ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকার ভর্তুকি


২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকার ভর্তুকি

সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে ক্রয় করেছে। বিদ্যুতের ক্রয়মূল্য এবং পাইকারি বিক্রয়মূল্যের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটি ভর্তুকি হিসেবে সরকার প্রদান করে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন। তিনি এ সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার বিষয়গুলো আলোচনা করেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার জ্বালানি তেলের দাম ভর্তুকি দিয়ে বিক্রি করছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিপিসির লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা।

আরও পড়ুন: নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন

তিনি আরও বলেন, যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে, তাহলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।

বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাস সংকট কমাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানি শুরু করেছে।

দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে।

মন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন নতুন এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। মাতারবাড়ী, মোংলা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমও চলছে।

আরও পড়ুন: ওয়াশিংটনে ভাড়াটিয়ার গুলিতে ভবন ব্যবস্থাপক নিহত, আহত ৪

গৃহস্থালি পর্যায়ে বোতলজাত এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ীতে এলপিজি স্টোরেজ টার্মিনাল স্থাপনের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলপিজির বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে। বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

জামায়াতের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। চাহিদা মেটাতে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের নির্ধারিত দামে গ্যাস দিতে হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এলএনজি আমদানির ব্যয় আরও বেড়েছে। তবে আমদানি মূল্যে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করা সম্ভব হয় না।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেড সংঘর্ষে নিহত ১, আহত ৪

মন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় গ্যাসের দাম নির্ধারণ করা হয়, যা সময়সাপেক্ষ। ফলে আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে সরকার ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানিসংকটের পুঞ্জীভূত ফল।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ ও জাতীয় রুফটপ সোলার কর্মসূচিসহ একাধিক নীতিমালা নেওয়া হয়েছিল। তবে বাস্তবায়ন কৌশলের অস্পষ্টতা ও তাড়াহুড়োর কারণে এসব উদ্যোগ থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। কিছু সৌরবিদ্যুৎ প্রকল্প তড়িঘড়ি বাতিল করায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং দেশ সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ হারিয়েছে। তিনি আরও বলেন, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) প্রকল্প বাতিল এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) যথাসময়ে চালু না হওয়ায় জ্বালানি ও গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে।

মন্ত্রী জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সংকট দেখা দেয়। গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনে বৈদ্যুতিক কেব্‌ল ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।

আরও পড়ুন: নেছারাবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট প্রিপেইড মিটারের জন্য নির্ধারিত বিশেষ কোনো চার্জ নেই। প্রচলিত পোস্টপেইড মিটারের মাসিক বিলেও একই চার্জ প্রযোজ্য।

তবে ইউটিলিটি প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসিক মিটার ভাড়া দিতে হলেও গ্রাহক খোলা বাজার থেকে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে এ ভাড়া এড়াতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে আবারও হামলা চালাল হুতি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


সৌদি আরবে আবারও হামলা চালাল হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে আবারও হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, রিয়াদে অবস্থিত আরামকোর স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা করা হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহী এবং সৌদি আরব ও রিয়াদ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি ও সামরিক স্থাপনার ওপর একের পর এক হামলার দাবি করেছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং শরুরাহ বিমানবন্দরে সামরিক কার্গো উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এছাড়া, গোষ্ঠীটি ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন ও ইয়ানবুর তেল স্থাপনাতেও হামলার দাবি করেছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া ড্রোনসহ পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। জোটটি দাবি করেছে, কয়েক ঘণ্টার মধ্যে অন্তত তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে বৈঠক করেছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তরাঞ্চলসহ আল-জাওফ, মারিব, আল-বাইদা ও তাইজের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এসব অভিযানে বিমান, ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাবর্ষণও করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে, ইয়েমেনের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াগাঁওয়ের ভাওয়াল রাজবাগানে নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


নোয়াগাঁওয়ের ভাওয়াল রাজবাগানে নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

গাজীপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নোয়াগাঁও এলাকায় অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাগান। এক সময় ভাওয়াল জমিদারদের বিনোদন ও অবকাশযাপনের অন্যতম স্থান হিসেবে পরিচিত ছিল এই বাগান। প্রায় ১৯ একর জায়গাজুড়ে বিস্তৃত রাজবাগানটি আজ বিভিন্ন কারণে তার পুরোনো জৌলুস হারিয়েছে। তবে সবুজ বৃক্ষরাজি, পুকুর, পাখির কলকাকলি এবং নিস্তব্ধ প্রকৃতির মাঝে এখনো এর রয়েছে এক অনন্য সৌন্দর্য।

রাজবাগানের পরিবেশে একটি ছোট্ট মসজিদ চোখে পড়ে। যদিও আকারে এটি ছোট, ধর্মীয় গুরুত্ব ও স্বতন্ত্র নির্মাণশৈলীর কারণে এটি বিশেষভাবে নজর কাড়ে। মসজিদটির নির্মাণশৈলী বেশ সাধারণ। মাটির নির্মাণের এই ছোট্ট মসজিদে নামাজ আদায়ের জন্য সীমিত ব্যবস্থা রয়েছে। মূল মসজিদের ভেতরে দুই কাতারে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। প্রতিটি কাতারে আটজন করে মোট ১৬ জন মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে একটি ছোট্ট বারান্দা রয়েছে, যেখানে আরো এক কাতারে আটজন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অর্থাৎ মূল মসজিদ ও বারান্দা মিলিয়ে একসঙ্গে মোট ২৪ জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে সক্ষম।

মসজিদটির আধুনিক স্থাপত্যের চাকচিক্য কিংবা বিশাল আয়তন নেই। বাহারি নকশা ও দৃষ্টিনন্দন অলংকরণও নেই। কিন্তু এর সরল নির্মাণশৈলী এবং নিরিবিলি পরিবেশ এক ধরনের প্রশান্তির অনুভূতি জাগায়। চারপাশের সবুজ প্রকৃতি যেন মসজিদটিকে ঘিরে রেখেছে আপন মমতায়। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এখানে দাঁড়িয়ে নামাজ আদায়ের মধ্যে রয়েছে এক ভিন্ন আবহ।

এক সময় ভাওয়াল রাজবাগান প্রকৃতিপ্রেমী মানুষের অবকাশযাপনের জায়গা ছিল। বাগানের চারপাশে জলাশয়, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং পাখির আনাগোনা পরিবেশটিকে মনোরম করে তুলত। রাজবাগানের সার্বিক সৌন্দর্য ও ঐতিহ্যের পাশাপাশি এই ছোট্ট মসজিদটিও দর্শনার্থীদের আগ্রহের একটি বিষয় হতে পারে। বিশেষ করে ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তাদের কাছে এটি আলাদা গুরুত্ব বহন করতে পারে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজবাগানের বিভিন্ন স্থাপনার মতো এই মসজিদটিরও প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ। মসজিদের চারপাশ পরিষ্কার রাখা, প্রয়োজনীয় সংস্কার করা এবং সীমানা নির্ধারণের মাধ্যমে এর পরিবেশ আরো সুন্দর ও নিরাপদ করা যেতে পারে। পাশাপাশি রাজবাগানের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় মসজিদটির স্বতন্ত্র পরিচয় ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখা জরুরি।

ভাওয়াল রাজবাগান শুধুমাত্র একটি পুরোনো বাগান নয়; এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির সম্মিলিত স্মারক। আর সেই স্মারকের নীরব কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট মসজিদটি যেন প্রকৃতির বুকের এক শান্ত আশ্রয়। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা পেলে এই মসজিদ ও রাজবাগান—দুটিই ফিরে পেতে পারে হারানো সৌন্দর্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইহুদি ধর্মগুরুর ফতোয়া: আরব সহযোগিতাকারীদের হত্যা বৈধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


ইহুদি ধর্মগুরুর ফতোয়া: আরব সহযোগিতাকারীদের হত্যা বৈধ

ইসরাইলের হাইফা র‍্যাবাইনিক্যাল আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনৈতিক নেতাদের হত্যার বৈধতা দেওয়ার জন্য ধর্মীয় ফতোয়া প্রদান করেছেন। এই তথ্য ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনটি জানাচ্ছে, অ্যাক্সেলরড একটি হাতে লেখা চিঠিতে উল্লেখ করেছেন যে, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনীতিকদের বিরুদ্ধে ইহুদি ধর্মীয় আইনের ‘দিন রোদেফ’ নীতি প্রয়োগ করা হতে পারে। এই নীতির আওতায় যদি কোনো ব্যক্তিকে অন্যের জীবনের জন্য হুমকি মনে করা হয়, তবে তাকে হত্যার অনুমতি দেওয়ার ব্যাখ্যা রয়েছে।

চিঠিতে অ্যাক্সেলরড যুক্তি উপস্থাপন করেছেন যে, যেসব ইহুদি রাজনীতিবিদ আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করেন, তাদের ক্ষেত্রে ‘দিন রোদেফ’ নীতি প্রযোজ্য। হিব্রু শব্দ রোদেফের অর্থ হলো ‘পিছু ধাবমান ব্যক্তি’ বা ‘আক্রমণকারী’। র‍াব্বি মোশে বেন মাইমনের ব্যাখ্যা অনুযায়ী, এই ধর্মীয় মতবাদটি কিছু ধর্মীয় আদেশের (মিতজভত) ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা নির্দেশ দেয়: ‘যদি কাউকে ধাওয়া করা হয় (বা আক্রমণ করা হয়), তবে আক্রমণকারীকে হত্যা করে সেই ব্যক্তিকে রক্ষা করতে হবে; আক্রমণকারীর প্রতি কোনো দয়া দেখানো যাবে না; এবং কোনো সহকর্মীর জীবন যখন বিপন্ন, তখন হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না।’

অ্যাক্সেলরডের দাবি, ইসরাইলের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা ইসরাইলি জনগণের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা কিংবা তাদের বাইরের সমর্থন নেওয়াকেও এই সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।

এই ঘটনার পর, ইসরাইলের সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের একটি দল হত্যায় উসকানির অভিযোগে অ্যাক্সেলরডের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। তারা পুলিশের তদন্ত বিভাগের প্রধানের কাছে পাঠানো চিঠিতে রাব্বিকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। অন্যথে, দেশটিতে আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

এদিকে, জয়েন্ট লিস্টের এমপি ওফের কাসিফও অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হত্যার হুমকি বা উসকানি দেওয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নির্দিষ্ট শর্ত পূরণকারী দলগুলোকে জোটে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ২০২১-২২ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের সরকারেও অংশ নিয়েছিল।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে খেজুর গুড়ের সম্ভাব্য বিক্রি ১০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


যশোরে খেজুর গুড়ের সম্ভাব্য বিক্রি ১০০ কোটি টাকা

যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি চলছে। গাছিরা গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। জেলার কৃষি বিভাগ আশা করছে, চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার রস ও গুড় উৎপাদন হবে। উৎপাদনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা মনে করছেন, এ কাজে প্রায় ৩০ হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে।

যশোর জেলার খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো। তবে ১৭৯০ সালে খেজুর গুড়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং তা থেকে চিনি তৈরি হতে থাকে। কালের বিবর্তনে খেজুর গুড়ের ঐতিহ্য হারিয়ে যায়। দেশে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে আখ উৎপাদন কমে যাওয়ায় খেজুর গুড়ের চাহিদা বেড়েছে।

কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানিয়েছেন, খেজুর গুড় যশোর জেলার একটি জিআই পণ্য। শীতকালে মৌসুম শুরু হলে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। তিনি আরো উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সেজন্য বর্তমান সরকার গুড় রপ্তানির চেষ্টা করছে। গুড় রপ্তানি করতে পারলে গাছিরা আরো বেশি লাভবান হবেন।

চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের গুড় উৎপাদনকারী গাছি মিজানুর রহমান বলেন, "শীতকাল আমার পরিবারের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসে। শীত মৌসুমে রস ও গুড় বিক্রি করে আমি সংসার পরিচালনা করেও বেশ টাকা সঞ্চয় করতে পারি।" তিনি জানান, "আমি বিশেষ পদ্ধতিতে অনেক পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করি, যেটা বাজারে ৮০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করি।" তিনি গুড়ের পাটালি বিদেশে রপ্তানির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। চলতি মৌসুমে নতুন গাছি জামলতা গ্রামের শিমুল সরদার বলেন, "আমি এ বছর প্রায় ৮০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছি। শুরুতেই গুড়ের পাটালির জন্য যেভাবে অর্ডার পাচ্ছি, তাতে ভালো উপার্জন হবে বলে আশা করছি।"

উপজেলার সিংহঝুলি গ্রামের গাছি রবিউল ইসলাম খান বলেন, "খেজুর গাছ অবশ্যই একটি লাভজনক কৃষি। এ গাছের পরিচর্যা করতে তেমন কোনো ব্যয় নেই; কিন্তু একেকটি গাছ একজন কৃষককে প্রতি মৌসুমে অন্তত পক্ষে তিন হাজার টাকার রস ও গুড় প্রদান করে।" স্নাতক পাস করা গাছি রবিউল ইসলাম আরো বলেন, "সরকার যদি বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে একটি শিল্প হিসেবে গ্রহণ করে সঠিক পরিকল্পনা নিতে পারে, তাহলে চিনি আমদানির বিপুল পয়সা সাশ্রয় হবে।"

ক্ষুদ্র উদ্যোক্তা ফুলসারা গ্রামের আতাউর রহমান জানান, "আমি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করি।" তিনি আরো বলেন, "আমি কয়েক বছর ধরে এ ব্যবসা করছি, তাতে পুরো শীত মৌসুমে আমার একটা ভালো ব্যবসা হয়।"

দেশে খেজুর গুড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, "চিনির তুলনায় খেজুরের গুড় অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত।" ঐতিহ্যগতভাবে সর্দি, শুষ্ক কাশি ও গলার মিউকাস পরিষ্কার করতে উষ্ণ পানি বা চায়ের সঙ্গে খেজুর গুড় খাওয়ার প্রচলন রয়েছে। এছাড়া সাদা চিনির তুলনায় খেজুরের গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, যা রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, "চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে, যা থেকে রস সংগ্রহ করা যায়।" একটি খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। ওই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। সে হিসেবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হয়ে থাকে এবং সমগ্র যশোর জেলায় চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হবে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, "খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রশাসন।" তিনি আরো বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেজুর গুড়ের পরিচিতি ও বিক্রির জন্য প্রতিবছর গুড় মেলার আয়োজন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%