১০:৫২ পি.এম
বগুড়ায় জমি নিয়ে বিরোধের কারণে সিটি করপোরেশনের নির্দেশ অমান্য করে বাড়ি নির্মাণে বাধা দেয়ায় এক যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। বর্তমানে আহত যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর অবস্থায়।
বগুড়ার নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতার দ্বারা যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পেটানোর সময় ছবি তোলা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় সংঘটিত হয়েছে এ ঘটনা।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি, তদন্ত চলছে
আহত যুবদল নেতার নাম আইনুল শেখ। তিনি বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবেও পরিচিত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিশিন্দারা উত্তরপাড়া এলাকার জায়েদের সঙ্গে একই এলাকার নুরুন্নাহার বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই বিরোধপূর্ণ জমিতে জায়েদ বাড়ি নির্মাণের কাজ শুরু করলে নুরুন্নাহার বেগম বগুড়া সিটি করপোরেশনে একটি অভিযোগ জানিয়েছিলেন। তার পরের প্রেক্ষাপটেই গত ৯ জুন সিটি করপোরেশন নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিল। আগামী ২৪ জুন উভয় পক্ষের শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের নোটিশ উপেক্ষা করে নির্মাণকাজ চলমান রাখায় বুধবার বিকেলে অভিযোগকারী নুরুন্নাহারের ছেলে যুবদল নেতা আইনুল শেখ ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের লোকজনকে নিয়ে। তখনই জায়েদের ছেলে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আলম বাপ্পী তার লোকজন নিয়ে আইনুল শেখের ওপর হামলা করে। একপর্যায়ে তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত যুবদল নেতা আইনুল শেখ বলেন, ‘গত শুক্রবার সিটি করপোরেশন থেকে নোটিশ দিয়ে আসার পর শাহ আলম বাপ্পী আমার মা নুরুন্নাহার বেগমকে মারধর করেন। এ ঘটনার বিষয়ে ১২ জুন সদর থানায় আমি একটি লিখিত অভিযোগ দেন। এরপর বুধবার আমি সিটি করপোরেশনের লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে বাপ্পী আমার ওপর হামলা চালায়।’
আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুলের বিরুদ্ধে আবারও শ্ললতা হানিসহ নানা অভিযোগ
মারধরের বিষয়টি স্বীকার করে বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পী বলেন, ‘আমি ৩৫টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। এখন আমার দল ক্ষমতায়। আমার জমিতে আমি বাড়ি নির্মাণ করছি। সেখানে যুবদল নেতা বাধা দিতে আসে। এ কারণেই আমি তাকে মারধর করেছি। আগামী ২৪ তারিখ সিটি করপোরেশনে শুনানি হবে। তার আগে কাজ বন্ধ করব কেন?’
এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘নিশিন্দারা উত্তরপাড়ায় জমি নিয়ে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই মারামারি শেষ হয়ে যায়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন