০৩:১৪ পি.এম
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী আকাশে জেলিফিশের আকৃতির বিশাল রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। বস্তুটি কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করেছেন একজন নারী। ফলে ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সাক্ষাৎকারে সারা জেন অসবর্ন জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় তিনি আকাশে রংধনু দেখতে পান। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরে গাছপালার ওপর একটি কালো রঙের অদ্ভুত বস্তু দেখতে পান। তার ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির দিকে ছিল।
এই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। এখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রমও পরিচালিত হয়।
আরও পড়ুন: নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিতেন নেতানিয়াহু, আত্মকথায় লিখলেন বাইডেন
অসবর্নের বর্ণনা অনুযায়ী, বস্তুটির নিচের দিকে ঝুলন্ত কয়েকটি অংশ ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। এটি স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
তিনি বলেন, প্রথমে বস্তুটিকে দেখে তার মনে হয়েছিল এটি হয়তো কোনো মশা। কিন্তু ফোনের পর্দার বাইরে তাকিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তিনি স্বামী পিটকে সেটি দেখান। পরে তিনি কয়েকটি ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন।
অসবর্ন জানান, একই সময়ে তিনি দ্রুত কয়েকটি ছবি তুলেছিলেন। ফলে বস্তুটির বিভিন্ন অবস্থানের একাধিক স্থিরচিত্রও তার কাছে রয়েছে।
বস্তুটির রং কালো ও রুপালি ছিল বলে তিনি জানান। এটি তার পরিচিত ঘুড়িগুলোর মতো উজ্জ্বল রঙের ছিল না। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে তিনি দাবি করেন। বস্তুটির নড়াচড়াও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে মিলছিল না বলে মনে হয়েছে তার।
আরও পড়ুন: আগামী সপ্তাহে বার্লিনে ইউক্রেনের মিত্রদের বৈঠক
ঘটনার পর অসবর্ন ও তার স্বামী আশপাশের একটি পার্কে যান। সেখানে কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না, তা খুঁজে দেখেন। কিন্তু তাদের চোখে কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখা যায়নি। পরে তারা আর্টিক ভ্যালির দিকে যান। প্রায় ৩০ মিনিট ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বস্তুটির কোনো সন্ধান পাননি।
অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে দূরত্বটি নিশ্চিত করা সম্ভব হয়নি। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখতে পেয়েছিলেন তারা। সেটির তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল।
তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় সেটি কতটা বড় ছিল, তা নির্ধারণ করা সম্ভব নয়। একইভাবে সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও বস্তুটির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি।
এটি ঘুড়ি, ড্রোন কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু ছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ নেই।
আরও পড়ুন: হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান
অসবর্ন নিজেও ড্রোনজাতীয় কোনো যন্ত্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে বস্তুটির অস্বাভাবিক আকার ও চলাচল তাকে এখনো ভাবিয়ে তুলছে।
ঘটনার সময় আশপাশে অন্য কেউ বস্তুটি দেখেছেন কি না, তা খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শী পাননি বলে তিনি জানান। স্বামী পাশে থাকায় নিজের দেখা নিয়ে সন্দেহ হয়নি বলেও উল্লেখ করেন অসবর্ন।
তিনি বলেন, বস্তুটি সেখানে ছিল, আবার মুহূর্তেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন