা আগের তুলনায় কমে গেছে।
মিজানুর রহমান জানান, কারখানাটি প্রায় ৪০ বছরের পুরনো। কবে কখন বন্ধ হয়ে যাবে, তার নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন, মসজিদ শুধুমাত্র ইবাদতের স্থান নয়, বরং এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
তিনি আরো বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুক্রবার, চট্টগ্রাম নগরের পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় হযরত পীর আলী শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর, মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক প্রশাসক। পরে, মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া একটি আনন্দ এবং সৌভাগ্যের বিষয়। চট্টগ্রাম সিটি করপোরেশন মসজিদের উন্নয়নসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার জন্য সিটি করপোরেশন কাজ করছে। নগরের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা নিশ্চিত করে মানুষের ধর্মীয়, সামাজিক ও নাগরিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মসজিদের নির্মাণকাজ সুন্দর এবং মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে, এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: বিজনেস এনালিস্ট, সংখ্যা নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের এমআইএস, আইটি, এমবিএ, ফাইন্যান্স, এমপিএইচ অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকায়।
বেতন: মাসিক বেতন প্রতিযোগিতামূলক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখতে ক্লিক করুন এখানে ।
আবেদনের সময়সীমা: আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-১ প্রিডেটর ড্রোনটি ইরান দ্বারা ভূপাতিত হয়েছে। এ তথ্য শুক্রবার দেশটির নৌবাহিনী প্রকাশ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষায় এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।
ইরনা কর্তৃক প্রকাশিত ড্রোনটির ধ্বংসাবশেষের কিছু ছবিতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, সমাজে বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা বিপুল সমর্থন দিয়েছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে যে, মানুষ পরিবর্তনশীল এবং তাদেরকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
আইনমন্ত্রী আরও বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের রক্তের রং এক। একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল আমরা সবাই খাই। তাই আমাদের পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ।
তিনি বলেন, বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তার সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারা।
আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা কিছু করণীয়, সরকার তা-ই করবে। আইন ও আইনের শাসনের পথে এগিয়ে যেতে চান তারা। এ পথে ভুল হতে পারে, বিভ্রান্ত হতে পারে কিংবা পথ হারাতে পারে। এজন্য সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরে তাদের ভুল ধরিয়ে দেবেন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে পাশে থাকবেন।
তিনি বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। যারা মানবতা, মানুষের উন্নয়ন ও কল্যাণ এবং মানবাধিকারে বিশ্বাস করেন, তাদের জন্য এই বাংলাদেশ। আর যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ অবলম্বন করবেন, বাংলাদেশের মানুষ সেই পথ প্রত্যাখ্যান করবে বলে তারা বিশ্বাস করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও তাদের সেই পথ দেখিয়েছে।
জগন্নাথ হলের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, জগন্নাথ হল শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। এ ধরনের একটি আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ