১১:২৭ এম
আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ইংল্যান্ডের তারকা ব্যাটার কেভিন পিটারসেন এবং ভারতের নারী ক্রিকেটের পথিকৃৎ আঞ্জুম চোপড়া।
শনিবার (১১ জুলাই) এডিনবরায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। নতুন তিন সদস্যকে নিয়ে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১২৫।
হল অব ফেমে জায়গা পেলেন গাঙ্গুলি, আঞ্জুম এবং পিটারসেন (বাঁ থেকে)। ছবি: এক্স
আরও পড়ুন: শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ানডেতে দেশের প্রতিনিধিত্ব করেন। টেস্টে ১৬ সেঞ্চুরিতে ৭,৭২১ এবং ওয়ানডেতে ২২ সেঞ্চুরিতে ১১,৩৬৩ রান করেন তিনি।
অধিনায়ক হিসেবে ফিক্সিং কেলেঙ্কারির পর ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যান সৌরভ। তার নেতৃত্বে ভারত ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ওঠে, ন্যাটওয়েস্ট সিরিজ জেতে এবং বিদেশের মাটিতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।
এই স্বীকৃতিকে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত উল্লেখ করে সৌরভ বলেন, 'ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় আমার নাম থাকাটা আমার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে। ভারতের প্রতিনিধিত্ব করা এবং এই খেলার বেশ কয়েকজন কিংবদন্তির সঙ্গে খেলা ছিল সৌভাগ্যের এবং এখন এভাবে স্বীকৃতি পাওয়াটা সত্যিই বিশেষ কিছু। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। আশা করি, আগামী দিনগুলোতেও এই খেলার সেবা করে যেতে পারব।'
এদিকে ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্টে ২৩ সেঞ্চুরিতে ৮,১৮১ রান করা কেভিন পিটারসেন ২০০৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের টুর্নামেন্টসেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। হল অব ফেমে জায়গা পাওয়াকে একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বীকৃতি বলে মন্তব্য করেছেন পিটারসেন।
আরও পড়ুন: সম্পর্কে নতুন মোড়: ভার্জিনিয়া ফনসেকা ভিনিকে ছেড়ে স্বামীর কাছে ফিরলেন
ভারতের নারী ক্রিকেটের অন্যতম অগ্রদূত আঞ্জুম চোপড়া ছিলেন দেশের প্রথম নারী ক্রিকেটার, যিনি ১০০ ওয়ানডে নির্বাচিত হন এবং এক হাজার রান পূর্ণ করেন। তিন সংস্করণেই ভারতকে নেতৃত্বদানকারী আঞ্জুম ১২৭ ওয়ানডেতে ২,৮৫৬ রান করেন। এই সম্মানটিকে তিনি পরিবার, কোচ ও সতীর্থদের সম্মিলিত অর্জন বলে উল্লেখ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন