০২:২৯ পি.এম
কুড়িগ্রাম, ১৪ নভেম্বর ২০২৬ : জেলার রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ‘সুখেরবাতি’ গ্রামটি ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনের কারণে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত দেড় বছরের অব্যাহত ভাঙনের ফলে গ্রামটির প্রায় ৪০০ পরিবার তাদের বসতভিটা হারাতে বাধ্য হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় দুই হাজার একর ফসলি জমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদের তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়া ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন অসহায় মানুষ। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার অন্য গ্রামে চলে গেছেন। কেউ কেউ বাধ্য হয়ে সড়ক ও বাঁধের ঢালে অস্থায়ী বসতি গড়েছেন। অনেক কৃষক তাদের শেষ সম্বল রক্ষার জন্য আধাপাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভাঙন রোধে অতীতে কিছু অপরিকল্পিত জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো উপকারে আসেনি।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান মিন্টুর
চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গত দেড় বছরে চারশো পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাসসকে বলেন, শুকনো মৌসুমে ভাঙন রোধে জরুরি কাজের জন্য কোনো বরাদ্দ নেই। তবে সুখেরবাতি গ্রামসহ রৌমারী উপজেলায় প্রায় ৬১০ কোটি টাকার প্রায় ১৬.৩০৫ কিলোমিটার দীর্ঘ স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে দ্রুত কাজ শুরু করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন