ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরে নিহত তৌফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা


গাজীপুরে নিহত তৌফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা উপস্থিত হন। সেখানে তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি। এ ছাড়া, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ এম


কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ জন হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন নিয়ে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌর সুপার মার্কেটের আশপাশে সংঘটিত হয় এই ঘটনা। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন- তৈতুয়া গ্রামের মালু খার ছেলে শহিদুল খা, দক্ষিণ কসবা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া, খারপাড়া গ্রামের রাব্বি মিয়া এবং চড়নাল গ্রামের আবু তাহেরের ছেলে রাশিদুল ইসলাম রাসেল। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। বুধবার নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের ছাত্রদলের আনন্দ মিছিলে বর্তমান কসবা-আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত চারজনই সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী। তবে এ বিষয়ে সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফ্রিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ এম


যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফ্রিস

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ অর্জন করেছে ডেমোক্র্যাটরা। এই পরিবর্তনের ফলে, দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার সম্ভাবনায় রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।

নতুন কংগ্রেস অধিবেশন আগামী ৩ জানুয়ারি শুরু হবে এবং ৫৬ বছর বয়সী এই নেতা স্পিকার পদের জন্য প্রতিযোগিতা করবেন। মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পর এটি দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর পদ হিসেবে বিবেচিত হয়। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়ের কারণে, তার স্পিকার হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ওয়াশিংটনে দলের বিজয় উৎসবে তাকে ‘স্পিকার! স্পিকার!’ স্লোগানে স্বাগত জানানো হয়। এ সময় হাকিম জেফ্রিস মন্তব্য করেন, "এটি কোনো দলীয় জয় নয়, বরং দেশের জয়ের মুহূর্ত।" সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণকারী আইনজীবী জেফ্রিস ২০১৩ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হয়ে তিনি ট্রাম্প প্রশাসনের শেষ দুই বছরের মেয়াদ মোকাবিলা করার জন্য প্রস্তুত। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে অভিশংসনের মতো কঠোর পদক্ষেপের অঙ্গীকার নিয়ে ১০০ দিনের শক্তিশালী এজেন্ডা ঘোষণা করেছেন তিনি। ১৮৭০ সালে প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা আসার পর, এবার দীর্ঘ পথ পেরিয়ে কংগ্রেসের সর্বোচ্চ আসনে বসতে চলেছেন হাকিম জেফ্রিস।

সূত্র: এনবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ ইলন মাস্কের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ এম


‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ ইলন মাস্কের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার ২২৯ কোটি ৮৯ লাখ টাকা) ব্যয় করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তবে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তদন্তের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা মাস্কের ব্যবসা ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক শুধু মধ্যবর্তী নির্বাচনেই নয়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্পের জয়ের জন্য ২৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন। তিনি টেক্সাসে রিপাবলিকানদের অবস্থান ধরে রাখার জন্যও বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। টেক্সাসে তার ব্যক্তিগত বাসস্থান এবং বড় কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক তার অনুসারীদের রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। কিন্তু নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। অন্যদিকে, টেক্সাসের গভর্নর নির্বাচনে ৩০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে পরাজিত হন রিপাবলিকান গ্রেগ অ্যাবট।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর মাস্কের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে তদন্তের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রতিবেদনের জবাবে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

‘ক্যাপিটল এজেন্ডা: ডেমোক্র্যাটদের হাতুড়ি এবার ইলন মাস্কের দিকে’ শিরোনামের ওই প্রতিবেদনের জবাবে মাস্ক লেখেন, "তলোয়ার দিয়ে যে বাঁচে, তলোয়ারেই তার মৃত্যু হয়। যারা আমার সঙ্গে বিরোধে জড়াবে, তাদের বুঝতে হবে—আড়াল থেকে কারা কলকাঠি নাড়ছে, তা আমি খুঁজে বের করব এবং শুধু তাদের পুতুলদের নয়, মূল ব্যক্তিদেরও মোকাবিলা করব।"

এদিকে নির্বাচনের পর প্রাক্-বাজার লেনদেনে মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া ধীর হয়ে গেলে মাস্কের ব্যবসায় বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে স্পেসএক্সের পরিকল্পিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা ২৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সম্ভাব্য বাজারে প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে।

এর আগে ইউক্রেনের সামরিক স্যাটেলাইট যোগাযোগে সীমাবদ্ধতা আরোপ, সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব পালনকালে ব্যাপক কর্মী ছাঁটাই এবং তার প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মাস্কের সমালোচনা করেছেন।

নির্বাচনে জয়ের পর প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ট্রাম্প, তার পরিবার ও প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন, "আইনজীবী নিয়োগ করুন।" সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বে থাকা এই কমিটির সাক্ষীদের তলব, সরকারি নথি চাওয়া এবং সমন জারির মাধ্যমে সহযোগিতা আদায়ের ক্ষমতা রয়েছে। ফলে মাস্কের ব্যবসায়িক কার্যক্রমও নতুন করে কংগ্রেসের নজরদারিতে আসতে পারে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে চরম আবহাওয়ার সতর্কতা, বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ এম


সৌদি আরবে চরম আবহাওয়ার সতর্কতা, বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা

সৌদি আরব বর্তমানে একটানা প্রবল বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং মারাত্মক বন্যার আশঙ্কায় ভীতির মধ্যে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) দেশের বিভিন্ন স্থানে চরম আবহাওয়ার কঠোর সতর্কতা জারি করেছে, যা আগামী শনিবার পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সাথে সাথে ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি বেগে তাণ্ডবী হাওয়া বইতে পারে। কিছু স্থানে ভয়াবহ ঘূর্ণিঝড় (টর্নেডো) এবং সাগরে জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের প্রায় সব প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঝোড়ো বাতাসের কারণে মরুভূমির ধূলাবালি উড়ে চারপাশে ছড়িয়ে পড়তে পারে, ফলে রাস্তাঘাটে দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে চলাচলে চরম ঝুঁকি সৃষ্টি হবে।

পবিত্র মক্কা নগরী, জাজান, আসির ও আল বাহা অঞ্চলে সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মক্কার পাশাপাশি তায়েফ, আল জুমুম, বাহরাহ ও আদহামের মতো এলাকাগুলোতেও বৃষ্টির প্রভাব বেশি থাকবে।

অন্যদিকে, রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক, শিলা ও নাজরানের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেদ্দা ও রাবিগেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের ঢেউ অস্বাভাবিক উঁচু হতে পারে, এ ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। আবহাওয়া দপ্তরের মতে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়া আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এনসিএম সাধারণ জনগণ ও যানবাহন চালকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সরকারি আবহাওয়া বুলেটিন এবং এনসিএমের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বশেষ খবরের দিকে নজর রাখতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%