প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্যান্ডপেপার কাণ্ডের বিতর্ক আট বছর পরেও শেষ হয়নি। বরং পুরনো ক্ষত নতুন করে সামনে আসার ফলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে। উসমান খাজার অভিযোগের পর, প্যাট কামিন্সের পাল্টা বক্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নার।
২০১৮ সালের বল টেম্পারিংয়ের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন ওয়ার্নার। সাবেক ওপেনার হিসেবে তার দাবি, তদন্তের নামে নির্দিষ্ট কয়েকজনের ওপর দায় চাপানো হয়েছিল।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার লেখেন, “আমার জানা মতে, ২০১৮ সালের তদন্তে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি সেটি সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না—এমন ধারণা কিভাবে প্রতিষ্ঠা করতে পারে সিএ?”
এরপরেই কঠোর ভাষায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে আক্রমণ করেন ওয়ার্নার। ৪০ বছর বয়সী সাবেক ব্যাটারের ভাষায়, “শুরু থেকেই কাদের দায়ী করা হবে, তা ঠিক করে রেখেছিল তারা। সেই উদ্দেশ্য পূরণে দায়সারা তদন্ত চালিয়েছে। এখনো বোলাররা কিছু জানতেন না—এমন ভুল বয়ান ধরে রাখতে চায়। পুরো বিষয়টিতে ধামাচাপা দেওয়ার গন্ধ আছে।”
ওয়ার্নারের অভিযোগের জবাবে সিএ জানিয়েছে, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গত আট বছরেও নতুন তথ্য জানানোর সুযোগ ছিল তাদের। তবে তিন বোলারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট করেনি সংস্থাটি।
এর আগে খাজার পাশে দাঁড়িয়ে কামিন্সের সমালোচনা করেছিলেন ওয়ার্নার। তার অভিযোগ ছিল, সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স খাজাকে বিপদে ফেলে দিয়েছেন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার বই ‘সবর’ প্রকাশিত হওয়ার পর সেই বিতর্কে আবারো উত্তপ্ত ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন