০১:১৯ পি.এম
শ্রীলঙ্কার সোনাল দিনুশা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। গলে দুই ইনিংসে বড় রান করার পর কলম্বো টেস্টেও তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। কিংবদন্তি জহির আব্বাস ও এভারটন উইকসের পাশে নাম লেখাতে তিনি টানা তিন ইনিংসে ৮০ বা তার বেশি রান করেছেন।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মাঝে ২৫ বছর বয়সী দিনুশা একপ্রান্ত আগলে রাখেন। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬২ বলে তিনি ১০৩ রান করেন।
এর আগে গলে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন দিনুশা। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে ৮০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি।
আরও পড়ুন: দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
এই কীর্তিতে দিনুশার আগে ছিলেন মাত্র দুজন। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম পাঁচ ইনিংসে ৮০-এর বেশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এভারটন উইকস। তাঁর পাঁচ ইনিংসে রান ছিল যথাক্রমে ১২৮, ১৯৪, ১৬২, ১০১ ও ৯০। পরবর্তী ইনিংসে তিনি ৫৬ রান করেছিলেন।
এর প্রায় তিন দশক পর ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম তিন ইনিংসেই ৮০-এর বেশি রান করেছিলেন পাকিস্তানের জহির আব্বাস। তাঁর ইনিংসগুলো ছিল ১৭৬, ৯৬ এবং অপরাজিত ২৩৫ রানের।
প্রায় ৪৮ বছর পর সেই তালিকায় যুক্ত হলেন দিনুশা। তবে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিও শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে ফলো-অন এড়াতে সাহায্য করতে পারেনি।
ভারতের প্রথম ইনিংসে করা ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ২৯০ রানে। ফলে ফলো-অনে পড়ে চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান।
আরও পড়ুন: মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি
শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে হার এড়াতে প্রয়োজন আরও ১৩০ রান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন