ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাটে মেলায় চাকরি পেলেন ৪০ যুবক-যুবতী


জয়পুরহাটে মেলায় চাকরি পেলেন ৪০ যুবক-যুবতী

জয়পুরহাটে তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, পৌর কমিউনিটি সেন্টারে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

চাকরির মেলায় সরাসরি অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে ৪০ জন যোগ্য প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কাঙ্ক্ষিত চাকরি লাভ করেছেন।

আরও পড়ুন: মাদারীপুরে ইসলামী আন্দোলনের জেলা মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত

জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) আয়োজিত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে জেআরডিএম-এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেআরডিএম-এর পরিচালক শওকত আলী, মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাহিন রেজাসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এই ধরনের চাকরি মেলা বেকার যুবকদের জন্য একটি চমৎকার সুযোগ। এর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সরাসরি সেতু বন্ধন তৈরি হয়। মেলায় আসা ৪০ জন যুবক-যুবতীর তাৎক্ষণিক কর্মসংস্থান হওয়াটাকে আয়োজকরা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয় এবং বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

আরও পড়ুন: বাড়িতে ফিরল সৌদিতে নিহত সাহেদের নিথর দেহ, স্ত্রী-সন্তানের আহাজারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


সড়কে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজ ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রাজধানীর সড়ক ও ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করা এবং পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এটি সম্পন্ন হয়। অভিযানের অংশ হিসেবে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকার দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে করে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত হয়ে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যায়।

এর পর ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সাথে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের জন্য উপযোগী করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটে মেগা প্রকল্পের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে : সংসদ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


বাজেটে মেগা প্রকল্পের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে : সংসদ সদস্যরা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মেগা প্রকল্পের পরিবর্তে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সংসদ সদস্যরা উল্লেখ করেছেন।

আজ জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আইনপ্রণেতারা জানালেন যে, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা বলেন, মেগা প্রকল্প বাস্তবায়নের ওপর অতিরিক্ত জোর দেওয়া হয়নি।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের সাময়িক ৪.১৪ শতাংশ প্রবৃদ্ধি থেকে পুনরুদ্ধারের লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম আবদুল মান্নান প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ একটি কল্যাণরাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত জনগণের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ প্রশংসনীয়।

তিনি এখানে উল্লেখ করেন, বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না পাওয়ায় জনগণ স্বস্তি পেয়েছে। এটি সরকারের একটি ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন।

নারী আসন-৩১-এর সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন বলেন, খাদ্য মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের জীবন সহজ করবে।

স্বাস্থ্য খাতের বরাদ্দের প্রশংসা করে বিরোধী দলীয় সংসদ সদস্য শামসুন্নাহার বেগম (নারী আসন-৪৩) জানান, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই বরাদ্দ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সরকারি দলের সংসদ সদস্য মুনশি রফিকুল আলম (ফেনী-১) বলেন, বিগত ১৭ বছরের বাজেট ঘোষণায় অনিয়ম ও লুটপাটের অভিযোগ থাকলেও বর্তমান বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

অন্য দিকে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মিজানুর রহমান বাজেটের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন বিএনপি আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমালোচনা করলেও এখন ক্ষমতায় এসে জ্বালানি তেলের দাম বারবার বাড়িয়েছে।

বাজেট আলোচনায় সরকারি ও বিরোধী দলের আরও অনেক সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার দল ক্ষমতায়’ বলেই যুবদল নেতাকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


‘আমার দল ক্ষমতায়’ বলেই যুবদল নেতাকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

বগুড়ায় জমি নিয়ে বিরোধের কারণে সিটি করপোরেশনের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মাণে বাধা দেয়ায় এক যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। বর্তমানে আহত যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর অবস্থায়।

বগুড়ার নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতার দ্বারা যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পেটানোর সময় ছবি তোলা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় সংঘটিত হয়েছে এ ঘটনা।

আহত যুবদল নেতার নাম আইনুল শেখ। তিনি বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবেও পরিচিত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিশিন্দারা উত্তরপাড়া এলাকার জায়েদের সঙ্গে একই এলাকার নুরুন্নাহার বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই বিরোধপূর্ণ জমিতে জায়েদ বাড়ি নির্মাণের কাজ শুরু করলে নুরুন্নাহার বেগম বগুড়া সিটি করপোরেশনে একটি অভিযোগ জানিয়েছিলেন। তার পরের প্রেক্ষাপটেই গত ৯ জুন সিটি করপোরেশন নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিল। আগামী ২৪ জুন উভয় পক্ষের শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের নোটিশ উপেক্ষা করে নির্মাণকাজ চলমান রাখায় বুধবার বিকেলে অভিযোগকারী নুরুন্নাহারের ছেলে যুবদল নেতা আইনুল শেখ ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের লোকজনকে নিয়ে। তখনই জায়েদের ছেলে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আলম বাপ্পী তার লোকজন নিয়ে আইনুল শেখের ওপর হামলা করে। একপর্যায়ে তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত যুবদল নেতা আইনুল শেখ বলেন, ‘গত শুক্রবার সিটি করপোরেশন থেকে নোটিশ দিয়ে আসার পর শাহ আলম বাপ্পী আমার মা নুরুন্নাহার বেগমকে মারধর করেন। এ ঘটনার বিষয়ে ১২ জুন সদর থানায় আমি একটি লিখিত অভিযোগ দেন। এরপর বুধবার আমি সিটি করপোরেশনের লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে বাপ্পী আমার ওপর হামলা চালায়।’

মারধরের বিষয়টি স্বীকার করে বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পী বলেন, ‘আমি ৩৫টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। এখন আমার দল ক্ষমতায়। আমার জমিতে আমি বাড়ি নির্মাণ করছি। সেখানে যুবদল নেতা বাধা দিতে আসে। এ কারণেই আমি তাকে মারধর করেছি। আগামী ২৪ তারিখ সিটি করপোরেশনে শুনানি হবে। তার আগে কাজ বন্ধ করব কেন?’

এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘নিশিন্দারা উত্তরপাড়ায় জমি নিয়ে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই মারামারি শেষ হয়ে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে দুই মসজিদে আগুন দিল ইসরাইলি সেটেলাররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


পশ্চিম তীরে দুই মসজিদে আগুন দিল ইসরাইলি সেটেলাররা

অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তরে দুটি গ্রামে মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। আজ বুধবার ইসরাইলি সেটেলাররা এই তাণ্ডব চালায়। এই খবর স্থানীয় সূত্রের বরাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে একদল সেটেলার, যাদের বলা হয় অবৈধ বসতি স্থাপনকারী, অধিকৃত পশ্চিম তীরের জিলজিলিয়া গ্রামে ঢুকে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। এর ফলে নারীদের নামাজের কক্ষ পুড়ে যায় এবং ভবনের বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে। একই সময় তারা দেয়ালে হিব্রু ভাষায় লেখা স্লোগানও স্প্রে করে।

একই দিনে কাছাকাছি মাজরা আল-নুবানি গ্রামেও একটি মসজিদে আগুন দেওয়া হয় এবং সেখানে একই ধরনের লেখা স্প্রে করার কথা জানানো হয়েছে।

জিলজিলিয়া গ্রামটি সম্প্রতি একাধিক হামলার শিকার হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, এর আগের মাসে সেখানে এক হামলায় বসতকারীরা গবাদিপশু চুরি করে নিয়ে যায়।

অধিকৃত পশ্চিম তীর এলাকায় সাম্প্রতিক সময়ে ইসরাইলি বাহিনী ও বসতকারীদের হামলার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফিলিস্তিনি জনগণের দাবি, এসব হামলা তাদের ঘরবাড়ি, জমি এবং কৃষিজমিতে প্রবেশাধিকার বাধাগ্রস্ত করছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে সহিংসতায় ১ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছে, প্রায় ২৩ হাজার জনকে আটক করা হয়েছে এবং প্রায় ৩৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তবে এই ধরনের ঘটনাগুলো নিয়ে পক্ষভেদে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও অভিযোগ রয়েছে এবং পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%