ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-দিল্লির কনস্যুলার সংলাপ ১৭-১৮ নভেম্বরের জন্য স্থগিত


ঢাকা-দিল্লির কনস্যুলার সংলাপ ১৭-১৮ নভেম্বরের জন্য স্থগিত

ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। এই সংলাপটি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফা সংলাপ হিসেবে আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংলাপটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়েছে।

মহাপরিচালক পর্যায়ের এই সংলাপের জন্য বাংলাদেশ প্রথমে অক্টোবরের শেষ দিকে তারিখ চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছিল। তবে দুর্গাপূজার কারণে ভারত নভেম্বর মাসকে বেছে নেয়। ভারতের পক্ষ থেকে ১৭-১৮ নভেম্বর এই সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয় এবং ঢাকা এতে সম্মতি জানায়।

আরও পড়ুন: নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন

সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার জন্য নির্ধারিত ছিল।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেল চোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেল চোর

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে এক চোর। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করতে শুরু করে। ৩০ মিনিটের প্রচেষ্টার পর, তারা তাকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধারকৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে।

এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায়।

আটক হওয়া ব্যক্তির নাম লিটন, বয়স ৩২ বছর। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতা ছাড়ার আগেই কিউবায় সরকার উৎখাতের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


ক্ষমতা ছাড়ার আগেই কিউবায় সরকার উৎখাতের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৯ সালে ক্ষমতা ছাড়ার পূর্বে তিনি কিউবার সরকার উৎখাতের জন্য সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা’ করবেন। কিউবা সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’

বৃহস্পতিবার, রক্ষণশীল ধারার রেডিও উপস্থাপক ও সালেম নিউজ চ্যানেলের সাংবাদিক হিউ হিউইটের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কিউবাকে ‘মুক্ত’ করার জন্য সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন।

ট্রাম্পের জবাব ছিল, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ তিনি উল্লেখ করেন যে, তার প্রশাসন এই বিষয়ে ‘খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ কিউবাকে তিনি ‘কার্যত একটি ব্যর্থ দেশ’ হিসেবে অভিহিত করেন।

রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য এবারই প্রথম তিনি কোনো সময়সীমার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি কিউবান বংশোদ্ভূত, তিনিও কিউবায় এমন পদক্ষেপ দেখতে চান।

ট্রাম্প বলেন, ‘আমি কিউবার জনগণের জন্য এমনটা করতে পারলে খুশি হব। বিশেষ করে যারা কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’ তিনি দাবি করেন, ফ্লোরিডায় কিউবান বংশোদ্ভূত ভোটারদের মধ্যে তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

এর আগে কিউবার সরকারকে উৎখাতের জন্য ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন। সোমবার তিনি বলেছেন, ‘কিউবার পতন খুব শিগগিরই ঘটবে’ এবং যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ভিত্তিতে দেশটিকে সহযোগিতা করবে।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবার ওপর কার্যত তেল অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে দ্বীপ দেশটিতে ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ট্রাম্প কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করে নির্বাহী আদেশে সই করেন। তিনি কিউবায় জ্বালানি সরবরাহকারী যেকোনো দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন।

যুক্তরাষ্ট্রের এই অবরোধের ফলে কিউবায় বারবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেখা দিয়েছে জ্বালানি ও খাদ্যসংকট। পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটের দিকে এগিয়েছে।

কিউবার কর্মকর্তারা মার্কিন পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ বলে অভিহিত করেছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই অবস্থার ফলে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এর ফলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটির বিকল হয়ে পড়ার কারণে মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তীতে যানবাহনের চাপ বাড়তে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করছে।

যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, "জামালদী এলাকা থেকেই যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।"

বাসচালক আলী আকবর বলেন, "বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।"

ভোগান্তির কথা জানিয়ে এক বাসযাত্রী বলেন, "আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। অনেক সময় পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে আমাদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে?"

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, "দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।"

দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রী ও পরিবহণ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় শীতের তীব্রতায় বিপর্যস্ত শিশুরা, লাখো মানুষের সাহায্য প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


গাজায় শীতের তীব্রতায় বিপর্যস্ত শিশুরা, লাখো মানুষের সাহায্য প্রয়োজন

গাজা নগরীতে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু বৃষ্টিতে ভিজে যাচ্ছে। শীতের পোশাক ও কম্বলের অভাবে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। চার মাস বয়সি শিশু মোহাম্মদকে রাতের ঠান্ডা থেকে বাঁচাতে তার মা আমিরা সাদ হিমশিম খাচ্ছেন। গরম পোশাক কেনার সামর্থ্য না থাকায় প্রতিবেশীর কাছ থেকে একটি শীতের পোশাক ধার করেছেন তিনি।

২৭ বছর বয়সি আমিরা ১৮ সদস্যের পরিবারের সঙ্গে বসবাস করেন। পরিবারের নয়জনই শিশু। গাজা নগরীর পশ্চিমে একটি অস্থায়ী শিবিরে ত্রিপল দিয়ে তৈরি তাঁবুতে তাদের বসবাস। ওই তাঁবুটি বৃষ্টি ও ঠান্ডা থেকে সুরক্ষা দিতে পারছে না। পরিবারের সবার জন্য পর্যাপ্ত গরম পোশাক ও কম্বল জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

ইসরাইলের যুদ্ধের শুরুর দিকে গাজা নগরীর শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয় পরিবারটি। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে তাদের তাঁবুতে পানি ঢুকে বিছানার তোশক, বালিশ ও কম্বল ভিজে গেছে।

আমিরা বলেন, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তাঁবুতে পানি ঢুকে পড়ে। কম্বল, তোশক ও বালিশ সব ভিজে যায়। সবকিছু পানিতে একাকার হয়ে গিয়েছিল।’

পরিবারের শিশুদের বেশির ভাগের পরনে পুরোনো ও ছেঁড়া গ্রীষ্মকালীন পোশাক। আমিরার শাশুড়ি ৬০ বছর বয়সি বাসিমা সাদেরও দুশ্চিন্তার শেষ নেই। তার ২৩ বছর বয়সি এক মেয়ে প্রতিবন্ধী। তার জন্য গরম পোশাকের পাশাপাশি ওষুধও প্রয়োজন।

বাসিমা বলেন, ‘তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাকে গরম রাখার জন্য বিছানায় নিজের পাশে শুইয়ে রাখি। ছোট শিশুর মতো তাকে আগলে রাখি। নিজের পোশাক পরার আগেই তাকে পোশাক পরিয়ে দিই। আগে নিশ্চিত করি, সে যেন গরম থাকে।’

পরিবারটির নিয়মিত কোনো আয় নেই। খাবারের জন্য তাদের কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতে হয়। শীতের পোশাক ও কম্বল কেনার মতো বাড়তি টাকা তাদের হাতে নেই।

আমিরা বলেন, ‘আমার স্বামীর কোনো কাজ নেই। দুই দিন আগে তিনি ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে গিয়েছিলেন। সেখানে তার হাত ভেঙে গেছে। আমাদের অবস্থা খুব খারাপ। ঠান্ডাও অসহনীয়।’

শীত মোকাবিলায় সহায়তা প্রয়োজন লাখো মানুষের। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার ৯৪ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন। সেখানকার প্রায় ৬৫ শতাংশ পরিবার তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। শীত মোকাবিলায় গাজার ৬ লাখ ৫০ হাজার শিশুর গরম পোশাক ও কম্বলসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন।

গত সেপ্টেম্বর পর্যন্ত ত্রাণ সংস্থাগুলো মাত্র ৯ হাজার পরিবারের জন্য শীতের পোশাক এবং ৫০ হাজার পরিবারের জন্য বিছানার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পেরেছিল। প্রয়োজনের তুলনায় এই সহায়তা খুবই কম। অর্থের অভাব শীতকালীন প্রস্তুতিতেও বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছে ওসিএইচএ।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, শীতের কারণে গাজার শিশুরা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া (হাইপোথার্মিয়া) এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীতে হাইপোথার্মিয়ায় অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছিল।

২০২৬-২৭ সালের শীতকালীন সহায়তা কার্যক্রমের জন্য ৯ কোটি ৭৫ লাখ ডলার সংগ্রহের চেষ্টা করছে ইউনিসেফ। এ অর্থ দিয়ে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ৫ লাখ ৪০ হাজার শিশু ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সাম্প্রতিক বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ইউনিসেফ গত ৯ নভেম্বর জানিয়েছে, বন্যায় ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় বসবাস করছেন, যেগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।

ইসরাইলের তিন বছরের বেশি সময়ের যুদ্ধে গাজায় ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর ও জীবিকার উৎস। প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকে একাধিকবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এখনো কয়েক লাখ মানুষ তাঁবু ও ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে বেকারত্ব ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে উঠেছে। মৌলিক প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে পরিবারগুলো। সন্তানদের শীত থেকে রক্ষা করার সামর্থ্যও অনেকের নেই।

পুরোনো পোশাকই ভরসা, কিনতে পারছেন না নতুন। গাজা নগরীর রিমাল বাজারে পোশাকের দোকান চালান ২৫ বছর বয়সি মোহাম্মদ আবু শানার। শীতের পোশাক কিনতে এসে অনেক ক্রেতাকেই দাম জিজ্ঞাসা করে খালি হাতে ফিরে যেতে দেখছেন তিনি।

মোহাম্মদ বলেন, ‘পোশাকের দাম অনেক বেশি। সবার পক্ষে এসব কেনা সম্ভব নয়। মানুষ দোকানে এসে দাম জিজ্ঞাসা করে। কিন্তু সামর্থ্য না থাকায় কিছু না কিনেই চলে যায়।’

তিনি প্রতিদিন চার থেকে ছয়টি শীতের ট্র্যাকস্যুট বিক্রি করতে পারেন। তার দোকানের আশপাশের বাস্তুচ্যুত শিবিরগুলোতে অনেক শিশুকে এখনো পাতলা পোশাক কিংবা হাফহাতা জামা পরে থাকতে দেখা যায়।

মোহাম্মদের মতে, গাজায় পণ্য প্রবেশে ইসরাইলের অব্যাহত বিধিনিষেধের কারণে বাজারে পোশাকের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এসব কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে।

তিনি বলেন, ‘প্রথমত, পণ্যের সংকট রয়েছে। পাইকারি বিক্রেতারা তাদের দাম কমাচ্ছেন না। আমাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এসব পোশাকের দাম যদি ৪০ বা ৫০ শেকেলের পরিবর্তে ২০ বা ২৫ শেকেল হতো, তাহলে হয়তো মানুষ কিনতে পারত।’

মোহাম্মদ জানান, শীতের পোশাকের মজুত কিনতে তিনি ২০ হাজার শেকেলের বেশি বিনিয়োগ করেছেন। কিন্তু তিন সপ্তাহ ধরে বিক্রির পর তার আয় হয়েছে ৫ হাজার শেকেলেরও কম।

তবে আনাস হামাদের মতো অনেকের কাছে এই দামেও পোশাক কেনার সামর্থ্য নেই। উত্তর গাজার বেইত হানুন থেকে বাস্তুচ্যুত হয়েছেন আনাস ও তার পরিবার। যুদ্ধের আগে সেখানে তার একটি সুপারমার্কেট ছিল। তার চার ভাইও সেখানে কাজ করতেন। যুদ্ধে তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা পাঁচ ভাইয়ের কেউই এখন কর্মহীন।

কোনো আয় না থাকায় তিন সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারেন না আনাস। সন্তানদের পোশাকের জন্য তাকে পুরোনো কাপড়ের বাজার ও অন্যের ব্যবহৃত পোশাকের ওপর নির্ভর করতে হয়।

তিনি একটি ঘটনার কথা স্মরণ করেন। তার পাঁচ বছর বয়সি মেয়ে জানা একদিন নতুন জামা চেয়েছিল। কিন্তু নতুন জামা কিনে দিতে না পেরে তিনি মেয়েকে তার গায়ে থাকা জামাটিই দেখিয়ে দেন। জামাটি আগে তার ভাই পরত।

প্রায় দুই বছর ধরে ছেঁড়া ও জরাজীর্ণ একটি তাঁবুতে বসবাস করছে আনাসের পরিবার। তার স্ত্রী সেলাই করে ও তালি দিয়ে তাঁবুটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু ওপর ও নিচ—দুই দিক দিয়েই বৃষ্টির পানি ঢোকে। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে তাদের বিছানাপত্র ও অন্যান্য জিনিসপত্র ভিজে গেছে।

আনাস বলেন, ঠান্ডায় তার তিন বছর বয়সি সন্তান কাঁপছিল। তাঁবুর ওপর বৃষ্টির শব্দে শিশুরা ভয় পেয়ে যাচ্ছিল।

তিনি বলেন, ‘আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, সন্তানদের জন্য খাবার কিনব, গরম পোশাক ও কম্বল কিনব, নাকি আসন্ন বৃষ্টি থেকে তাঁবু রক্ষার জন্য ত্রিপল কিনব। কোনটিকে অগ্রাধিকার দেব, আর কোনটি বাদ দেব, বুঝতে পারছি না।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%