ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষ পঁচিশের পরিচিতি প্রকাশ


বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষ পঁচিশের পরিচিতি প্রকাশ

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ২০২৭ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণ প্রকাশ করেছে।

এই সংস্করণে ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে ৫ জন রাষ্ট্র ও সামরিক নেতাকে ১ম স্থানে রাখা হয়েছে। এর ফলে র‍্যাঙ্কিংয়ে ২য় ও ৩য় স্থান বাদ দিয়ে সরাসরি ৪র্থ স্থান থেকে পরবর্তী ক্রম সাজানো হয়েছে।

তালিকার শীর্ষ পঁচিশে স্থান পাওয়া ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো: ১ম স্থান (যৌথভাবে ৫ নেতা): ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ বা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বে সম্মিলিত নিরাপত্তার নতুন বলয় তৈরির স্বীকৃতিস্বরূপ এ তিন দেশের শীর্ষ ৫ নেতাকে যৌথভাবে ১ম স্থান দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

তারা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

৪র্থ স্থান: আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

৫ম স্থান: বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। তিনি জর্ডানের বাদশাহ এবং জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬ষ্ঠ স্থান: শেখ তামিম বিন হামাদ আল-থানি। কাতারের আমির হিসেবে তিনি মধ্যপ্রাচ্যের কূটনীতি ও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের ২০২৬ সংস্করণে তিনি তালিকার ১ম স্থানে ছিলেন।

৭ম স্থান: বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। হাদিস, ফিকহ ও ইসলামী অর্থনীতির এই বৈশ্বিক স্কলার আগের সংস্করণে ২য় স্থানে ছিলেন। ৮ম স্থান: শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ। ইয়েমেনের তারিমের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশ্বজুড়ে পরিচিত আধ্যাত্মিক রাহবার।

আরও পড়ুন: হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান

৯ম স্থান: ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ এবং আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম।

১০ম স্থান: শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ। মৌরিতানিয়ার প্রখ্যাত ফকিহ এবং আন্তর্জাতিক শান্তি উদ্যোগ 'ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটিজ'-এর সভাপতি। ১১তম স্থান: গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইন আল-সিস্তানি। ইরাকের নাজাফের হাওজা আল-ইলমিয়্যার প্রধান এবং বিশ্বের শিয়া মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ বা মারজা।

১২তম স্থান: শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে তিনি আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখছেন। ১৩তম স্থান: আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৈশ্বিক ইসলামী চিন্তাধারা ও ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত।

১৪তম স্থান: বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। মরক্কোর বাদশাহ হিসেবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশটির 'আমিরুল মুমিনিন' ও ওআইসি'র আল-কুদস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ১৫তম স্থান: শেখ সালমান আল-ওদা। সৌদি আরবের প্রখ্যাত ইসলামী স্কলার, লেখক ও শিক্ষাবিদ।

আরও পড়ুন: ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ শিক্ষার্থী কুরআনের ছবক গ্রহণ করেছে

১৬তম স্থান: প্রাবোও সুবিয়ান্তো। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ১৭তম স্থান: শেখ আবদুল-মালিক আল-হুতি। ইয়েমেনের হুতি আন্দোলনের শীর্ষ নেতা। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর ভূরাজনীতিতে সাম্প্রতিক ভূমিকার কারণে তিনি আলোচনায় রয়েছেন। ১৮তম স্থান: মাওলানা মাহমুদ মাদানি। ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। ১৯তম স্থান: আমিরুল মুমিনিন শেখ আস-সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়। নাইজেরিয়ার সোকোটোর সুলতান এবং দেশটির মুসলিম সম্প্রদায়ের শীর্ষ আধ্যাত্মিক নেতা।

২০তম স্থান: অধ্যাপক ইব্রাহিম কালিন। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর পরিচালক এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্কলার।

২১তম স্থান: ইয়াহিয়া চোলিল স্তাকুফ। ইন্দোনেশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন নাহদলাতুল উলামার জেনারেল চেয়ারম্যান।

২২তম স্থান: আবদেল ফাত্তাহ আল-সিসি। মিশরের প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ও গাজা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ২৩তম স্থান: ড. আলী গোমা। মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সমসাময়িক ফিকহ ও আধ্যাত্মিক ধারার অন্যতম শীর্ষ আলেম। ২৪তম স্থান: শেখ হাবিব আলী জাইন আল-আবিদিন আল-জিফরি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক তাবাহ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ইয়েমেনের প্রখ্যাত দাঈ ও স্কলার।

আরও পড়ুন: আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি

২৫তম স্থান: শেখ হামজা ইউসুফ হ্যানসন। যুক্তরাষ্ট্রের জায়তুনা কলেজের সহ-প্রতিষ্ঠাতা এবং পশ্চিমা বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক।

বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের পর্যালোচনার পাশাপাশি ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রকাশকদের মতে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির অর্থ তার মতামত বা কর্মকাণ্ডের প্রতি অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তার প্রভাবের একটি পরিমাপমাত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার আদালতের নথিতে এই তথ্য প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হলেও শুক্রবার তা জনসমক্ষে আসে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। এই কারণে মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির মধ্যে বিরোধের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ ওয়াশিংটন আইসিসির বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই সিদ্ধান্তের ফলে শুধু আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তই বন্ধ হচ্ছে না, বরং খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী সংগঠন আইএসআইএল-খোরাসানের (আইএসকেপি) বিরুদ্ধে তদন্তও বন্ধ হচ্ছে। ২০২১ সাল থেকে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত কার্যত স্থবির হয়ে পড়েছিল।

তবে আইসিসির কৌঁসুলির দপ্তর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সকে জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ইতোমধ্যে আপিল করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পূর্বে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না।’

গত অক্টোবরের এক বিবৃতিতে রুবিও আরো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘মার্কিন নাগরিকেরা আর হুমকির মুখে না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র ধাপে ধাপে আইসিসিকে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে।’

তবে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আইসিসির এই সিদ্ধান্তের পর ওয়াশিংটন আদালতের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করবে কি না, তা স্পষ্ট নয়। যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এই আদালতের বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।

আইসিসির প্রতিষ্ঠাকালীন রোম সংবিধান অনুযায়ী, আদালতের সদস্যদেশগুলোর ভূখণ্ডে সংঘটিত নৃশংস অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার এখতিয়ার রয়েছে আদালতের।

২০০২ সাল থেকে তদন্ত শুরু

আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত ২০২০ সালে শুরু হয়। ২০০২ সাল থেকে আফগানিস্তানের সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ এই তদন্তের আওতায় ছিল।

তবে ২০২১ সালে তদন্তের দায়িত্বে থাকা আইসিসির তৎকালীন কৌঁসুলি করিম খান ঘোষণা করেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে গত বছর তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতার অংশ।

চলতি বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগে করিম খানকে আইসিসি থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি আফগানিস্তানবিষয়ক তদন্তের দায়িত্বে ছিলেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ শিক্ষার্থী কুরআনের ছবক গ্রহণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ শিক্ষার্থী কুরআনের ছবক গ্রহণ করেছে

বগুড়ার ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ জন শিক্ষার্থী পবিত্র কুরআন শরিফের ছবক গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি শনিবার (১৪ নভেম্বর) সকালে আল-কুরআন একাডেমিক স্কুলের হলরুমে আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১ জন খুদে শিক্ষার্থী পবিত্র কুরআন শরিফের ছবক গ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, ‘পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।’ তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল কাজী সুলতান শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা ও জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বীমা প্রতিষ্ঠানগুলো।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বীমা ব্রোকারেজ প্রতিষ্ঠান এনএসআই ইন্স্যুরেন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার সিকালি মন্তব্য করেছেন। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকালি উল্লেখ করেন, ‘আমরা যেসব বীমা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, তাদের কেউই এই মুহূর্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো ঝুঁকি নিতে রাজি নয়।’

অস্কার সিকালি আরো বলেন, ‘বর্তমান অচলাবস্থার মধ্যে কেউই এখন কোনো ঝুকির দায়িত্ব নিতে চাচ্ছে না। যেকোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে।’

তিনি আরও জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচলের জন্য বীমা সুরক্ষা পাওয়া সম্ভব নয়। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত এ ধরনের নৌযাত্রার ঝুঁকি নিতে কোনো বীমা প্রতিষ্ঠানই প্রস্তুত নয়।

এদিকে, গত দুই সপ্তাহে অন্তত ১২টি জাহাজে হামলা চালানোর তথ্য জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। এসব জাহাজকে ‘অবৈধ পথ’ ব্যবহারকারী হিসেবে উল্লেখ করেছে ইরান।

দেশটির কর্মকর্তারা সাধারণত হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর ক্ষেত্রে এ অভিযোগ করে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী আকাশে জেলিফিশের আকৃতির বিশাল রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। বস্তুটি কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করেছেন একজন নারী। ফলে ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সাক্ষাৎকারে সারা জেন অসবর্ন জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় তিনি আকাশে রংধনু দেখতে পান। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরে গাছপালার ওপর একটি কালো রঙের অদ্ভুত বস্তু দেখতে পান। তার ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির দিকে ছিল।

এই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। এখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রমও পরিচালিত হয়।

অসবর্নের বর্ণনা অনুযায়ী, বস্তুটির নিচের দিকে ঝুলন্ত কয়েকটি অংশ ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। এটি স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

তিনি বলেন, প্রথমে বস্তুটিকে দেখে তার মনে হয়েছিল এটি হয়তো কোনো মশা। কিন্তু ফোনের পর্দার বাইরে তাকিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তিনি স্বামী পিটকে সেটি দেখান। পরে তিনি কয়েকটি ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন।

অসবর্ন জানান, একই সময়ে তিনি দ্রুত কয়েকটি ছবি তুলেছিলেন। ফলে বস্তুটির বিভিন্ন অবস্থানের একাধিক স্থিরচিত্রও তার কাছে রয়েছে।

বস্তুটির রং কালো ও রুপালি ছিল বলে তিনি জানান। এটি তার পরিচিত ঘুড়িগুলোর মতো উজ্জ্বল রঙের ছিল না। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে তিনি দাবি করেন। বস্তুটির নড়াচড়াও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে মিলছিল না বলে মনে হয়েছে তার।

ঘটনার পর অসবর্ন ও তার স্বামী আশপাশের একটি পার্কে যান। সেখানে কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না, তা খুঁজে দেখেন। কিন্তু তাদের চোখে কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখা যায়নি। পরে তারা আর্টিক ভ্যালির দিকে যান। প্রায় ৩০ মিনিট ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বস্তুটির কোনো সন্ধান পাননি।

অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে দূরত্বটি নিশ্চিত করা সম্ভব হয়নি। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখতে পেয়েছিলেন তারা। সেটির তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল।

তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় সেটি কতটা বড় ছিল, তা নির্ধারণ করা সম্ভব নয়। একইভাবে সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও বস্তুটির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এটি ঘুড়ি, ড্রোন কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু ছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ নেই।

অসবর্ন নিজেও ড্রোনজাতীয় কোনো যন্ত্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে বস্তুটির অস্বাভাবিক আকার ও চলাচল তাকে এখনো ভাবিয়ে তুলছে।

ঘটনার সময় আশপাশে অন্য কেউ বস্তুটি দেখেছেন কি না, তা খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শী পাননি বলে তিনি জানান। স্বামী পাশে থাকায় নিজের দেখা নিয়ে সন্দেহ হয়নি বলেও উল্লেখ করেন অসবর্ন।

তিনি বলেন, বস্তুটি সেখানে ছিল, আবার মুহূর্তেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%