ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রুবিওর আন্তর্জাতিক আইন ও আইসিসির বিরুদ্ধে কঠোর সমালোচনা


রুবিওর আন্তর্জাতিক আইন ও আইসিসির বিরুদ্ধে কঠোর সমালোচনা

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক আইনকে নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেছেন। তিনি আন্তর্জাতিক আইনকে ক্ষমতাধর অভিজাতদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার, আইসিসিকে সতর্ক করে রুবিও বলেন, ‘তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করার’ পরিণতি ভালো হবে না। তার অভিযোগ, হেগভিত্তিক এই আদালত এমন কিছু আইন ও বিধিবিধান কার্যকর করার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে সুখেরবাতি গ্রামের সুখ কেড়ে নিয়েছে

ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে আদালতটির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার কথাও বলেছিল ওয়াশিংটন।

আইসিসি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ ও নৃশংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে। যখন কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন এই আদালত শেষ ভরসা হিসেবে কাজ করে।

আইসিসি প্রতিষ্ঠার ভিত্তি রোম সংবিধিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও চুক্তিটি কখনো অনুসমর্থন করেনি। ইসরাইল, রাশিয়া ও চীনও আইসিসির সদস্য নয়।

রক্ষণশীল রাজনৈতিক ও আইনজীবী সংগঠন ফেডারেলিস্ট সোসাইটির এই সম্মেলনে রুবিওর মূল বক্তব্যের সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। চলতি মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে দেওয়া এটিই ছিল তার প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য।

আরও পড়ুন: হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইন বিস্ফোরণে আগুন

রুবিও বলেন, ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করা পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে ব্যবহার করা হয়েছে।

তার অভিযোগ, আন্তর্জাতিক আইন নিরপেক্ষ কোনো ব্যবস্থা নয়; বরং বৈশ্বিক ক্ষমতাধর অভিজাতরা নিজেদের স্বার্থ এগিয়ে নিতে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেছিলেন, ওয়াশিংটন আইসিসির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করবে। তিনি আদালতটিকে ‘বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন আদালত’ বলেও অভিহিত করেছিলেন। আইসিসির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের অবস্থানেরই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গাজায় সংঘটিত কথিত অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আইসিসির ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। আদালতটির কার্যক্রম বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান মিন্টুর

শুক্রবারও আইসিসির সমালোচনা করে রুবিও বলেন, আদালতটি কারও কাছে জবাবদিহি করে না। অথচ তাদের হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত, বিচার, হয়রানি এবং কারাগারে পাঠানোর ক্ষমতা রয়েছে—এমন সব আইনের ভিত্তিতে, যেগুলোতে যুক্তরাষ্ট্র সম্মতি দেয়নি এবং যেগুলো নিয়ন্ত্রণের ক্ষমতাও তাদের নেই।

তিনি আরও বলেন, ‘তারা যদি এতটাই নির্বোধ হয় যে তাদের কাগুজে আদেশ আমেরিকানদের ওপর কার্যকর করার চেষ্টা করে, তাহলে আমাদের জবাব সম্ভবত রোমান সেনাপতি পম্পেইর সেই কথার মতোই হবে। একসময় তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে নগরীর আইন ও সনদের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।’

পম্পেই তখন বলেছিলেন, ‘তরবারিধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করো।’

আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সম্মেলনে রুবিওর বক্তব্য দেওয়া তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি পররাষ্ট্রনীতির দায়িত্বের বাইরেও নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার কথা ভাবছেন। অতীতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থীরা এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন: আইনমন্ত্রীর কাছে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি

রুবিওকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে তিনি প্রশাসন ছাড়ার পরিকল্পনা করছেন—এমন খবর আগেই নাকচ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল ৫ ঘণ্টা পর স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল ৫ ঘণ্টা পর স্বাভাবিক

ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতির কারণে বন্ধ থাকা চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাস পাওয়ার পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ফেরির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এই ঘটনায় তরিকুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হন।

এ ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌপুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাস্টার মোশাররফ হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের দাবি ছিল, মাস্টারকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘোষণা করেন, তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না।

এদিকে, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। পরে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হলে ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে।

বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব জানান, তাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে, আজকের মধ্যে মাস্টারকে ফিরিয়ে দেবেন। তার আশ্বাসে আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করা হবে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান মিন্টুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


বর্জ্য ব্যবস্থাপনাকে জলবায়ু কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান মিন্টুর

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনাকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টায় বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনঃব্যবহারকে মূলধারায় নিয়ে আসা প্রয়োজন।

শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-এর ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিন্টু বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; বরং জলবায়ু সহনশীলতা জোরদার, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি গুরুত্বারোপ করেন যে, এ খাতে কার্যকর পরিবর্তন আনতে আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি উপকরণ ও সম্পদ ব্যবহার করা হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের আওতায় আসে।

এ বিশাল ব্যবধান উৎপাদন ও ভোগের ধরনে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে এবং মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বৃত্তাকার অর্থনীতি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। বন্যার সময় পানি নিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো প্রথম দিকেই ক্ষতিগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকার ওপর।

তাহলে বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কোনো পৃথক কর্মসূচি নয়, বরং জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ।

মন্ত্রী জানান, বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং তা উৎসাহিত করতে বাংলাদেশ ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামো তৈরি করা হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তর জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করেছে।

এ উদ্যোগ পরিবেশসম্মত ও অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ভবিষ্যতের জন্য বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে।

এ লক্ষ্যে কঠিন বর্জ্য, চিকিৎসাবর্জ্য, বস্ত্রবর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পৃথকীকরণ ও পুনরুদ্ধারে সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মিন্টু বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে জলবায়ু সহনশীলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো অপরিহার্য। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে টেকসই বা জলবায়ু সহনশীল অবকাঠামো বলা যায় না।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে মন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, এ অংশীদারত্বের প্রাথমিক লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন। তবে সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

এ লক্ষ্যে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এ ব্যবস্থা প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন, একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো প্রাথমিক পর্যায়েই চিহ্নিত ও সমাধানে সহায়তা করবে।

মন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি নিয়ে চলমান আলোচনায় পণ্যের তালিকা এবং উদ্বেগজনক রাসায়নিক উপাদানের বিষয়গুলো ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

ভবিষ্যতের বৈশ্বিক সিদ্ধান্তের জন্য প্রস্তুতি হিসেবে সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্যের তালিকায় বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিও এ দিকেই এগোচ্ছে বলে তিনি জানান।

বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ সহায়তায় বিশ্বব্যাপী যেমন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করা হয়েছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনার জন্যও একটি পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, এ ধরনের ব্যবস্থায় প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং এরপর সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন এবং বৃত্তাকার অর্থনীতির অগ্রগতির জন্য বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন ও কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এ উচ্চপর্যায়ের আলোচনায় বৃত্তাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড আলোচনা সঞ্চালনা করেন।

এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইন বিস্ফোরণে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইন বিস্ফোরণে আগুন

হরমুজ প্রণালিতে গত কয়েক ঘণ্টার মধ্যে অন্তত চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দ্বারা নিশ্চিত করা হয়েছে। এই জাহাজগুলোর মধ্যে একটি সুপারট্যাংকারও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে দেশটির অনুমতি গ্রহণ করতে হবে।

সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম বা তাদের পতাকাবাহী দেশের বিষয়ে কোনো বিশদ তথ্য প্রদান করেনি। তবে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে আঘাতপ্রাপ্ত জাহাজগুলোর মধ্যে একটি ছিল সুপারট্যাংকার।

চলতি সপ্তাহে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের দাবিগুলো মেনে নেয়, তবে কেবল তখনই প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে।

ইরানের এই দাবিগুলোর সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) দাবিগুলোর মধ্যে ব্যাপক মিল রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে সুখেরবাতি গ্রামের সুখ কেড়ে নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে সুখেরবাতি গ্রামের সুখ কেড়ে নিয়েছে

কুড়িগ্রাম, ১৪ নভেম্বর ২০২৬ : জেলার রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ‘সুখেরবাতি’ গ্রামটি ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনের কারণে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত দেড় বছরের অব্যাহত ভাঙনের ফলে গ্রামটির প্রায় ৪০০ পরিবার তাদের বসতভিটা হারাতে বাধ্য হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় দুই হাজার একর ফসলি জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদের তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়া ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন অসহায় মানুষ। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার অন্য গ্রামে চলে গেছেন। কেউ কেউ বাধ্য হয়ে সড়ক ও বাঁধের ঢালে অস্থায়ী বসতি গড়েছেন। অনেক কৃষক তাদের শেষ সম্বল রক্ষার জন্য আধাপাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভাঙন রোধে অতীতে কিছু অপরিকল্পিত জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো উপকারে আসেনি।

চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গত দেড় বছরে চারশো পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাসসকে বলেন, শুকনো মৌসুমে ভাঙন রোধে জরুরি কাজের জন্য কোনো বরাদ্দ নেই। তবে সুখেরবাতি গ্রামসহ রৌমারী উপজেলায় প্রায় ৬১০ কোটি টাকার প্রায় ১৬.৩০৫ কিলোমিটার দীর্ঘ স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে দ্রুত কাজ শুরু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%