ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

৭ নভেম্বর: বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি


৭ নভেম্বর: বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন উল্লেখ করেছেন যে, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে শুরু হয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি ছিল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সূচনা করেছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায়

বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সেই সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতাকর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।

আলোচনাসভায় নিউইয়র্ক স্টেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জেদ্দায় বাংলাদেশ-সউদী উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা নাজির হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


জামালপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা নাজির হোসেন গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলার অভিযোগে পুলিশ নাজির হোসেন লাজু নামের এক যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগড়ী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাজির হোসেন লাজু মৃত তোতা মুসল্লির পুত্র। তিনি বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিষিদ্ধ কার্যক্রমের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাজির হোসেন লাজু যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নাশকতার মামলার অভিযোগ রয়েছে। ওই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় মন্তব্য করেন, "নাশকতার মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোট ক্যাম্পাসের হতাশা, বুটেক্সের ভবিষ্যৎ পরিকল্পনার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ছোট ক্যাম্পাসের হতাশা, বুটেক্সের ভবিষ্যৎ পরিকল্পনার দাবি

উচ্চমাধ্যমিক পেরিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাদের জন্য ক্যাম্পাস হয়ে ওঠে আগ্রহের কেন্দ্র। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ, অবকাঠামো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত। প্রতিবছর ১১টি বিভাগে প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পান। শিক্ষার্থীরা ১১ একরের এই ক্যাম্পাসে ভর্তি হন, বস্ত্র ও পোশাক শিল্পে অবদান রাখার স্বপ্ন নিয়ে। তবে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের সীমিত আয়তন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে রয়েছে নানা প্রত্যাশা ও অসন্তোষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের এসব প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে, তা নিয়ে আলোচনা চলছে।

ভর্তির আগে বুটেক্স নিয়ে ধারণা

বুটেক্সে ভর্তি হওয়ার আগে অনেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়টির পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকে না। তারা অগ্রজ শিক্ষার্থী ও ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করেন। এসব তথ্যের ভিত্তিতে অনেকে পছন্দের বিভাগ নির্বাচন করেন।

ভর্তির দিন নবীন শিক্ষার্থীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়, কারণ বুটেক্সের ভর্তি প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ অটোমেশন এখনও চালু হয়নি। নবীনদের সহযোগিতায় এগিয়ে আসেন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন থেকে নিজ নিজ বিভাগের একাডেমিক ভবনে পৌঁছানোসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে তারা সহায়তা করেন।

বুটেক্সের ৫২তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম শেফা জানান, ভর্তি হওয়ার আগে তিনি জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বিষয়ে শুনেছিলেন। তবে ভর্তি হওয়ার দিন জ্যেষ্ঠদের সহযোগিতায় সেই সম্পর্কের বাস্তব প্রমাণ পান। তাদের সহায়তায় তিনি সহজেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হন।

নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অগ্রজরা তাদের মানিয়ে নিতে সাহায্য করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের প্রাথমিক ভিত্তি তৈরি হয়।

ক্যাম্পাসের পরিবেশ ও অবসরযাপন

রাজধানীর ব্যস্ত তেজগাঁও শিল্পাঞ্চলের মধ্যে অবস্থিত বুটেক্স ক্যাম্পাসটি আয়তনে ছোট হলেও গোছানো। তবে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য ১১ একরের এই ক্যাম্পাস কতটা পর্যাপ্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একাডেমিক কার্যক্রম চলে। এর বাইরে গবেষণা ও অন্যান্য কাজে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে অতিরিক্ত সময় কাটাতে হয়। ফলে দীর্ঘ সময়ের ব্যস্ততার ফাঁকে কিছুটা নিরিবিলি পরিবেশে বসা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ।

কিন্তু ক্যাম্পাসে অবসর কাটানোর জায়গা সীমিত। ৫১তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া হোসেন বলেন, গত এক বছরের অভিজ্ঞতায় ক্যাম্পাসের আয়তন ও খোলামেলা পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট নন। ক্লাসের বাইরে সময় কাটানোর জন্য ছাত্রীদের একটি কমন রুম থাকলেও ছাত্রদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে অনেকেই মাঠের কয়েকটি বেঞ্চ কিংবা ইএসই কর্নারে বসে সময় কাটান। তার মতে, বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য এসব জায়গা পর্যাপ্ত নয়।

ক্যাম্পাসের বাইরের পরিবেশও শিক্ষার্থীদের জন্য কিছুটা অসুবিধার কারণ। তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থানের কারণে সড়কে যানবাহনের শব্দ ও ব্যস্ততা নিত্যদিনের বিষয়। মালবাহী ট্রাক থেকে অটোরিকশা—সব ধরনের যানবাহন চলাচল করায় সড়ক পারাপারেও সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের। এছাড়া ক্যাম্পাসে একটি মাত্র ক্যান্টিন থাকায় সেখানে আসনসংকট দেখা যায়। আশপাশে স্বাস্থ্যসম্মত খাবারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুপুরের খাবার নিয়েও বিপাকে পড়েন অনেক শিক্ষার্থী।

প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান

অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের ক্যাম্পাসে গেলে অনেক বুটেক্স শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগে, তাঁদের ক্যাম্পাসটিও যদি আরও বড় হতো! রাস্তার দুই পাশে সারি সারি গাছ, সবুজে ঘেরা হাঁটার পথ, বন্ধুদের সঙ্গে দীর্ঘ আড্ডা কিংবা শীতের রোদে বসে গল্প করার মতো পরিবেশ—বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে এমন স্বপ্ন থাকে অনেকেরই।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় লাইব্রেরি, জিমনেশিয়াম, ইনডোর গেমস, সুইমিং পুল, মিলনায়তন ও খেলার মাঠ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ। কোথাও কোথাও প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা ভবন ও গবেষণাগার। এসব সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের ক্যাম্পাসের তুলনা করলে বুটেক্সের সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

বুটেক্সের ৪৯তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মামিরুল ইসলাম মনে করেন, ১১ একরের ক্যাম্পাসে হাঁটাচলা ও অবসর কাটানোর জায়গা সীমিত। একই ভবনে একাধিক বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। অনেক সময় ল্যাব ক্লাসের জন্য অন্য বিভাগের ল্যাবে যেতে হয়। ক্লাস শেষে ক্যাম্পাসে কিছুটা সময় কাটানোর সুযোগও সীমিত। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কয়েক কদম হাঁটলেই বেরিয়ে যেতে হয়।

অবকাঠামোগত সংকট

বুটেক্সের ১১টি বিভাগের কার্যক্রম মূলত একটি একাডেমিক ভবনে পরিচালিত হচ্ছে। একই তলায় একাধিক বিভাগের কার্যক্রম পরিচালনা এবং পর্যাপ্ত গবেষণাগারের অভাব শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিভাগের নিজস্ব গবেষণাগার না থাকায় ব্যবহারিক ক্লাস ও গবেষণার ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী দিব্যজিত সাহার জানান, প্রতিটি বিভাগের নিজস্ব ফ্লোরে শ্রেণিকক্ষ থাকা প্রয়োজন। এতে শ্রেণিকক্ষের সংকট কমবে এবং শিক্ষকদের জন্য পৃথক কার্যালয় ও টিচার লাউঞ্জের ব্যবস্থা করা সম্ভব হবে। গবেষণাগারের ব্যবহারিক সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেই গবেষণাগার শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হয়ে ওঠে না। দক্ষ ও ধৈর্যশীল ল্যাব প্রশিক্ষক নিয়োগও জরুরি।

অন্যদিকে, ৫০তম ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শ্রেণিকক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ফলে গরমের দিনে ক্লাস করতে শিক্ষার্থীদের অসুবিধা হয়। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বোর্ডের ব্যবহার বাড়লেও বুটেক্সে এখনো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যেই পাঠদান সীমাবদ্ধ রয়েছে বলে মনে করেন তিনি।

শুধু ভবনের সংখ্যা বাড়ালেই এসব সমস্যার সমাধান হবে না বলে মনে করেন শিক্ষার্থীরা। বিভাগভিত্তিক গবেষণাগার সম্প্রসারণ, উন্নত বায়ু চলাচল ব্যবস্থা, রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা এবং আধুনিক গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।

দ্বিতীয় ক্যাম্পাসের দাবি

বর্তমান ক্যাম্পাসের আয়তন, অবস্থান ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা বিবেচনায় দীর্ঘদিন ধরে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন বুটেক্সের শিক্ষার্থীরা। তাদের মতে, টেক্সটাইল ও ম্যাটেরিয়ালস সায়েন্সের মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে আধুনিক গবেষণাগার, বিশেষায়িত ল্যাব এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা গেলে এসব সুবিধা পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত মজুমদার বলেন, দ্বিতীয় ক্যাম্পাসে আধুনিক গবেষণাগার, বিশেষায়িত ল্যাব, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণাকেন্দ্র ও উন্নত লাইব্রেরি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলাধুলার মাঠ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও সেখানে গড়ে তোলা সম্ভব হবে।

তবে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল প্রকল্প। তাই বর্তমান ক্যাম্পাসের জায়গা ও অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার, প্রয়োজনীয় ল্যাব সংস্কার এবং বিদ্যমান সুযোগ-সুবিধার উন্নয়নও জরুরি। সম্ভাব্য স্থান, অর্থায়ন, পরিবহন, আবাসন ও দুই ক্যাম্পাসের মধ্যে একাডেমিক সমন্বয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স

শিক্ষার্থীদের ক্যাম্পাস ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে বিভিন্ন গবেষণাগার সংস্কার ও আধুনিকায়নের কাজ চলছে। এডিবির অর্থায়নে এবং সিসিইপি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বুটেক্সের দক্ষিণ-পূর্ব কোণে ১৩ তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে সিসিইপি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও বিনোদনের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

উপাচার্য আরও জানান, আগামী ৫০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। এছাড়া জি এম এ জি ওসমানী হলের পাশে আবাসিক শিক্ষার্থীদের জন্য নতুন ১০ তলা ভবন এবং শিক্ষকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা ও অর্থায়ন গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

তবে সীমাবদ্ধতার মধ্যেও ছোট ক্যাম্পাসের আলাদা সৌন্দর্য রয়েছে বলে মনে করেন অনেক শিক্ষার্থী। শিক্ষক, জ্যেষ্ঠ, কনিষ্ঠ ও সহপাঠীদের সঙ্গে প্রতিদিন দেখা হওয়ায় সবার মধ্যে পরিচিতি ও আন্তরিকতা তৈরি হয়। ছোট পরিসরের কারণে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগও তুলনামূলক সহজ। বিস্তৃতির অভাব থাকলেও এই সম্পর্ক ও মেলবন্ধন বুটেক্সের অন্যতম শক্তি।

শিক্ষার্থীদের প্রত্যাশা, একদিন বুটেক্স একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। প্রতিটি বিভাগের জন্য আলাদা ভবন ও আধুনিক গবেষণাগার, বিস্তৃত খেলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবকাঠামো এবং পর্যাপ্ত আবাসিক সুবিধা থাকবে সেখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, "নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত।" তিনি উল্লেখ করেন, বারবার অপশক্তির মুখোমুখি হলেও বাংলাদেশ লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, "বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেওয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে নতুন নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে নতুন নির্দেশনা জারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ এবং চলাচল নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ এবং চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনও ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি চালানোর অধিকার রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%