শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৩ এম
যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি চলছে। গাছিরা গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। জেলার কৃষি বিভাগ আশা করছে, চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার রস ও গুড় উৎপাদন হবে। উৎপাদনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা মনে করছেন, এ কাজে প্রায় ৩০ হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে।
যশোর জেলার খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো। তবে ১৭৯০ সালে খেজুর গুড়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং তা থেকে চিনি তৈরি হতে থাকে। কালের বিবর্তনে খেজুর গুড়ের ঐতিহ্য হারিয়ে যায়। দেশে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে আখ উৎপাদন কমে যাওয়ায় খেজুর গুড়ের চাহিদা বেড়েছে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানিয়েছেন, খেজুর গুড় যশোর জেলার একটি জিআই পণ্য। শীতকালে মৌসুম শুরু হলে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। তিনি আরো উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সেজন্য বর্তমান সরকার গুড় রপ্তানির চেষ্টা করছে। গুড় রপ্তানি করতে পারলে গাছিরা আরো বেশি লাভবান হবেন।
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের গুড় উৎপাদনকারী গাছি মিজানুর রহমান বলেন, "শীতকাল আমার পরিবারের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসে। শীত মৌসুমে রস ও গুড় বিক্রি করে আমি সংসার পরিচালনা করেও বেশ টাকা সঞ্চয় করতে পারি।" তিনি জানান, "আমি বিশেষ পদ্ধতিতে অনেক পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করি, যেটা বাজারে ৮০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করি।" তিনি গুড়ের পাটালি বিদেশে রপ্তানির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। চলতি মৌসুমে নতুন গাছি জামলতা গ্রামের শিমুল সরদার বলেন, "আমি এ বছর প্রায় ৮০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছি। শুরুতেই গুড়ের পাটালির জন্য যেভাবে অর্ডার পাচ্ছি, তাতে ভালো উপার্জন হবে বলে আশা করছি।"
উপজেলার সিংহঝুলি গ্রামের গাছি রবিউল ইসলাম খান বলেন, "খেজুর গাছ অবশ্যই একটি লাভজনক কৃষি। এ গাছের পরিচর্যা করতে তেমন কোনো ব্যয় নেই; কিন্তু একেকটি গাছ একজন কৃষককে প্রতি মৌসুমে অন্তত পক্ষে তিন হাজার টাকার রস ও গুড় প্রদান করে।" স্নাতক পাস করা গাছি রবিউল ইসলাম আরো বলেন, "সরকার যদি বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে একটি শিল্প হিসেবে গ্রহণ করে সঠিক পরিকল্পনা নিতে পারে, তাহলে চিনি আমদানির বিপুল পয়সা সাশ্রয় হবে।"
ক্ষুদ্র উদ্যোক্তা ফুলসারা গ্রামের আতাউর রহমান জানান, "আমি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করি।" তিনি আরো বলেন, "আমি কয়েক বছর ধরে এ ব্যবসা করছি, তাতে পুরো শীত মৌসুমে আমার একটা ভালো ব্যবসা হয়।"
দেশে খেজুর গুড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, "চিনির তুলনায় খেজুরের গুড় অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত।" ঐতিহ্যগতভাবে সর্দি, শুষ্ক কাশি ও গলার মিউকাস পরিষ্কার করতে উষ্ণ পানি বা চায়ের সঙ্গে খেজুর গুড় খাওয়ার প্রচলন রয়েছে। এছাড়া সাদা চিনির তুলনায় খেজুরের গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, যা রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়তে দেয় না। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, "চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে, যা থেকে রস সংগ্রহ করা যায়।" একটি খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০ লিটার রস পাওয়া যায়। ওই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। সে হিসেবে চৌগাছা উপজেলায় প্রতি মৌসুমে প্রায় ৯ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হয়ে থাকে এবং সমগ্র যশোর জেলায় চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হবে।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, "খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রশাসন।" তিনি আরো বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেজুর গুড়ের পরিচিতি ও বিক্রির জন্য প্রতিবছর গুড় মেলার আয়োজন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দিগন্তজোড়া মাঠজুড়ে এখন পাকা সোনালি আমন ধানের শিষ দুলছে। কিছু স্থানে আগাম জাতের ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে, আবার কোথাও ধান ঘরে তোলার প্রস্তুতি হিসেবে উঠান-আঙিনায় ধান মাড়াইয়ের কার্যক্রম চলছে।
উপজেলা কৃষি অফিস এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এ মৌসুমে ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। চর এলাকায় কিছু জমিতে আবাদ হলেও বিল এলাকায় দিগন্তজোড়া আবাদ হয়েছে। বিশেষ করে বিল এলাকার ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়ার কারণে তারা এবার বাম্পার ফলনের আশা করছেন।
বাম্পার ফলনের লক্ষ্যে গত মঙ্গলবার ফুলবাড়ী, নারচী, ভেলাবাড়ী, কামালপুর, বোহাইল ও হাটশেরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। আগাম জাতের আমন ধান কাটার জন্য কোমরে গামছা বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। কেউ কাস্তে হাতে ধান কাটছেন, আবার কেউ কাটা ধান আঁটি বেঁধে জমিতে স্তূপ করছেন। এছাড়া কোথাও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাড়াইয়ের কাজ চলছে। নিচু জমি এবং আগাম রোপণ করা ধানক্ষেতে পাকা সোনালি শিষের আধিক্য দেখা যাচ্ছে। ধান কাটা, মাড়াই এবং ঘরে তোলার প্রক্রিয়ায় গ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি এবার ধানের ন্যায্যমূল্যও নিশ্চিত হওয়ার আশা করছেন চাষিরা।
ফুলবাড়ী ইউনিয়নের হাটফুলবাড়ী গ্রামের চাষি শাহজান আলী সাজু জানান, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় ধান চাষ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। তবে পরে আবহাওয়া অনুকূলে আসায় পরিমাণমতো বৃষ্টিপাত হয়েছে। শিষের পাশাপাশি ধানেরও ভালো ফলন হয়েছে।
তিনি আরও বলেন, আগাম জাতের ধান কাটার পর ওই জমিতে সরষের আবাদ করা হবে। বিআর-১১, ১০৩, ৯৩, ৪৯ এবং বিআর-১০৩ সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি ২২-২৩ মণ ফলন পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ মন্তব্য করেন, আবহাওয়া অনুকূলে ছিল। এছাড়া তাদের কর্মকর্তারা দিনরাত পরামর্শ প্রদান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শিক্ষাক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে জাতীয়করণের উদ্যোগ। ২০২৬ সালে দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ অথবা জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় স্থান পেয়েছে। এই খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠান দুটি হলো ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। দেশের ৮৯টি প্রতিষ্ঠানের তালিকায় ফেনী জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ার দুটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
এদিকে, ছাগলনাইয়ার শিক্ষাপ্রতিষ্ঠান দুটি জাতীয়করণের উদ্যোগের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠান দুটি জাতীয়করণ হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আরও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে বলেও মনে করছেন স্থানীয়রা।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই এটিকে ছাগলনাইয়ার শিক্ষা অঙ্গনের জন্য সম্ভাবনাময় ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এতে ছাগলনাইয়ার শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সখীপুরে নির্মিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অপরিকল্পিত ব্যবস্থাপনার অভিযোগ উঠেছে, যা প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সরেজমিনে স্টেডিয়ামটি পরিদর্শন করে কাজের নিম্নমান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে, চার মাস আগে কাজ শেষ হলেও হস্তান্তর ও উদ্বোধন প্রক্রিয়া থমকে আছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তত্ত্বাবধানে ২০২৩ সালের ৪ এপ্রিল উপজেলার শোলাপ্রতিমা বাজারসংলগ্ন সাড়ে তিন একর জমির ওপর তৎকালীন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুরুতে ঢাকার ‘মজুমদার ট্রেডার্স’ কাজটি পেলেও, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে মাত্র ৩০ শতাংশ কাজ করে অতিরিক্ত প্রায় ৭৩ লাখ টাকা বিল তুলে নেয়। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটি কাজ ফেলে পালিয়ে গেলে প্রকল্পটি অনিশ্চয়তায় পড়ে। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘সখীপুর মিনি স্টেডিয়াম’ রাখা হয় এবং বাকি কাজ শেষ করার দায়িত্ব পায় ঢাকার ‘টেকনিফ করপোরেশন’।
সরেজমিনে ঘুরে স্টেডিয়াম নির্মাণে ভয়াবহ সব ত্রুটি দেখা গেছে। বাংলাদেশে সূর্যের আলোর দিক বিবেচনায় সাধারণত উত্তর-দক্ষিণমুখী মাঠ নির্মাণ করা হলেও, এটি তৈরি করা হয়েছে পূর্ব-পশ্চিমমুখী করে। এতে বিকেলে খেলার সময় এক পক্ষের খেলোয়াড়দের চোখে সরাসরি সূর্যের আলো পড়ে খেলায় বিঘ্ন ঘটবে। এ ছাড়া গোলবারের আদর্শ উচ্চতা ৮ ফুট হওয়ার কথা থাকলেও, মাপে দেখা গেছে সাড়ে ৭ ফুট।
স্টেডিয়ামটির দক্ষিণ-পশ্চিম কোণে নবনির্মিত ওয়াশব্লক এবং পশ্চিম পাশের গ্যালারির পাশ থেকেই গভীর গর্ত করে মাটি কেটে মাঠ ভরাট করা হয়েছে। কোনো গাইড ওয়াল না থাকায় এবং চারপাশ ১৫ থেকে ২০ ফুট গভীর হওয়ায় যেকোনো সময় ওয়াশব্লক ও গ্যালারি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সাময়িকভাবে বাঁশের খুঁটি ও চাটাই দিয়ে মাটি আটকে রাখার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, প্যাভিলিয়ন ও দক্ষিণ পাশের গ্যালারি এমনভাবে তৈরি করা হয়েছে যে, সেখান থেকে মাঠের এক-চতুর্থাংশ এবং একটি গোলবার দেখাই যায় না। পাশাপাশি মাঠে দোআঁশ বা বালুমাটির পরিবর্তে এঁটেল মাটি ব্যবহার করায় তা শুকিয়ে শক্ত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সখীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মিজানুর রহমান ডালিম বলেন, ‘গ্যালারিতে বসে পুরো মাঠ দেখা যায় না, মাঠের মাটিও অসমান। গোলবারের উচ্চতা কম হওয়া একটি চরম ত্রুটি।’
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফুল আলম সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পান এবং জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত প্রতিবেদন পাঠান। তিনি জানান, প্রতিবেদন পাঠানোর পর ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে ঠিকাদার কিছু সংস্কারকাজ করেছেন।
এ বিষয়ে আহমেদ আযম খান বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে কাজটি শুরু হওয়ায় প্রশাসনের কাছে এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য ছিল না। আমি পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছি এবং ঠিকাদারকে অনিয়মের বিষয়ে জানাতে বলেছি। কিন্তু ঠিকাদার আজ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেননি।’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত এসব ত্রুটি সংস্কার না হওয়া পর্যন্ত স্টেডিয়ামটি বুঝে নেওয়া বা উদ্বোধন করা সম্ভব হচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর দুই দিন আগে এই আবেগঘন স্ট্যাটাসটি ফেসবুকে পোস্ট করেছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পাবনার সাঁথিয়ার আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অপুর শেষ ইচ্ছা হিসেবে তার কবরের পাশে বেলিফুল গাছ লাগানোর ব্যবস্থা করেছে পরিবার।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল কাদেরের ছোট ছেলে ছিলেন হুসাইন কবির অপু। পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তিনি ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে রাজশাহী বোর্ডে মেধা তালিকায় ৮ম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে নটর ডেম কলেজ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাবনা যাওয়ার পথে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মাধপুরপুর হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ