প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী উল্লেখ করেন, সমাজে বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা বিপুল সমর্থন দিয়েছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে যে, মানুষ পরিবর্তনশীল এবং তাদেরকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
আইনমন্ত্রী আরও বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের রক্তের রং এক। একই আলো-বাতাসে আমরা বেড়ে উঠি, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল আমরা সবাই খাই। তাই আমাদের পরিচয়—আমরা বাংলাদেশের মানুষ।
তিনি বলেন, বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তার সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারা।
আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা কিছু করণীয়, সরকার তা-ই করবে। আইন ও আইনের শাসনের পথে এগিয়ে যেতে চান তারা। এ পথে ভুল হতে পারে, বিভ্রান্ত হতে পারে কিংবা পথ হারাতে পারে। এজন্য সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরে তাদের ভুল ধরিয়ে দেবেন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে পাশে থাকবেন।
তিনি বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। যারা মানবতা, মানুষের উন্নয়ন ও কল্যাণ এবং মানবাধিকারে বিশ্বাস করেন, তাদের জন্য এই বাংলাদেশ। আর যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ অবলম্বন করবেন, বাংলাদেশের মানুষ সেই পথ প্রত্যাখ্যান করবে বলে তারা বিশ্বাস করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও তাদের সেই পথ দেখিয়েছে।
জগন্নাথ হলের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, জগন্নাথ হল শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। এ ধরনের একটি আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন