শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২২ পি.এম
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, সমাজে বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা বিপুল সমর্থন দিয়েছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে যে, মানুষ পরিবর্তনশীল এবং তাদেরকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
আইনমন্ত্রী আরও বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের রক্তের রং এক। একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল আমরা সবাই খাই। তাই আমাদের পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ।
তিনি বলেন, বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তার সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারা।
আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা কিছু করণীয়, সরকার তা-ই করবে। আইন ও আইনের শাসনের পথে এগিয়ে যেতে চান তারা। এ পথে ভুল হতে পারে, বিভ্রান্ত হতে পারে কিংবা পথ হারাতে পারে। এজন্য সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরে তাদের ভুল ধরিয়ে দেবেন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে পাশে থাকবেন।
তিনি বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। যারা মানবতা, মানুষের উন্নয়ন ও কল্যাণ এবং মানবাধিকারে বিশ্বাস করেন, তাদের জন্য এই বাংলাদেশ। আর যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ অবলম্বন করবেন, বাংলাদেশের মানুষ সেই পথ প্রত্যাখ্যান করবে বলে তারা বিশ্বাস করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও তাদের সেই পথ দেখিয়েছে।
জগন্নাথ হলের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, জগন্নাথ হল শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। এ ধরনের একটি আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোনিয়া গান্ধীর রাজনীতির প্রতি কখনোই বিশেষ আগ্রহ ছিল না। তার দৃষ্টিতে রাজনীতি ছিল উচ্চাকাঙ্ক্ষা, লোভ, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার একটি জটিল জগত। কিন্তু এক সময় তিনি সেই রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন।
ভারতের প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ রাজনীতিতে প্রবেশের পেছনের কারণ তুলে ধরেছেন।
রাজীব গান্ধীর মাধ্যমে তিনি রাজনীতির ভালো-মন্দ দুই দিকই কাছ থেকে দেখেছেন। রাজনীতির কারণে প্রথমে শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং পরে স্বামী রাজীব গান্ধীকে হারানোর বেদনাও তাকে তাড়া করেছে।
কিন্তু রাজীবের মৃত্যুর পর কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, নেতাদের দলত্যাগ এবং নির্বাচনী ভিত্তি হারানোর পরিস্থিতি তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। তার আশঙ্কা ছিল যে, কংগ্রেস দুর্বল হয়ে পড়লে ভারতের ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী আদর্শও হুমকির মুখে পড়বে।
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে গিয়ে সোনিয়া শেষ পর্যন্ত ভগবদ্গীতার দর্শন থেকে অনুপ্রেরণা পান। ১৯৯৭ সালের জানুয়ারিতে তিনি একজন সংস্কৃত পণ্ডিতের কাছে ব্যক্তিগতভাবে গীতার পাঠ নেন। গীতার কর্মফলের প্রতি আসক্তি ছাড়া নিজের কর্তব্য পালনের দর্শনই তার সংশয় কাটাতে সাহায্য করে।
স্মৃতিকথায় সোনিয়া উল্লেখ করেছেন যে, নিজের সন্দেহ ও প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পর তিনি উপলব্ধি করেন, কর্তব্য যেখানে ডাকছে, সেখানে তাকে যেতে হবে। সেই উপলব্ধি থেকেই তিনি রাজনীতির ময়দানে পা রাখেন।
ব্যক্তিগত শোক ও অনিচ্ছা পেছনে ফেলে কংগ্রেসের নেতৃত্বে আসার মাধ্যমে ভারতীয় রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেন সোনিয়া গান্ধী।
তথ্যসূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক পরিবারের খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা পুকুরের পানিতে ডুবে ঘটেছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—জগন্নাথপুর গ্রামের রানা বাবুর চার বছর বয়সী ছেলে সালমান বাবু এবং একই এলাকার সহিদুল ইসলামের আট বছর বয়সী মেয়ে শাহারিয়া জাহান ইভা। তারা খালা ও ভাগিনা হিসেবে পরিচিত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু সালমান বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি লক্ষ্য করে তার খালা শাহারিয়া জাহান ইভা (৮) ভাগিনাকে বাঁচাতে দ্রুত পুকুরে নেমে যায়। কিন্তু সাঁতার না জানায় এবং পানির গভীরতা বেশি থাকায় দুজনেই তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু ঘটে।
একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যুতে পুরো জগন্নাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে শিশু সালমান প্রথমে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার খালা ইভাও পানিতে ডুবে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি আশাবাদী যে শিগগিরই দুই দেশের চলচ্চিত্রশিল্পের মধ্যে এ ধরনের একটি উদ্যোগ বাস্তবায়িত হবে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রঙ ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাকিব খান। সেখানে তিনি সেরা নায়কের সম্মাননা গ্রহণ করেন। এরপর চলচ্চিত্রশিল্পের বর্তমান অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এই অভিনেতা।
শাকিব খান মনে করেন, বিশ্ব চলচ্চিত্রের জন্য বর্তমানে একটি সম্ভাবনাময় সময়। প্রতিবেশী দেশগুলোর সিনেমা দ্রুত বড় অঙ্কের ব্যবসা করছে এবং আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এই অগ্রগতির মধ্যে থেকে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য অনেক কিছু শেখার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের প্রসঙ্গ উল্লেখ করে শাকিব খান জানান, সেখানে সিনেমা হল ও আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০। সেখানকার কোনো সিনেমা ব্যবসায়িকভাবে সফল হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে। তিনি জানান, আগে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে তাঁর ধারণা সীমিত ছিল, তবে খোঁজ নিয়ে এর বাজারের ব্যাপ্তি সম্পর্কে জানতে পেরেছেন।
শাকিব খান বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে শিগগিরই যৌথভাবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন উদ্যোগ সফল হলে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের আগ্রহের কথাও উল্লেখ করেন শাকিব খান। তিনি বিশ্বাস করেন, সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় বাংলা সিনেমা আরও বড় পরিসরে পৌঁছাতে সক্ষম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ১২ জন। তবে তাদের মধ্যে কেউই নারী ছিলেন না। দীর্ঘদিনের সেই ইতিহাস ভাঙতে যাচ্ছে দেশটি। সবকিছু ঠিক থাকলে সাবেক হেলিকপ্টার প্রকৌশলী ও রাজনীতিক ইলসে আইগনার জার্মানির প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।
৬১ বছর বয়সী আইগনারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির চ্যান্সেলর ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ফ্রিডরিখ মের্ৎস। চলতি সপ্তাহে তার নাম ঘোষণার সময় মের্ৎস বলেছেন, "জার্মানির রাষ্ট্রপতি পদে একজন নারীকে দায়িত্ব দেওয়ার সময় এখনই।"
আগামী জানুয়ারিতে নির্বাচিত হলে আইগনার বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন। জার্মানির রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ। মের্ৎসের দল সিডিইউ ছাড়াও ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এবং বিরোধী দল গ্রিনসের সমর্থন পাওয়ায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশ জোরালো।
প্রকৌশলী থেকে রাজনীতির শীর্ষে
আইগনারের রাজনৈতিক জীবন যেমন ব্যতিক্রমী, তেমনি তার শিক্ষাগত ও পেশাগত পটভূমিও প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের ধারার বাইরে। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হেলিকপ্টার উৎপাদন ও নির্মাণ বিষয়ে বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।
১৯৯০-এর দশকে স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৮ সালে জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্টাগের সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার এই ব্যতিক্রমী পেশাগত পরিচয় নিয়ে দেশটির গণমাধ্যমেও আলোচনা চলছে। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও লেখক ইয়র্গ থাডয়ুস মজা করে বলেছেন, "জার্মানির প্রথম এমন রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে, যিনি নিজেই একটি সরকারি হেলিকপ্টার মেরামত করতে পারবেন।"
অতীতের বাধা পেরিয়ে আজ রাষ্ট্রপতি পদপ্রার্থী। রাজনীতিতে আইগনারের পথচলা সব সময় মসৃণ ছিল না। ১৯৯০-এর দশকের শুরুতে মাত্র ২৭ বছর বয়সে নিজের জন্মশহর বাভারিয়ার ফেল্ডকির্খেন-ভেস্টারহাম পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অবিবাহিত হওয়ায় তৎকালীন রক্ষণশীল দলের নেতারা তাকে উপযুক্ত মনে করেননি। তাদের যুক্তি ছিল, অবিবাহিত থাকা তার ব্যক্তিগত অবস্থানকে অস্পষ্ট করে তোলে।
সেই সময়ের বাধা পেরিয়ে আজ তিনিই জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। আইগনারের ব্যক্তিগত জীবনও বেশ সাধারণ। তিনি এখনো নিজের জন্মশহর ফেল্ডকির্খেন-ভেস্টারহামে বসবাস করেন। প্রায় ১০ হাজার মানুষের এই ছোট শহরে পরিবারের তিন প্রজন্মের সদস্যদের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘দি ইলসে’ নামে। শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নেন। কখনো সাইকেল চালিয়ে বাজারে যান, আবার কখনো নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
অসুস্থতার সঙ্গে লড়াই, জীবন সম্পর্কে নতুন উপলব্ধি। জীবনে একাধিকবার গুরুতর অসুস্থতার মুখোমুখি হয়েছেন আইগনার। মাত্র ১৭ বছর বয়সে তার মেরুদণ্ডে টিউমার ধরা পড়ে। পরে চল্লিশের দশকে মন্ত্রী থাকাকালে থাইরয়েড ক্যানসারেও আক্রান্ত হন তিনি। এসব কঠিন অভিজ্ঞতা তার রাজনৈতিক চিন্তাভাবনা ও জীবনবোধকে আরো গভীর করেছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দেওয়া বক্তব্যে আইগনার বলেছেন, "দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে নিজের ব্যক্তিত্ব ও জীবনের অভিজ্ঞতার মাধ্যমে জার্মানির মানুষের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনার প্রতীক হতে চান তিনি।"
রাজনৈতিক বিভাজন দূর করার প্রত্যাশা
আইগনারের মনোনয়নকে ঘিরে জার্মানির রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও সবাই তার প্রতি সন্তুষ্ট নন। দেশটির পার্লামেন্টে সবচেয়ে বড় বিরোধী শক্তি ডানপন্থী পপুলিস্ট দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) তাকে নিজেদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় দিতে বলেছিল। তবে আইগনার সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সহ-নেত্রী অ্যালিস ভাইডেল। তার অভিযোগ, আইগনার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচারের প্রতি যথাযথ সম্মান দেখাননি। একই সঙ্গে এএফডির লাখ লাখ ভোটারের প্রতিও অসম্মান করেছেন।
অন্যদিকে, আইগনারের মনোনয়নকে চ্যান্সেলর মের্ৎসের জন্যও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নারী নেতৃত্বের বিষয়ে তার অবস্থান নিয়ে অতীতে সমালোচনা ছিল। বিশেষ করে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং তার নেতৃত্বের ধরন নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্লেষকদের মতে, আইগনারকে সমর্থন দিয়ে মের্ৎস নিজের রাজনৈতিক ভাবমূর্তিতেও ইতিবাচক পরিবর্তন আনতে চাইছেন।
নারী নেতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে আইগনার। জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্বের অন্যতম প্রভাবশালী উদাহরণ ছিলেন। তার বিদায়ের পাঁচ বছর পর দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আরেকজন নারীর সম্ভাব্য অভিষেককে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন অনেকে।
গ্রিন পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য ব্রিটা হাসেলমান বলেছেন, "জার্মান সমাজ, রাজনীতি ও ব্যবসায় নারীদের প্রতিনিধিত্ব এখনো প্রয়োজনের তুলনায় কম। তাই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে একজন নারীর দায়িত্ব নেওয়ার সময় এসেছে।"
তবে তার মতে, শুধু নারী হিসেবে আইগনারের সম্ভাব্য নির্বাচনই গুরুত্বপূর্ণ নয়; বরং রাজনৈতিক ও আদর্শিক বিভাজনে জর্জরিত দেশকে ঐক্যবদ্ধ করার সক্ষমতাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা।
হাসেলমানের ভাষায়, "বর্তমান মেরুকরণের সময়ে জার্মানির এমন একজন রাষ্ট্রপ্রধান প্রয়োজন, যিনি মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারবেন, সহমর্মী ও সাধারণ মানুষের কাছের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং গণতন্ত্রে পারস্পরিক সমঝোতার গুরুত্ব তুলে ধরবেন।" তার বিশ্বাস, আইগনারের সেই সক্ষমতা রয়েছে।
সব মিলিয়ে, ইলসে আইগনারের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়া কেবল জার্মানির নেতৃত্বে নারী প্রতিনিধিত্বের নতুন অধ্যায় নয়; বরং রাজনৈতিক বিভাজন কাটিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটি নতুন প্রত্যাশাও তৈরি করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ