শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৭ এম
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রণয়নে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতিতে কঠোর নজরদারি করা হবে, পাশাপাশি ধীরগতির প্রকল্পের বরাদ্দ পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাঁচটি কৌশলগত অগ্রাধিকারের আলোকে চলমান প্রকল্পগুলোর পরিধি ও উদ্দেশ্য পুনর্নির্ধারণ করা হবে।
প্রকল্পের বরাদ্দ চাহিদা যাচাই-বাছাই করে পাঠানোর জন্য পরিকল্পনা কমিশন মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর জন্য চার ধাপে সময়সীমা বেঁধে দিয়েছে। লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পের ব্যয়, অর্থ ব্যবহারের সক্ষমতা এবং বাস্তবায়ন অগ্রগতি নতুন করে পর্যালোচনার জন্য মাসব্যাপী কার্যক্রম শুরু করেছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্রে মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রকল্পভিত্তিক সংশোধিত বরাদ্দ চাহিদা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে আগামী ২৯ নভেম্বরের মধ্যে চাহিদা যাচাই-বাছাই শেষে কার্যক্রম বিভাগে পাঠাতে হবে। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের ওই পরিপত্র ৫৮টি মন্ত্রণালয়, বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সচিবদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
নীতিমালায় চলমান প্রকল্পের অগ্রগতি, অবশিষ্ট কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থ, প্রকল্পের বাস্তবায়ন সক্ষমতা এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন অনুমোদিত প্রকল্পের অর্থায়ন চাহিদাও বিবেচনায় নিতে বলা হয়েছে।
জানা গেছে, নতুন কাঠামোতে সরকারের পাঁচটি কৌশলগত অগ্রাধিকারের আলোকে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পুনর্বিন্যাস করা হবে। অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি এবং সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতি। এসব অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্পের পরিধি ও উদ্দেশ্য পুনর্বিন্যাসের পাশাপাশি প্রকল্পগুলোকে যৌক্তিকসংখ্যক কর্মসূচিতে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলেছে পরিকল্পনা কমিশন।
সময়সীমার চার ধাপ
আরএডিপির বরাদ্দ চাহিদা পাঠানোর জন্য চারটি ধাপে সময়সীমা নির্ধারণ করেছে পরিকল্পনা কমিশন। নির্দেশনা অনুযায়ী, প্রকল্প পরিচালকদের ৮ নভেম্বরের মধ্যে অর্থনৈতিক কোডভিত্তিক চাহিদা এডিপি/আরএডিপি ম্যানেজমেন্ট সিস্টেমে (এএমএস) এন্ট্রি করে বাস্তবায়নকারী সংস্থায় পাঠানোর সময় দেওয়া হয়। বাস্তবায়নকারী সংস্থাগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধন শেষে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে চাহিদা পাঠাবে।
মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বিত প্রস্তাব ২২ নভেম্বরের মধ্যে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টর বিভাগে পাঠাবে। সর্বশেষ ২৯ নভেম্বরের মধ্যে সেক্টর বিভাগগুলো অগ্রাধিকার নির্ধারণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কার্যক্রম বিভাগে চাহিদা পাঠাবে। সব প্রস্তাব এএমএসের মাধ্যমে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে সিস্টেমে চাহিদা পাঠানোর সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে নির্ধারিত সময়ের পরে আর কোনো প্রস্তাব পাঠানোর সুযোগ থাকবে না বলে পরিপত্রে সতর্ক করা হয়েছে।
বিদেশি সহায়তা ও জলবায়ু প্রকল্পে গুরুত্ব
বিদেশি ঋণ ও অনুদাননির্ভর প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রার চাহিদা এবং প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বিবেচনায় নিতে বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পের তথ্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) সঙ্গে সমন্বয়ের কথা বলা হয়েছে।
বরাদ্দ চাহিদায় সতর্কতা
নীতিমালায় বলা হয়েছে, প্রকল্পের চাহিদা প্রস্তাবের ক্ষেত্রে ইতোমধ্যে ব্যয় করা অর্থের তুলনায় কম অগ্রগতি দেখিয়ে অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না। একই সঙ্গে প্রকল্পের বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ চাহিদা নির্ধারণ করতে হবে। প্রকল্পের অর্থনৈতিক কোডভিত্তিক চাহিদা হাজার টাকায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মোট বরাদ্দ চাহিদা লাখ টাকায় উল্লেখ করতে হবে।
পরিকল্পনা কমিশন বলছে, সংশোধিত এডিপি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উন্নয়ন অগ্রাধিকার, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এ নীতিমালার মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থাকে প্রয়োজনীয় তথ্য ও বরাদ্দ চাহিদা পাঠাতে বলা হয়েছে।
ব্যয়ের হিসাব যাচাইয়ে কঠোর নির্দেশনা
চলমান প্রকল্পের সংশোধিত বরাদ্দ চাহিদা তৈরির ক্ষেত্রে ১৬টি শর্ত অনুসরণের নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। এতে প্রকল্পের অনুমোদিত কর্মপরিকল্পনা, ব্যয় পরিকল্পনা, চলতি অর্থবছরের প্রকৃত ব্যয়, ক্রমপুঞ্জিত ব্যয় এবং অবশিষ্ট সময়ে বাস্তবসম্মতভাবে কত অর্থ ব্যয় করা সম্ভব, তা বিবেচনায় নিতে বলা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রকল্পের বরাদ্দ চাহিদা ইতোমধ্যে ব্যয় করা অর্থের তুলনায় কম প্রস্তাব করা যাবে না। একই সঙ্গে অবশিষ্ট সময়ে বাস্তবে যে পরিমাণ অর্থ ছাড় ও ব্যয় করা সম্ভব, চাহিদায় তার প্রতিফলন থাকতে হবে। এডিপিভুক্ত সব প্রকল্প আরএডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে যেসব প্রকল্প সমাপ্ত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে প্রকৃত ব্যয়ের তথ্য দেখাতে হবে।
প্রকল্পের অব্যবহৃত বরাদ্দ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফেরত দেওয়া হলে সেই তথ্য ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস++) যথাযথভাবে হিসাবভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এনভিডিয়ার পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রতিষ্ঠানের আরো এক নারী কর্মীর পরকীয়ার সম্পর্ক ছিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এ বিষয়ে জানেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।
জেনসেন হুয়াং বৃহস্পতিবার পদত্যাগ করেন, এর আগে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের খবর সামনে আসার পর। ওই দুই নারী হলেন অ্যালিস হুয়াং ও কিম্বারলি পাওয়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংকে চীনের গুপ্তচর হিসেবে সন্দেহ করে। অপরদিকে, কিম্বারলি পাওয়েল এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট।
রয়টার্স নতুন করে যে নারী কর্মীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর পেয়েছে, তার নাম প্রকাশ করেনি। সংবাদমাধ্যমটি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি। এনভিডিয়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কিম্বারলি পাওয়েল, জেনসেন হুয়াং এবং এনভিডিয়ার পরিচালনা পর্ষদের একজন প্রতিনিধির কাছ থেকেও মন্তব্য চাওয়া হয়েছিল, কিন্তু তাদের কেউই সাড়া দেননি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর, গত ৮ নভেম্বর জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তবে ওই বিবৃতিতে তিনি অ্যালিসের নাম উল্লেখ করেননি। জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে বড় প্রভাব পড়তে পারে, কারণ, এআই শিল্পের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এনভিডিয়া এআই শিল্পের বিকাশে একটি বড় ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি চিপ কেনার সুযোগ সহজ করতে বিভিন্ন আর্থিক ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি, ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ও এআই গবেষণাগারগুলোকে অর্থসহায়তা প্রদান করেছে। ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং বিবাহিত। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশের পর তার পদত্যাগের দাবি জোরালো হয়।
জেনসেন হুয়াংয়ের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনও নির্ধারিত হয়নি। এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষদ তাকে এ দায়িত্ব দিয়েছে। নতুন সিইও পদে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি তদন্ত শুরু করেছে। বাইরের আইনজীবীদের সহায়তায় পর্ষদের স্বাধীন সদস্যরা এ তদন্ত পরিচালনা করছেন। তারা খতিয়ে দেখছেন, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু করেছিল কি না। তদন্তের সময় পরিচালনা পর্ষদ তার প্রতি আস্থার কথাও জানিয়েছে।
বৃহস্পতিবার লেনদেন চলাকালীন এনভিডিয়ার শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়। গত অক্টোবরের শুরুতে শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য ৩০ শতাংশের বেশি কমেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্ক সফরের শেষ দিনে, বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান, দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের পর জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে এই জাদুঘরটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ডা. জুবাইদা রহমান। এ সময় অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিক দূষণ কমানো, ব্যবহৃত সামগ্রীর পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
২০১৭ সালে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে দেশটিতে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের উদ্দেশ্য হলো বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করা।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তিনি। সফরকালে জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এই হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট। পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের জন্য আলোচনা করছিল। এসময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।
পরে কক্ষে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, ওই ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। পুলিশ তাকে আটক করেছে বলে জানান ক্যারল।
ঘটনাস্থলে উপস্থিত আল জাজিরার প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার জন্য অভিযান পরিচালনা করা হয়।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।
স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনেছেন। পরে বাইরে আরো পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।
ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। ব্যস্ত সময়ে হামলার ঘটনা ঘটায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিকটবর্তী কোনো ভবনের ভেতরে প্রবেশ করতে হবে। জানালা থেকে দূরে থাকতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরেই অবস্থান করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আয়োজনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া ছুটিটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে, এই বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করে প্রদান করা হবে।
এছাড়া, রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি নির্ধারণের জন্য একটি ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এর আগে ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ